দু’দিনে লঞ্চ হবে চন্দ্রযান-৪! মহাকাশে দু-দুটো রকেট পাঠাবে ISRO
ISRO Chandrayaan-4 mission: এই প্রথম একটিই অভিযানের জন্য দু-দুটি রকেট লঞ্চ করবে ইসরো। তাও আবার একই দিনে নয়, দুটি পৃথক পৃথক দিনে। এর জন্য ব্যবহার করা হবে, ভারী মাল বহনে সক্ষম এলভিএম-৩ এবং হালকা ভার বহনে সক্ষম পিএসএসভি রকেট। এই দুই রকেটে চন্দ্রযান-৪-এর ভিন্ন ভিন্ন পেলোড পাঠানো হবে।

বেঙ্গালুরু: চন্দ্রযান-৩-এর সাফল্যের পর, ভারত তৈরি হচ্ছে চতুর্থ চন্দ্র অভিযানের জন্য। এতদিন পর্যন্ত ইসরোর প্রতিটি মহাকাশ অভিযানেই একটি করে রকেট ব্যবহার করা হয়েছে। কিন্তু, চন্দ্রযান-৪-এর ক্ষেত্রে বদলে যাচ্ছে হিসেব। এই প্রথম একটিই অভিযানের জন্য দু-দুটি রকেট লঞ্চ করবে ইসরো। তাও আবার একই দিনে নয়, দুটি পৃথক পৃথক দিনে। এর জন্য ব্যবহার করা হবে, ভারী মাল বহনে সক্ষম এলভিএম-৩ এবং হালকা ভার বহনে সক্ষম পিএসএসভি রকেট। এই দুই রকেটে চন্দ্রযান-৪-এর ভিন্ন ভিন্ন পেলোড পাঠানো হবে। প্রসঙ্গত, চন্দ্রযান-৩-এর লক্ষ্য ছিল চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফল অবতরণ এবং চন্দ্রপৃষ্ঠে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো। চন্দ্রযান-৪ অভিযানের লক্ষ্য কিন্তু আরও বড়। চাঁদের বুক থেকে চাঁদের মাটি এবং পাথর পৃথিবীতে ফিরিয়ে আনতে চলেছে ইসরো।
এর আগে একমাত্র, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়া এবং চিন চাঁদ থেকে চাঁদের মাটি ও পাথরের নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে আসতে সফল হয়েছে। ভারতের চন্দ্রযান-৪ অভিযান হওয়ার কথা ২০২৮ সালে। সেই অভিযান সফল হলে, ভারত এই বিষয়ে বিশ্বের চতুর্থ দেশ হবে। সম্প্রতি, ন্যাশনাল স্পেস সায়েন্স সিম্পোসিয়ামে, ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, এই অভিযানের একমাত্র লক্ষ্য, বৈজ্ঞানিক পরীক্ষার জন্য চাঁদের মাটি-পাথর সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসা। ইসরোর এর আগের চন্দ্রঅভিযানগুলির ক্ষেত্রে, মহাকাশযানটির ২ থেকে ৩টি মডিউল বা অংশ থাকত। কিন্তু, চন্দ্রযান-৪ অভিযানে যে মহাকাশযান ব্যবহার করা হবে, সেটির ক্ষেত্রে ৫টি মডিউল থাকবে – প্রোপালসান মডিউল, ডিসেন্ডার মডিউল, অ্যাসেন্ডার মডিউল, ট্রান্সফার মডিউল এবং রি-এন্ট্রি মডিউল।
This is what we know so far about #ISRO‘s Moon sample return mission Chandrayaan-4:
The mission will involve a PSLV & a LVM3 launch & consist of 5 modules – Ascender, Descender, Propulsion, Transfer & Re-entry module.
Here’s a graphic showcasing each module & their functions 👇 pic.twitter.com/ZCRduWoqY0
— ISRO Spaceflight (@ISROSpaceflight) March 5, 2024
আর, এই পাঁচটি মডিউলকে মহাকাশে পাঠানোর জন্যই এলভিএম-৩ এবং পিএসএলভি – দুটি রকেট ব্যবহার করা হবে। চন্দ্রযান-৩ অভিযানের আগেই অবশ্য ভারতের সামনে আরও এক বড় মহাকাশ অভিযান রয়েছে, গগনযান অভিযান। গগনযান অভিযানে মহাকাশে মানুষ পাঠিয়ে, তাদের ফের পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসবে ইসরো। ইতিমধ্য়েই এই অভিযানের জন্য চার মহাকাশচারীকে মনোনীত করা হয়েছে। তাদের মহাকাশে ব্যবহারের বিশেষ পোশাকও তৈরি হয়ে গিয়েছে। গগনযান অভিযান আসলে ইসরোর এক উচ্চাভিলাশী প্রকল্পের প্রথম ধাপ। ইসরোর অন্তিম লক্ষ্য, মহাকাশে ভারতের বাড়ি বানানো। অর্থাৎ, নিজেদের স্পেস স্টেশন তৈরি করা।
