BJP Leader Comment on Pakistan: ‘যুদ্ধ হলে পাকিস্তানের পাশে দাঁড়াবে ভারত’, বেফাঁস মন্তব্য করে চরম বিতর্কে বিজেপির সভাপতি
Rajasthan BJP Controversy: একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজস্থান বিজেপির প্রধান মদন রাঠোর বলেন, "যদি ভারতের কথা বলি, তাহলে আজ পাকিস্তান ও আমেরিকার মধ্যে যুদ্ধ হলে আমরা পাকিস্তানের পাশে দাঁড়াব কারণ ওরা আমাদের প্রতিবেশী।"

জয়পুর: আমেরিকা-পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে, ভারত পাকিস্তানকেই সমর্থন করবে! এহেন মন্তব্য করে বিতর্কের মুখে রাজস্থান বিজেপি প্রধান। বিজেপি নেতা মদন রাঠোর তাঁর বক্তব্যের যুক্তি দেন যে আমেরিকার তুলনায় পাকিস্তান যেহেতু ভারতের একদম পাশে, তাই ভারত পড়শি দেশকেই সমর্থন করবে।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজস্থান বিজেপির প্রধান বলেন, “যদি ভারতের কথা বলি, তাহলে আজ পাকিস্তান ও আমেরিকার মধ্যে যুদ্ধ হলে আমরা পাকিস্তানের পাশে দাঁড়াব কারণ ওরা আমাদের প্রতিবেশী। কিন্তু যখন বিষয়টি আমাদের মধ্যে হবে, তখন আমরা আমাদের ভারতের পাশেই দাঁড়াব। তাই না? এটা বুঝতে হবে।”
মদন রাঠোরের এই বক্তব্য নিয়েই হইচই পড়ে যায়। তীব্র আক্রমণ করেছে কংগ্রেস। জাতীয় মুখপাত্র শামা মহম্মদ বলেন যে এটি দেশ-বিরোধী মন্তব্য। বিজেপির উচিত রাজস্থানের রাজ্য সভাপতির বিরুদ্ধে পদক্ষেপ করা। তিনি বলেন, “বিজেপির জঙ্গি দেশ পাকিস্তানের প্রতি ভালোবাসা আরও একবার প্রকাশ পেয়েছে। এর বিরুদ্ধে কী পদক্ষেপ করা হচ্ছে, আমাদের জানাবেন”। অন্যদিকে, আম আদমি পার্টির নেতারাও এই মন্তব্য নিয়ে বিজেপিকে আক্রমণ করেছে। যদিও স্থানীয় বিজেপি নেতাদের যুক্তি, ওই নেতার মন্তব্য়ের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।
