AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Winter Update: শীতের মরণদশা! পাহাড়ে বরফ পড়বে বেশি, সমতলে ঠান্ডা পড়বে কম! দায়ী এল নিনো?

Winter Weather Forecast: ঘূর্ণিঝড় আকভানের রেশ পুরোপুরি কাটিয়ে জোর বাড়ছে উত্তুরে-পশ্চিমী হাওয়ার। চলতি সপ্তাহের শেষে ১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। সবচেয়ে বড় কথা, আগামী ১০ দিনে বৃষ্টিবাদলার বিন্দুমাত্র আশঙ্কা নেই।

Winter Update: শীতের মরণদশা! পাহাড়ে বরফ পড়বে বেশি, সমতলে ঠান্ডা পড়বে কম! দায়ী এল নিনো?
শীতের আপডেটImage Credit: PTI
| Edited By: | Updated on: Nov 24, 2026 | 10:26 PM
Share

শীতের মরণদশা! প্রায় গোটা নভেম্বর কাটিয়ে কেঠো সারসত্যটা বুঝে গিয়েছেন বঙ্গবাসী। অগ্রহায়ণ হাজির, ঠান্ডা আমেজ কই? আন্তর্জাতিক সংস্থা আইসিআইএমওডি-র পূর্বাভাসে আরও দুঃসংবাদ। আপাতত ক’দিন তাপমাত্রা কমবে ঠিকই, কিন্তু সার্বিক ভাবে শীতের ভবিষ্যত্‍ একেবারেই ভালো নয়। এবার মরশুম জুড়েই খোঁড়াতে পারে শীত, ইঙ্গিত হিন্দুকুশ হিমালয় নিয়ে কাজ করা বিজ্ঞানীদের। পূর্বাভাসে এমন কথাও বলা হয়েছে, যাতে আকাশ থেকে পড়তে পারেন আমজনতা! বলা হয়েছে, হিমালয়ের পাহাড়ে বরফ পড়বে বেশি, কিন্তু সমতলে ঠান্ডা পড়বে কম। এমন কেন? ঠিক কী বলেছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট?

স্বাভাবিকের থেকে বেশি পশ্চিমী ঝঞ্ঝা

ঠান্ডার মরশুমের শুরুতেই নজর দেওয়া যাক। এ বছর অনেক আগে, সেপ্টেম্বর-শেষেই তুষারপাত শুরু হয়েছে দেশে। অক্টোবর-নভেম্বর মিলিয়ে বেশ কয়েক দফায় পুরু বরফ পড়েছে কাশ্মীর-হিমাচল-উত্তরাখণ্ড, এমনকী সিকিম-সন্দাকফুতেও। সেই বরফছোঁয়া হাওয়ার কতটুকুই বা পৌঁছল সমতলে? পৌঁছয়নি, কারণ ৩ সপ্তাহের মধ্যে ৩ ঘূর্ণিঝড়।

উত্তুরে-পশ্চিমী বাতাস শক্তিশালী হওয়ার সুযোগই পায়নি। শীতের মূল মরশুমে কী হতে পারে? আইসিআইএমওডি-র অভিমত, এ বছর স্বাভাবিকের বেশি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে। তার জেরেই পশ্চিম হিমালয়ে বেশি তুষারপাত হতে পারে। ঘনঘন তুষারপাতের জেরে তুষারধস, হড়পা বানের আশঙ্কাও করছে আইসিআইএমওডি। বিজ্ঞানীদের দাবি, অনেক সময়ই এল নিনো বছরে পশ্চিমী ঝঞ্ঝা বেশি আসে। সংখ্যাও বেশি, তীব্রতাও বেশি হয়।

সমতলে ফাঁড়া!

একই কারণে সমতলে ফাঁড়া! সমতলে জাঁকিয়ে শীতের জন্য দুটো পশ্চিমী ঝঞ্ঝার মধ্যে সময়ের পর্যাপ্ত ফারাক থাকা দরকার। গায়ে গায়ে ঝঞ্ঝা এলে, তুষারছোঁয়া শুকনো বাতাস অবাধে বয়ে যাওয়ার সুযোগ পায় না। কারণ, ঝঞ্ঝার নিয়মিত উপস্থিতি মানেই উত্তর ভারতের সমতলে জলীয় বাষ্পের প্রাচুর্য, শুকনো কনকনে হওয়ার অভাব! উত্তর-পশ্চিম ভারত থেকেই তো হিমেল হাওয়া আসে বাংলায়। জোগান কম মানে আমদানিও কম হওয়ার আশঙ্কা।

আইসিআইএমওডি-র পূর্বাভাস, উত্তরপ্রদেশ, বিহার ছাড়া বেশিরভাগ ভাগ রাজ্যেই শীতের দাপট কম থাকবে। তাপমাত্রার গড় স্বাভাবিকের চেয়ে বেশি থাকার আশঙ্কা। মোদ্দা কথা, জাঁকিয়ে শীত, একটানা শীতের আশা এবার কমই।

২০২২ সালেও এমনটা হয়নি

কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। ‘মর্নিং’ অবশ্য ভালো ইঙ্গিত দেয়নি। ২৪ নভেম্বর হয়ে গেল, কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামেনি। ২০১১, ২০১২, এমনকী ২০২২ সালেও কলকাতার তাপমাত্রা অক্টোবরেই কুড়ির নীচে নেমে গিয়েছিল। গত তিন বছরেও পারদপতনে এতটা দেরি হয়নি। শীতের দাপট কম পশ্চিমাঞ্চলেও। তবে বঞ্চনা কাটতে চলেছে।

ঘূর্ণিঝড় আকভানের রেশ পুরোপুরি কাটিয়ে জোর বাড়ছে উত্তুরে-পশ্চিমী হাওয়ার। চলতি সপ্তাহের শেষে ১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। সবচেয়ে বড় কথা, আগামী ১০ দিনে বৃষ্টিবাদলার বিন্দুমাত্র আশঙ্কা নেই। নভেম্বর-শেষে আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত সৃষ্টির পূর্বাভাস। সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়ালেও তার প্রভাব বাংলায় পড়ার ইঙ্গিত এখনও নেই।

নভেম্বর-শেষে শীত নিয়ে আভাস দেবে মৌসম ভবন। শীতের মরণদশার ইঙ্গিতই কি আসবে?

Follow Us