Election Commission of India: প্রতিটা বুথে দেওয়া হবে নাম বাদ পড়া ভোটারদের তালিকা, কীভাবে নাম তুলতে হবে, তাও সুপ্রিম কোর্টে জানাল কমিশন

ECI in Supreme Court: যারা রাজ্যের মধ্যেই স্থানান্তরিত হয়েছেন এবং ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে, তাদের আর ফর্ম-৮ (স্থানান্তরিতদের জন্য ফর্ম) জমা করার দরকার নেই। কমিশন জানিয়েছে, তারা এনুমারেশন ফর্মের সঙ্গে অ্যানেক্সার-সি জমা দেবেন, যেখানে নতুন ঠিকানা ও বিধানসভা উল্লেখ থাকবে।

Election Commission of India: প্রতিটা বুথে দেওয়া হবে নাম বাদ পড়া ভোটারদের তালিকা, কীভাবে নাম তুলতে হবে, তাও সুপ্রিম কোর্টে জানাল কমিশন
সুপ্রিম কোর্টে হলফনামা দিল নির্বাচন কমিশন।Image Credit source: TV9 বাংলা

|

Nov 15, 2026 | 10:25 AM

নয়া দিল্লি: যে সকল ভোটারদের নাম ভুলবশত বাদ পড়েছে, তাদের ভোটার তালিকায় নাম তোলার সুযোগ। ফর্ম-৮ নিয়েও বড় খবর। জাতীয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জানাল, যে ভোটাররা রাজ্যের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন, তাদের আর আলাদা করে ফর্ম-৮ জমা দেওয়ার দরকার নেই।

শনিবার, ১৪ নভেম্বর সুপ্রিম কোর্টে সাপ্লিমেন্টারি এফিডেভিট বা হলফনামা জমা দেয় জাতীয় নির্বাচন কমিশন। সেই হলফনামাতেই জানানো হয় যে ভোটারদের যাদের নাম ভুলবশত ‘অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা ডুপ্লিকেট ভোটার’ হিসাবে চিহ্নিত হয়ে বাদ পড়েছে, তাদের নাম আবার তোলার জন্য পদক্ষেপ করা হচ্ছে।

“ভোট দেওয়ার যোগ্য প্রত্যেক নাগরিকের নাম যাতে ভোটার তালিকায় থাকে, তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়ে কমিশন সম্পূর্ণ সচেতন,” শীর্ষ আদালতে এই কথা বলে সাধারণ মানুষকে আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন।

রাজ্যগুলিকে নির্দেশ-

নির্বাচন কমিশন জানিয়েছে, গত ৬ নভেম্বর নির্দেশিকা জারি করা হয়েছে। যে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআর হয়েছে বা চলছে, সেখানের মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officers)-দের নির্দেশ দেওয়া হয়েছে যে নাম বাদ পড়া ভোটারদের এনুমারেশন ফর্ম (অ্যানেক্সার এ) পূরণ করে ইআরও (ERO) বা এইআরও (AERO)-র কাছে জমা দিতে।

নির্বাচন কমিশনের হলফনামায় বলা হয়েছে, “ভোটাররা যারা স্থানান্তরিত হননি, তাদের স্বাক্ষর করা এনুমারেশন ফর্ম (অ্যানেক্সার-এ)-র সঙ্গে অ্য়ানেক্সার-বি জমা দিতে হবে। সেখানে জানাতে হবে যে আগেরবার তিনি কেন এনুমারেশন ফর্ম জমা করেননি। বিএলও, ইআরও বা এইআরও-র কাছে এই ফর্ম জমা করতে পারবেন। এছাড়া ইসিআইনেট (ECINET)-এ অনলাইনেও ই-সাইন করে এই ফর্ম জমা করা যাবে।”

যারা রাজ্যের মধ্যেই স্থানান্তরিত হয়েছেন এবং ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে, তাদের আর ফর্ম-৮ (স্থানান্তরিতদের জন্য ফর্ম) জমা করার দরকার নেই। কমিশন জানিয়েছে, তারা এনুমারেশন ফর্মের সঙ্গে অ্যানেক্সার-সি জমা দেবেন, যেখানে নতুন ঠিকানা ও বিধানসভা উল্লেখ থাকবে। সঙ্গে ঠিকানার প্রমাণপত্রও জমা দিতে হবে ইআরও বা এইআরও-র কাছে। এছাড়া বিএলও-র কাছেও জমা দেওয়া যাবে এই ফর্ম।

নাম বাদ যাওয়া ভোটারদের তালিকা-

সুপ্রিম কোর্টে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে যে নাম বাদ যাওয়া ভোটারদের বুথ ভিত্তিক তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকায় নাম বাদ পড়ার সম্ভাব্য কারণও উল্লেখ করা থাকবে। নাম বাদ যাওয়া ভোটাররা এনুমারেশন ফর্ম জমা দিলে, ইআরও-রা সেই ফর্ম যাচাই করবেন। বৈধ ভোটারদের আগে যে এপিক নম্বর (EPIC number) ছিল, সেই নম্বর-ই দেওয়া হবে।

খসড়া তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটাররা, যারা ইতিমধ্যেই ফর্ম-৬ জমা দিয়েছেন, তাদের আর নতুন করে এনুমারেশন ফর্ম জমা দিতে হবে না। তাদের আবেদন প্রসেস করা হবে।

সুপ্রিম কোর্টে মামলাকারী সমাজকর্মী অঞ্জলি ভরদ্বাজের হয়ে আইনজীবী প্রশান্ত ভূষণ ও নেহা রাঠি এবং শৈলেন্দ্র মণি ত্রিপাঠীর হয়ে আইনজীবী চাঁদ কুরেশি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে খসড়া ভোটার তালিকায় নাম না থাকা আগে থেকেই রেজিস্টার্ড ভোটারদেরও নাম ফের অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচন কমিশন ফর্ম-৬ (Form 6) জমা দিতে বাধ্য করছে। অথচ ফর্ম-৬ মূলত নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য ব্যবহৃত হয়। তাঁদের দাবি ছিল, এভাবে মিথ্যা ঘোষণাপত্র দিলে, তা জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০ (Representation of the People Act, 1950)-এর ৩১ নম্বর ধারায় ফৌজদারি মামলা হতে পারে।

এর জবাবে নির্বাচন কমিশন জানিয়েছে, “এমন একটি ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করলে, কোনও ভোটারই চূড়ান্ত ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করার সুযোগ থেকে বঞ্চিত না হন। একই সঙ্গে ভোটার তালিকায় একই ব্যক্তির নাম একাধিকবার যাতে নথিভুক্ত না হয়, সেদিকেও যথাযথ নজর রাখা হবে।”

কমিশন আরও জানিয়েছে, ২ নভেম্বর নতুন ডেপুটি নির্বাচন কমিশনার (DEC) দায়িত্ব নেওয়ার পর ৪ নভেম্বর নতুন একটি কাজের পদ্ধতি (Work Order) জারি করা হয়। এই ৪ নভেম্বরের নির্দেশে ২৩ সেপ্টেম্বরের কাজে আংশিক পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে নির্বাচন কমিশনের আইটি বিভাগের কাজকর্ম তদারকির দায়িত্ব একজন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনারের হাতে দেওয়া হয়েছে।

বর্তমান ব্যবস্থায়, তথ্য প্রযুক্তি বিভাগের ডিজি সংশ্লিষ্ট ফাইলগুলি সিনিয়র ডিইসি-র মাধ্যমে নির্বাচন কমিশনের সামনে পেশ করবেন।

সম্প্রতি এই বিষয়টি নিয়ে বিতর্ক ও সংবাদমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। অভিযোগ উঠেছিল, ডিজি ডিআইসি-এর তদারকির স্তর এড়িয়ে সরাসরি নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট করছিলেন। দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী এই বিষয়ে আপত্তি জানিয়েছিলেন।

এছাড়াও নির্বাচন কমিশনের আইটি বিভাগ এবং কেন্দ্রীয় সফটওয়্যার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। অভিযোগ ছিল, মাঠপর্যায়ে ইআরও (ERO)-রা যে সিদ্ধান্ত নিচ্ছেন, কেন্দ্রীয় সফটওয়্যার তার উপর প্রভাব ফেলছে বা সেই সিদ্ধান্তকে অগ্রাহ্য করছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us