
নয়া দিল্লি: ভারত-আমেরিকার টানাপোড়েন, দ্বন্দ্বে অবশেষে ইতি। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন যে দুই দেশের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি হতে চলেছে। এতে একদিকে যেমন ভারতের উপরে পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ কমবে, তেমনই দুই দেশের বাণিজ্যের বাজার আরও বিস্তৃত হবে। চুক্তিতে এখনও সিলমোহর না পড়লেও, আলোচনা চূড়ান্ত। কী কী সুবিধা পাবে ভারত? কী শর্তই বা মানতে হবে?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে বাণিজ্য চুক্তি হওয়ায় ভারতের উপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে। বাণিজ্যে আরও সুবিধা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুল্ক কমার কথা জানিয়েছেন। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, চুক্তি হয়ে গেলে অবিলম্বেই এই নতুন হারে শুল্ক কার্যকর হবে।
অন্যদিকে, ট্রাম্প দাবি করেছেন যে ভারত এবার থেকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দেবে। তার বদলে আমেরিকা ও ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনবে। যদিও প্রধানমন্ত্রী মোদীর পোস্টে এ কথা উল্লেখ নেই। পাশাপাশি আমেরিকার পণ্য আমদানিও বাড়াবে ভারত, এমনটাই দাবি করেছেন ট্রাম্প। তাঁর দাবি, ভারত নাকি আমেরিকার কাছ থেকে ৫০০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য কিনবে।
ট্রাম্প আরও দাবি করেছেন যে ভারত ট্যারিফ ও নন-ট্যারিফ ব্যারিয়ার কমিয়ে শূন্য কমবে।
প্রসঙ্গত, বাংলাদেশের উপরে ২০ শতাংশ এবং পাকিস্তানের কাছ থেকে ১৯ শতাংশ ট্যারিফ নেয় আমেরিকা। একধাক্কায় ভারতের উপর শুল্ক এই দুই প্রতিবেশী দেশের তুলনায় কমিয়ে দেওয়ায় স্বাভাবিকভাবেই ভারতের বাণিজ্যে আরও সুবিধা হবে।