Bhutan News: বাজছে সাইরেন, লেক ফেটে জল নামছে হুড়মুড়িয়ে! নেপাল বিপর্যয়ের পুনরাবৃত্তি ভুটানে? সতর্কতা জারি আলিপুরদুয়ারেও
Glacial Lake Outburst Warning in Bhutan: পাশাপাশি, ভুটানের পুনাসাংচুতেও জারি হয়েছে সতর্কতা। হঠাৎ জলস্তর বেড়ে গেলে পুনাসাংচু জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ভারত ও ভুটানের যৌথ উদ্যোগে এই জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছে। পুনাসাংচু নদীই বাংলা ও অসমে সঙ্কোশ নামে প্রবেশ করেছে। ফলে ভুটানের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

থিম্পু: ফের হিমবাহের লেক (Bhutan Glacial Lake Outburst)ফেটে বিপর্যয়ের আশঙ্কা। তিব্বত লাগোয়া ভুটানে (Bhutan) জারি করা হয়েছে বন্যা সতর্কতা। ভুটানের শিনটাফু লেক ফেটে হুড়মুড়িয়ে জল নেমে আসছে। আশঙ্কা, লেক থেকে প্রায় ৭৪ লক্ষ ঘনমিটার জল বেরিয়ে আসতে পারে। পরিস্থিতির কথা মাথায় রেখে মো নদীর তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বিপদ বার্তা দিতে বাজানো হচ্ছে সাইরেন।
পাশাপাশি, ভুটানের পুনাসাংচুতেও জারি হয়েছে সতর্কতা। হঠাৎ জলস্তর বেড়ে গেলে পুনাসাংচু জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ভারত ও ভুটানের যৌথ উদ্যোগে এই জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছে। পুনাসাংচু নদীই বাংলা ও অসমে সঙ্কোশ নামে প্রবেশ করেছে। ফলে ভুটানের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।
উত্তরবঙ্গেও সতর্কতা
এদিকে, ভূটান পাহাড়ে ভারী বৃষ্টি ও হিমবাহ বিপর্যয়ের জেরে সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদেরও সতর্ক করে দেওযা হয়েছে প্রশাসনের তরফে। নদীতে জলস্তর বাড়তে দেখলে কিংবা কোনও বিপদের আশঙ্কা দেখা দিলে দেরি না করে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি, যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সিভিক ভলান্টিয়ার, গ্রাম পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দলকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কী বলছেন বনমন্ত্রী?
এই বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও। তিনি বলেন, “সঙ্কোষ লাগোয়া যে গ্রামগুলো রয়েছে, উপরদিকে চলে যায় ফরেস্ট ভিলেজ, কুমারগ্রামের কিছু অংশ। কারণ ভূটানের উপরে একটি লেক ভেঙে গিয়েছে। পুরো জলটাই নেমে আসবে। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে যেতে পারে। প্রশাসনের তরফে সবাই ঝাঁপিয়ে পড়েছে। প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অবশ্যই গুজবে কান দেবেন না।”
