
নয়া দিল্লি: আবার জম্মু-কাশ্মীর নিয়ে নাক গলাল পাকিস্তান (Pakistan)। তাতে সঙ্গ দিল চিনও (China)। দুই পড়শি দেশের যৌথ বিবৃতিতে জম্মু-কাশ্মীরের (Jammu-Kashmir) উল্লেখ দেখেই তীব্র প্রতিবাদ জানাল ভারতের বিদেশ মন্ত্রক। আরও একবার মনে করে দেওয়া হল, জম্মু-কাশ্মীর ও লাদাখ আগেও ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে।
মঙ্গলবার বিদেশ মন্ত্রকের রণধীর জয়সওয়াল বলেন, “সংশ্লিষ্ট পক্ষগুলির কাছে ভারতের অবস্থান সুসংগত এবং সুপরিচিত। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ভারতের অবিচ্ছেদ্য এবং অনস্বীকার্য অংশ ছিল, আছে এবং সর্বদা থাকবে। অন্য কোনও দেশের এই বিষয়ে মন্তব্য করার অধিকার নেই।”
তিনি আরও বলেন, “চিন-পাকিস্তান করিডর (CPEC) প্রজেক্ট নিয়ে বলতে গেলে, এর কিছু অংশ ভারতের সীমার মধ্যে দিয়ে পরিকল্পনা করা হয়েছে। পাকিস্তানের এই বেআইনি ও জোর করে দখলদারিকে শক্তিশালী করার জন্য অন্য কোনও দেশের সমর্থনের আমরা তীব্র প্রতিবাদ করছি। এই বার্তা পাকিস্তানি ও চিনা কর্তৃপক্ষকে আগেও একাধিকবার দেওয়া হয়েছে।”
বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, চিন ও পাকিস্তানের মধ্যে আন্তঃসীমান্ত জলসম্পদ সহযোগিতা (trans-boundary water resources cooperation) দেখেছে। কিন্তু দুই দেশ কোনও সীমান্ত ভাগ করে না, তাহলে আন্তঃসীমান্ত জলসম্পদ ভাগের প্রশ্নও ওঠে না। ১৯৬৩ সালে পাকিস্তান ও চিনের মধ্যে যে সীমান্ত চুক্তি ছিল, তা ভারত কখনও স্বীকৃতি দেয়নি।
২৩ মে চিন সফরে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। গতকাল, মঙ্গলবার সফরের শেষদিন ছিল। চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রিমিয়ার লি কোয়াংয়ের সঙ্গে আলাদা করে বৈঠক করেন শরিফ। এরপরে দুই দেশের তরফে যৌথ বিবৃতিতে আন্তঃসীমান্ত জলসম্পদ সহযোগিতার উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে চিনকে জানানো হয়েছে। চিন রাষ্ট্রপুঞ্জের নিয়ম-নীতি মেনে এর সমাধানের কথা বলেছে।