Indian Army: ইঞ্জিন বন্ধ থাকলেও সচল বিদ্যুৎ সরবরাহ! ভারতীয় সেনার টি-৭২ ও টি-৯০ ট্যাঙ্কের জন্য ৫৮৬ কোটির চুক্তি
APU for T-72 Tanks and T-90 Tanks: ট্যাঙ্কের ফায়ার কন্ট্রোল সিস্টেম, ফায়ারিং সার্কিট, গান স্ট্যাবিলাইজেশন সিস্টেম-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে বিদ্যুৎ সরবরাহের বিকল্প উৎস হিসেবে কাজ করে এই APU। ফলে ট্যাঙ্কের মূল ইঞ্জিন চালু না রেখেও প্রয়োজনীয় বৈদ্যুতিক ব্যবস্থা সচল রাখার ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

নয়া দিল্লি: ভারতীয় সেনার সাঁজোয়া বাহিনীকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রতিরক্ষা মন্ত্রকের। টি-৭২ এবং টি-৯০ ট্যাঙ্কের জন্য অক্সিলারি পাওয়াার ইউনিট বা APU সংগ্রহে ৫৮৬ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করল প্রতিরক্ষা মন্ত্রক। দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের উপস্থিতিতে অ্যাকুরেট ইন্ডাস্ট্রিয়াল কন্টোলস প্রাইভেট লিমিটেডের(Accurate Industrial Controls Private Limited)-এর সঙ্গে এই চুক্তি সম্পন্ন হয়েছে।
কী কাজ করে এই APU?
ট্যাঙ্কের ফায়ার কন্ট্রোল সিস্টেম, ফায়ারিং সার্কিট, গান স্ট্যাবিলাইজেশন সিস্টেম-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে বিদ্যুৎ সরবরাহের বিকল্প উৎস হিসেবে কাজ করে এই APU। ফলে ট্যাঙ্কের মূল ইঞ্জিন চালু না রেখেও প্রয়োজনীয় বৈদ্যুতিক ব্যবস্থা সচল রাখার ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রকের জানিয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই APU সেনাবাহিনীর মেকানাইজড ফর্মেশনের অপারেশনাল প্রস্তুতি, নির্ভরযোগ্যতা এবং দীর্ঘমেয়াদি কার্যক্ষমতা আরও বাড়াবে। এই চুক্তির মাধ্যমে সাঁজোয়া প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ সাব-সিস্টেমে দেশীয় প্রযুক্তির ব্যবহার আরও বাড়ল। পাশাপাশি Make-II উদ্যোগের আওতায় শিল্পনির্ভর গবেষণা ও উন্নয়ন থেকে সরাসরি উৎপাদন ও সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির পথও আরও শক্তিশালী হল।
প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্য পূরণ এবং দেশীয় প্রতিরক্ষা শিল্পকে আরও সক্ষম করে তোলার ক্ষেত্রে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে প্রতিরক্ষা মন্ত্রক।
টি-৭২ ও টি-৯০ ট্যাঙ্ক
উল্লেখ্য, টি-৭২ এবং টি-৯০ মূলত রুশ নকশায় তৈরি ট্যাঙ্ক। ভারতীয় সেনাবাহিনীর সাঁজোয়া বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ এই দুই ট্যাঙ্ক। প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য, এই APU সংগ্রহের ফলে দেশে তৈরি প্রযুক্তি ও সরঞ্জাম সরাসরি সামরিক পরিষেবায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া আরও এগিয়ে যাবে ২০১৯ সালেই Make-II বিভাগের আওতায় টি-৭২ এবং টি-৯০ ট্যাঙ্কের জন্য এপিইউ তৈরির প্রকল্পে অনুমোদন দিয়েছিল কেন্দ্র।
প্রতিরক্ষা মন্ত্রক চুক্তির মোট মূল্য এবং সরবরাহকারী সংস্থার নাম জানিয়েছে। তবে কতগুলি APU কেনা হচ্ছে, প্রতিটি ইউনিটের দাম কত এবং কবে থেকে সেগুলি সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে, সেই বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
