Bigg Boss Bangla: হাতে হাত, চোখে চোখ! অবশেষে জীতুকে ‘আই লাভ ইউ’ বললেন সৃজলা? তোলপাড় নেটপাড়া
Jeetu, Srijla: সৃজলার হাতে হাত রেখে জীতুর নাছোড়বান্দা আবদার, আর তারপরই ক্লোজ শটে শোনা গেল সেই কাঙ্ক্ষিত উত্তর! স্টার জলসার নতুন প্রোমো ভিডিয়ো ঘিরে তোলপাড় নেটদুনিয়া। বিগ বসের ঘরে কি তবে সত্যিই নতুন প্রেমের শুরু হল?

বিগ বসের ঘরে কি তবে সত্যিই প্রেমের বসন্ত এসে গেল? নাকি পুরোটাই চ্যানেলের দারুণ এডিটিংয়ের কারসাজি? স্টার জলসার সাম্প্রতিক একটি রিল প্রকাশ্যে আসতেই এখন এই একটাই প্রশ্নে তোলপাড় নেটদুনিয়া। চর্চার কেন্দ্রে সেই চেনা জুটি- জীতু আর সৃজলা।
কী ঘটেছে বিগ বসের ঘরে?
ভিডিয়োর শুরুতেই দেখা যাচ্ছে, জীতু বেশ রোম্যান্টিক মেজাজে সৃজলার হাতের আঙুলের ফাঁকে নিজের আঙুল জড়িয়ে ধরেছেন। আর তারপরেই শুরু তাঁর নাছোড়বান্দা আবদার। সৃজলার দিকে তাকিয়ে বারবার তিনি বলে চলেছেন, “তুমি আমাকে ছুঁয়ে বলো সত্যি না মিথ্যে!” একবার নয়, বারবার “বলো, বলো” করে সৃজলাকে রীতিমতো জেরবার করে তুললেন জীতু। কিন্তু ওদিকে সৃজলা তখন একেবারে স্পিকটি নট! একটা শব্দও খরচ করছেন না। শেষমেশ আর ধৈর্য ধরে রাখতে না পেরে কিছুটা অধৈর্য হয়েই জীতু বলে ওঠেন, “আরে বলবে তো রে ভাই!”
এর ঠিক পরের মুহূর্তেই আসল চমক। ক্যামেরার ক্লোজ শটে দেখা যাচ্ছে, সৃজলা জীতুর উদ্দেশে বলছেন- “আই লাভ ইউ!”
ব্যস! এইটুকু ঝলক সামনে আসতেই সোশাল মিডিয়ায় ঝড় বয়ে গিয়েছে। দর্শকদের মধ্যে রীতিমতো দু’টো দল তৈরি হয়ে গিয়েছে। একদল তো ইতিমধ্যেই ধরে নিয়েছেন, বিগ বসের অন্দরমহলে নতুন এক প্রেমের গল্পের শুরু হল বলে। জীতুর দীর্ঘদিনের চেষ্টায় অবশেষে বরফ গলেছে বলেই তাঁদের দাবি।
তবে অন্য দলের নেটিজেনরা এত সহজে চিঁড়ে ভেজার পাত্র নন। তাঁদের মতে, পুরোটাই নাকি প্রোমো কাটার চমক! অনেকেই কমেন্ট বক্সে দাবি করছেন, এটি এডিট করে কোনওভাবে বসানো হয়েছে। আদতে সৃজলা মোটেও “আই লাভ ইউ” বলেননি বা জীতুর প্রশ্নের কোনও জবাব দেননি। পুরোটাই দর্শকদের উত্তেজনা বাড়ানোর কৌশল।
অবশ্য জীতু যে সৃজলার মন পেতে কোনও খামতি রাখেননি, তা দর্শকরা এতদিনে ভালোই জেনে গিয়েছেন। এর আগে কখনও আকাশ-বাতাস সাক্ষী রেখে নিজের ভালোবাসার কথা জানিয়েছেন, আবার কখনও সৃজলার কানে কানে ফিসফিস করে বলেছেন “আই লাভ ইউ”। এমনকী, চিঠি লিখেও প্রেমের প্রস্তাব দিয়েছেন তিনি। এত চেষ্টার পর এবার কি তবে সত্যিই জীতুর ডাকে সাড়া দিলেন সৃজলা? নাকি পুরোটাই স্রেফ চোখের ভুল? সমস্ত জল্পনার অবসান হবে আজকের এপিসোডেই।
