PNR শেয়ার করবেন না সোশ্যাল মিডিয়ায়, পড়তে পারেন বিপদে
এক্স হ্যান্ডেলে ব্যক্তিগত মেসেজে তিনি সেই পিএনআর নম্বর পাঠিয়েছিলেন ইন্ডিগোর প্রতিনিধি বলে পরিচয় দেওয়া এক জনকে। এর পই তাঁর টিকিট ক্যানসেল হয়ে যায়। ইন্ডিগো জানায়, তিনিই টিকিট ক্যানসেল করেছেন। উড়ান সংস্থা কোনও টিকিট বাতিল করেনি। তা শুনে অবাক হন ওই তথ্য প্রযুক্তি কর্মী।

নয়াদিল্লি: পিএনআর (PNR) নম্বর ব্যবহার করে জালিয়াতির অভিযোগ উঠল। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই যাত্রীদের সতর্ক করেছে ইন্ডিগো এয়ারলাইন্স। তারা যাত্রীদের সতর্ক করেছে, পাবলিক ফোরামে পিএনআর নম্বর শেয়ার না করতে। জানা গিয়েছে, পিএনআর নম্বর ব্যবহার করে যাত্রীদের নাম, ফোন নম্বর বের করে ফেলছে জালিয়াতরা। তা ব্যবহার করেই চলছে জালিয়াতি।
সম্প্রতি নয়ডায় তথ্যপ্রযুক্তিতে কর্মরত এক যুবক ইন্ডিগোর বিমানের আটটি টিকিট কিনেছিলেন ৭২ হাজার ৬০০ টাকায়। এক্স হ্যান্ডেলে ব্যক্তিগত মেসেজে তিনি সেই পিএনআর নম্বর পাঠিয়েছিলেন ইন্ডিগোর প্রতিনিধি বলে পরিচয় দেওয়া এক জনকে। এর পই তাঁর টিকিট ক্যানসেল হয়ে যায়। ইন্ডিগো জানায়, তিনিই টিকিট ক্যানসেল করেছেন। উড়ান সংস্থা কোনও টিকিট বাতিল করেনি। তা শুনে অবাক হন ওই তথ্য প্রযুক্তি কর্মী। টিকিট ক্যানসেল করে জালিয়াতরা টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ।
এই ঘটনার পর তদন্ত করে এয়ারলাইন্স সংস্থা। সেখানেই উঠে আসে জালিয়াতির কথা। এর পরই গোটা বিষয় নিয়ে সতর্ক বার্তা দিয়েছে ইন্ডিগো। মাসখানেক আগে বেঙ্গালুরুর এক মহিলার সঙ্গেও এ ধরনের ঘটনা ঘটেছিল বলে জানা গিয়েছে। তার টিকিট ক্যানসেল করে ১৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
