Food Order in Train: ট্রেনের আসনেই পৌঁছে যাবে বিরিয়ানি, পিৎজা, থালি, কীভাবে করবেন বুকিং?
How to order food in train: ওয়েবসাইট বা অ্যাপ খুললে PNR নম্বর দিয়ে খাবার অর্ডার করার অপশন পাবেন। সেখানে নিজের ১০ সংখ্যার পিএনআর নম্বর দিতে হবে। এরপর প্ল্যাটফর্মে আপনার ট্রেন, যাত্রার তারিখ এবং রুটের তথ্য চলে আসবে। সেই অনুযায়ী যাত্রাপথের কোন কোন স্টেশনে খাবার সরবরাহ করা সম্ভব, তা দেখতে পারবেন। তাই PNR নম্বর দেওয়ার সময় সতর্ক থাকুন।

নয়া দিল্লি: দীর্ঘ ট্রেনযাত্রা, জানলার ধারে পছন্দের আসন, কানে হেডফোনে প্রিয় গান আর ঠিক খিদে পাওয়ার সময় গরমাগরম বিরিয়ানি! ভাবলেই মন ভাল হয়ে যায়। কিন্তু, ট্রেনের সফরে পছন্দের খাবার পাওয়া সবসময় সহজ নয়। অনেককেই নির্ভর করেন ট্রেনের প্যান্ট্রি কারের উপর। কিন্তু যদি নিজের পছন্দের খাবার অনলাইনেই অর্ডার করে সরাসরি ট্রেনের আসনে বসে পেয়ে যান, তাহলে কেমন হয়? এই সুবিধা দেয় ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC-র ই-ক্যাটারিং পরিষেবা।
ক্যাটারিং পরিষেবার মাধ্যমে ট্রেনের যাত্রাপথে নির্দিষ্ট স্টেশনগুলিতে থাকা রেস্তরাঁ ও অনুমোদিত বিক্রেতাদের কাছ থেকে খাবার অর্ডার করতে পারেন যাত্রীরা। পছন্দ অনুযায়ী অর্ডার করতে পারবেন বিরিয়ানি, থালি, দক্ষিণ ভারতীয় খাবার, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ-সহ নানা পদ। শুধু ১০ সংখ্যার পিএনআর (PNR) নম্বর থাকলেই হবে। এরপর যাত্রাপথের যে স্টেশনে খাবার নিতে চান, সেটি বেছে নিয়ে অর্ডার করতে পারবেন। কীভাবে করবেন এই বুকিং? রইল সহজ পদ্ধতি।
ট্রেনে খাবার অর্ডার করবেন কীভাবে?
IRCTC-র ই-ক্যাটারিং পরিষেবায় খাবার অর্ডার করা বেশ সহজ। এর জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
IRCTC-র ই-ক্যাটারিং ওয়েবসাইট বা অ্যাপে যেতে হবে প্রথমে IRCTC-র ই-ক্যাটারিংয়ের সরকারি ওয়েবসাইট ecatering.irctc.co.in-এ যেতে হবে। চাইলে মোবাইলেও ডাউনলোড করতে পারেন IRCTC eCatering Food on Track অ্যাপ। অ্যান্ড্রয়েড ও iOS, দুই ধরনের ফোনেই এই অ্যাপ পাওয়া যায়। এছাড়া ১৩২৩ নম্বরে ফোন করেও ই-ক্যাটারিং পরিষেবার সাহায্য নিতে পারেন।
পিএনআর নম্বর
ওয়েবসাইট বা অ্যাপ খুললে PNR নম্বর দিয়ে খাবার অর্ডার করার অপশন পাবেন। সেখানে নিজের ১০ সংখ্যার পিএনআর নম্বর দিতে হবে। এরপর প্ল্যাটফর্মে আপনার ট্রেন, যাত্রার তারিখ এবং রুটের তথ্য চলে আসবে। সেই অনুযায়ী যাত্রাপথের কোন কোন স্টেশনে খাবার সরবরাহ করা সম্ভব, তা দেখতে পারবেন। তাই PNR নম্বর দেওয়ার সময় সতর্ক থাকুন।
যে স্টেশনে খাবার চান, সেটি বেছে নিন
PNR যাচাই হয়ে গেলে আপনার ট্রেনের রুটে যেসব স্টেশনে খাবার সরবরাহের ব্যবস্থা রয়েছে, সেগুলির তালিকা দেখানো হবে। সেখান থেকে নিজের সুবিধামতো একটি স্টেশন বেছে নিতে হবে। তবে ট্রেনের নির্ধারিত পৌঁছনোর সময় এবং খাবার অর্ডারের শেষ সময় অবশ্যই দেখে নিন। সাধারণ নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট স্টেশনে ট্রেন পৌঁছনোর অন্তত দু’ঘণ্টা আগে পর্যন্ত অর্ডার করা যায়। তবে বিক্রেতা অনুযায়ী এই সময়সীমায় কিছুটা পার্থক্য হতে পারে।
মেনু দেখে পছন্দের খাবার বেছে নিন
এবার খাবার বেছে নেওয়ার পালা। নির্বাচিত স্টেশনে যে রেস্তরাঁ ও বিক্রেতাদের পরিষেবা পাওয়া যাচ্ছে, তাঁদের মেনু দেখতে পারবেন। সেখানে বিরিয়ানি, থালি, উত্তর ভারতীয় খাবার থেকে শুরু করে দক্ষিণ ভারতীয় পদ, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, স্ন্যাকস ও পানীয়, বিভিন্ন বিকল্প থাকতে পারে। দাম ও খাবারের বিবরণ দেখে নিজের পছন্দমতো পদ বেছে নিন। তবে স্টেশন ও বিক্রেতা অনুযায়ী মেনু বদলে যেতে পারে।
পছন্দের খাবার কার্টে যোগ করুন
খাবার বেছে নেওয়ার পর প্রয়োজন অনুযায়ী পরিমাণ উল্লেখ করে কার্টে যোগ করুন। অর্ডার নিশ্চিত করার আগে একবার সবকিছু ভাল করে দেখে নিন। কোন খাবার অর্ডার করেছেন, কতগুলি অর্ডার করেছেন, মোট দাম কত এবং কোন স্টেশনে খাবার পৌঁছবে—সব তথ্য মিলিয়ে নিন।
পেমেন্ট করে অর্ডার নিশ্চিত করুন
এরপর পেমেন্টের অপশন বেছে নিতে হবে। IRCTC ই-ক্যাটারিংয়ে UPI, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং ও ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে টাকা দেওয়া যায়। নির্দিষ্ট কিছু অর্ডারের ক্ষেত্রে খাবার হাতে পাওয়ার পর টাকা দেওয়ার বা Pay on Delivery-র সুবিধাও রয়েছে। পেমেন্টের প্রয়োজনীয় ধাপ সম্পূর্ণ করে অর্ডার নিশ্চিত করুন। অর্ডার সফলভাবে বুক হয়েছে কি না, তার কনফার্মেশনও দেখে নিন।\
নির্দিষ্ট স্টেশনে খাবার সংগ্রহ করুন
অর্ডার করা খাবার নির্বাচিত রেস্তরাঁ বা বিক্রেতা তৈরি করে নির্দিষ্ট স্টেশনে পৌঁছে দেবেন। খাবার সংগ্রহের জন্য SMS ও ই-মেলের মাধ্যমে একটি অ্যালফানিউমেরিক ডেলিভারি কোড পাঠানো হবে। খাবার নিতে গেলে ডেলিভারি কর্মীকে সেই কোড দেখাতে বা জানাতে হবে। সঙ্গে বৈধ ট্রেনের টিকিটও রাখুন। ট্রেন স্টেশনে পৌঁছলে ডেলিভারি কর্মী আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাই ফোন হাতের কাছে রাখুন। খাবার হাতে পাওয়ার পর অর্ডার মিলিয়ে নিয়ে নিশ্চিন্তে খেতে পারেন।
IRCTC ই-ক্যাটারিংয়ে কী কী পেমেন্টের সুবিধা রয়েছে?
খাবার অর্ডারের সময় নিজের সুবিধা অনুযায়ী পেমেন্টের পদ্ধতি বেছে নিতে পারবেন।
অ্যাপ ডাউনলোড না করেও কি ট্রেনে খাবার অর্ডার করা যায়?
অবশ্যই। খাবার অর্ডার করার জন্য আলাদা করে অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক নয়। সরাসরি IRCTC-র সরকারি ই-ক্যাটারিং ওয়েবসাইট ecatering.irctc.co.in-এ গিয়ে অর্ডার করতে পারেন। চাইলে ১৩২৩ নম্বরে ফোন করেও খাবার অর্ডারের ক্ষেত্রে সাহায্য নিতে পারেন।
