Gujarat Monkey Attack: বেরিয়ে গেল নাড়ি-ভুঁড়ি, বানরের নৃশংস হামলায় মৃত্যু নাবালকের

Gujarat Monkey Attack: হামলার পর ছেলেটিকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসা শুরু করার আগেই তার মৃত্যু হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে এই গ্রামে বানরের দলটি তৃতীয়বার হামলা চালাল। বানরের উৎপাতে গোটা গ্রামে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

Gujarat Monkey Attack: বেরিয়ে গেল নাড়ি-ভুঁড়ি, বানরের নৃশংস হামলায় মৃত্যু নাবালকের
প্রতীকী ছবিImage Credit source: Pexels

| Edited By: অমর্ত্য লাহিড়ী

Nov 15, 2023 | 1:02 PM

আহমেদাবাদ: পেট চিড়ে বের করে দিয়েছিল নাড়িভূঁড়ি! হিংস্র বানরর দলের নৃশংস আক্রমণে প্রাণ গেল ১০ বছরের এক নাবালকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ নভেম্বর), গুজরাটের গান্ধীনগর জেলার ডেহগাম নহকুমার সালকি গ্রামে। পুলিশ জানিয়েছে, নিহত বালকটির নাম দীপক ঠাকুর। হামলার পর ছেলেটিকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসা শুরু করার আগেই তার মৃত্যু হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে এই গ্রামে বানরের দলটি তৃতীয়বার হামলা চালাল। বানরের উৎপাতে গোটা গ্রামে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

পুলিশ এবং বন দফতরের কর্তারা জানিয়েছেন, ঘটনার সময় গ্রামের মন্দিরের কাছে তার বন্ধুদের সঙ্গে খেলছিল দীপক। সেই সময়ই আচমকা সেখানে হানা দিয়েছিল বানরের দলটি। এর আগেও এই নির্দিষ্ট বানরের দলটিই গ্রামে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। বানরের ভয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও, দীপক পালাতে পারেনি। ১০ বছরের ছেলেটির উপর ঝাঁপিয়ে পড়েছিল বানরগুলি। আঁচড়ে-কামড়ে তাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে বিশাল চৌধুরী নামে এক বনকর্তা বলেছেন, “বানরের আক্রমণে ওর অন্ত্র ছিঁড়ে গিয়েছিল। দ্রুত ও বাড়ি ফিরে গিয়েছিল। সেখান থেকে ওকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।”

বিশাল চৌধুরী আরও জানিয়েছেন, তাঁদের দফতর গ্রামে বানরগুলিকে ধরার চেষ্টা করছে। তিনি বলেন, “আমরা গত এক সপ্তাহে দুটি বানরকে উদ্ধার করেছি। আরেকটি বানরকে ধরার জন্য ফাঁদ ফেলা হয়েছে। এই গ্রামে বানরদের একটি বড় দল রয়েছে। দলে চারটি পূর্ণবয়স্ক বানর এবং বাকিরা বাচ্চা। পূর্ণবয়স্ক বানরগুলিই গত এক সপ্তাহ ধরে হামলা চালাচ্ছে। এদের মধ্যে দুটিকে উদ্ধার করা হয়েছে। আরেকটিকে খাঁচায় ভরার চেষ্টা চলছে।” এদিকে, গ্রামে বানরের হামলা নিয়ে আতঙ্কিত গ্রামবাসীরা। একা-একা কেউ বাইরে বের হতেই ভয় পাচ্ছেন। দ্রুত বানরের দলটিকে পাকড়াও করার দাবি জানিয়েছেন তাঁরা।