AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jharkhand High Court: বিয়ের পর উচ্চশিক্ষা বা চাকরি করলে স্ত্রীকে ‘উচ্চাকাঙ্খী’ বলা যাবে না, ‘এটা তাঁর অধিকার, স্বামীর দয়া নয়’, পর্যবেক্ষণ আদালতের

Jharkhand High Court on Divorce: স্ত্রীর উচ্চশিক্ষা ও চাকরির অধিকার প্রসঙ্গে আদালত জানায়, বিয়ের পর উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া স্ত্রীর অধিকার। স্বামী তাঁকে সেই অধিকার দিয়েছেন, এমনটা ভাবার কোনও কারণ নেই। একইভাবে যোগ্যতা ও মেধার ভিত্তিতে স্ত্রী সরকারি বা বেসরকারি চাকরি করতে চাইলে, সেটাও স্বামীর কোনও বিশেষ অনুগ্রহ নয়।

Jharkhand High Court: বিয়ের পর উচ্চশিক্ষা বা চাকরি করলে স্ত্রীকে 'উচ্চাকাঙ্খী' বলা যাবে না, 'এটা তাঁর অধিকার, স্বামীর দয়া নয়', পর্যবেক্ষণ আদালতের
| Updated on: Nov 10, 2026 | 8:21 AM
Share

রাঁচি: বিয়ের পর স্ত্রী উচ্চশিক্ষা করতে চাইলে বা চাকরি করতে চাইলে তাঁকে ‘উচ্চাকাঙ্ক্ষী’ কিংবা ‘অতি উচ্চাকাঙ্ক্ষী’ তকমা দেওয়া যায় না। উচ্চশিক্ষা স্ত্রীর অধিকার, স্বামীর দেওয়া কোনও সুযোগ বা বিশেষ সুবিধা নয়। একটি বিবাহবিচ্ছেদের মামলার শুনানিতে এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল ঝাড়খণ্ড হাইকোর্ট (Jharkhand High Court)। একইসঙ্গে পারিবারিক বিবাদে জেন্ডার স্টিরিওটাইপ বা লিঙ্গভিত্তিক চিরাচরিত ধারণা নিয়েও আপত্তি জানিয়েছে আদালত। স্বামীর বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে বিবাহবিচ্ছেদের অনুমতিও দিয়েছে ডিভিশন বেঞ্চ।

এর আগে জামশেদপুরের (Jamshedpur) পারিবারিক আদালতের রায়ে স্ত্রীকে উচ্চশিক্ষা ও চাকরি করার অনুমতি দেওয়ার বিষয়টি স্বামীর উদার মনোভাবের প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়। এমনকী, স্ত্রীকে ‘অতি উচ্চাকাঙ্ক্ষী’ বলেও উল্লেখ করেছিল পারিবারিক আদালত। তবে, এই রায় খারিজ করে দেয় ঝাড়খণ্ড হাইকোর্টের  প্রধান বিচারপতি এমএস সোনক এবং বিচারপতি মনোজ প্রসাদের ডিভিশন বেঞ্চ।

কেন বিবাহ বিচ্ছেদের মামলা?

২০০৪ সালে ওই দম্পতির বিয়ে হয়। ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে তাঁদের একটি কন্যাসন্তান হয়। এরপর স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হিন্দু বিবাহ আইন, ১৯৫৫-এর ১৩(১)(আইএ) ধারা অনুযায়ী বিবাহবিচ্ছেদের আবেদন করেন স্ত্রী। তাঁর অভিযোগ ছিল, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর উপর অত্যাচার চালাতেন এবং পণের দাবিও করতেন। মহিলার আরও দাবি, স্বামী তাঁকে চাকরি ছেড়ে দিতে রাজি করিয়েছিলেন। বলেছিলেন, দিল্লিতে তাঁর চাকরির ব্যবস্থা হয়েছে।

ওই মহিলা আদালতে জানান, স্বামীর সঙ্গে দিল্লি যাওয়ার পর তিনি চাকরি ছেড়ে দেন। কিন্তু দিল্লিতে গিয়ে স্বামীও নিজের চাকরি ছেড়ে রায়গড়ে চলে যান। স্ত্রী ও নাবালিকা মেয়েকে তাঁর দিদির কাছে রেখে যান তিনি। এরপর নিজের ও মেয়ের খরচ চালাতে ওই মহিলাকে প্রাইভেট টিউশনি শুরু করতে হয় বলে দাবি। তাঁর আরও অভিযোগ, পরবর্তীকালে মধ্যপ্রাচ্যের একটি দেশে চাকরি করতে যাওয়ার জন্য স্বামী তাঁর কাছে ৫ লক্ষ টাকা চান। সেই টাকা দিতে না পারায় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় তাঁকে।

২০১৯ সালের ১৬ মার্চ মহিলার বিবাহবিচ্ছেদের আবেদন খারিজ করে দেয় পারিবারিক আদালত। আদালতের পর্যবেক্ষণ ছিল, স্বামী স্ত্রীকে হস্টেলে থাকতে, উচ্চশিক্ষা করতে এবং চাকরি করতে দিয়েছিলেন। তা থেকেই স্বামীর সহযোগিতাপূর্ণ ও উদার মনোভাবের পরিচয় পাওয়া যায়। পাশাপাশি স্ত্রীকে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী বলেও মন্তব্য করেছিল আদালত।

এই রায়ের বিরোধিতা করে ঝাড়খন্ডের হাইকোর্টের দ্বারস্থ হন মহিলা। তাঁর যুক্তি ছিল, পারিবারিক আদালত এমন একটি ধারণার উপর ভিত্তি করে রায় দিয়েছে, যেখানে বিয়ের পর স্ত্রীর উচ্চশিক্ষাকে তাঁর স্বামীর দেওয়া সুযোগ হিসেবে দেখা হয়েছে। অথচ এটি তাঁর নিজস্ব অধিকার।

মামলার শুনানিতে পারিবারিক আদালতের এই যুক্তির সঙ্গে সহমত হয়নি হাইকোর্ট। ডিভিশন বেঞ্চ জানায়, বিবাহিত জীবনে স্বামী ও স্ত্রী সমান অংশীদার। তাঁদের সম্পর্কের মধ্যে কেউ কারও থেকে উঁচু বা নীচু নন। একজনের উপর অন্যজনের কর্তৃত্ব বা আধিপত্যের জায়গা নেই।

আদালতের পর্যবেক্ষণ

স্ত্রীর উচ্চশিক্ষা ও চাকরির অধিকার প্রসঙ্গে আদালত জানায়, বিয়ের পর উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া স্ত্রীর অধিকার। স্বামী তাঁকে সেই অধিকার দিয়েছেন, এমনটা ভাবার কোনও কারণ নেই। একইভাবে যোগ্যতা ও মেধার ভিত্তিতে স্ত্রী সরকারি বা বেসরকারি চাকরি করতে চাইলে, সেটাও স্বামীর কোনও বিশেষ অনুগ্রহ নয়।

আদালতের পর্যবেক্ষণ, বিয়ের পর স্বামী উচ্চশিক্ষা চালিয়ে গেলে বা চাকরি করলে সেটাকে স্বাভাবিক ঘটনা হিসেবেই দেখা হয়। তাহলে স্ত্রী একই কাজ করতে চাইলে তাঁকে উচ্চাকাঙ্ক্ষী বা অতি উচ্চাকাঙ্ক্ষী তকমা দেওয়া হবে কেন? পুরুষের ক্ষেত্রে যা স্বাভাবিক, মহিলার ক্ষেত্রে তা অস্বাভাবিক বলে বিবেচিত হতে পারে না? এই ধরনের লিঙ্গভিত্তিক ধারণার ভিত্তিতে কোনও মহিলার বিবাহবিচ্ছেদের আবেদন খারিজ করা যায় না বলেও স্পষ্ট করেছে আদালত।

ডিভিশন বেঞ্চ আরও জানায়, দাম্পত্য সম্পর্কের ভিত্তি হওয়া উচিত সমতা ও পারস্পরিক সম্মান। স্বামী-স্ত্রী দু’জনেরই সমান অধিকার রয়েছে এবং তাঁদের একসঙ্গে পথ চলার কথা। সবসময় একইভাবে চলা সম্ভব না হলেও একে অপরের প্রতি সম্মান বজায় রাখা জরুরি।

শেষ পর্যন্ত স্ত্রীর আবেদন মঞ্জুর করে পারিবারিক আদালতের রায় খারিজ করে দেয় ঝাড়খণ্ড হাইকোর্ট। স্বামীর নিষ্ঠুরতার ভিত্তিতে হিন্দু বিবাহ আইনের ১৩(১)(আইএ) ধারা অনুযায়ী ওই দম্পতির বিবাহবিচ্ছেদের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।

Follow Us