Katchatheevu Row: ‘নেহরু কাচ্চাতিভুকে উটকো ঝামেলা ছাড়া আর কিছুই মনে করতেন না’, কেন বললেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর
S Jaishankar: আরটিআই রিপোর্টের ইস্যুতে কংগ্রেসকে একহাত নিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। কড়া সমালোচনা করে বলেন,'পণ্ডিত নেহরুর কাছে, এটি ছিল শুধুই একটি ছোট্ট দ্বীপ, যার কোনও গুরুত্ব ছিল না। তিনি এটিকে শুধুমাত্র একটি ঝামেলার মতো করেই দেখেছিলেন। তাই তিনি চেয়েছিলেন, যত তাড়াতাড়ি এটাকে ছেড়ে দেওয়া যায়, ততই ভাল। আর এই দৃষ্টিভঙ্গিটা ইন্দিরা গান্ধীর মধ্যেও দেখা গিয়েছিল।'

নয়া দিল্লি: কাচ্চাতিভু। ছোট্ট একটি ভূখণ্ড। লম্বায় ১.৬ কিলোমিটার, চওড়ায় ৩০০ মিটারের কিছু বেশি। এই ছোট্ট একটি ভূখণ্ড ঘিরে হইচই পড়ে গিয়েছে। সাম্প্রতিক একটি আরটিআই রিপোর্টে উঠে এসেছে, কীভাবে এককালের ভারতীয় এই ভূখণ্ড শ্রীলঙ্কার হাতে তুলে দেওয়া হয়েছিল। ১৯৭৪ সালে শ্রীলঙ্কার সঙ্গে এক চুক্তি হয়েছিল তৎকালীন ইন্দিরা গান্ধী সরকারের। যার মাধ্যমে কাচ্চাতিভু ভূখণ্ডের উপর থেকে ভারতের অধিকার তুলে নেওয়া হয় এবং সেটিকে শ্রীলঙ্কার হাতে তুলে দেওয়া হয়। এবার সেই আরটিআই রিপোর্টের ইস্যুতে কংগ্রেসকে একহাত নিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। কড়া সমালোচনা করে বলেন,’পণ্ডিত নেহরুর কাছে, এটি ছিল শুধুই একটি ছোট্ট দ্বীপ, যার কোনও গুরুত্ব ছিল না। তিনি এটিকে শুধুমাত্র একটি ঝামেলার মতো করেই দেখেছিলেন। তাই তিনি চেয়েছিলেন, যত তাড়াতাড়ি এটাকে ছেড়ে দেওয়া যায়, ততই ভাল। আর এই দৃষ্টিভঙ্গিটা ইন্দিরা গান্ধীর মধ্যেও দেখা গিয়েছিল।’
বিদেশমন্ত্রী এরপর আরও বলেন, ‘শোনা যায়, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জাতীয় কংগ্রেসের এক বৈঠকে এও বলেছিলেন, যে এটি একটি ছোট্ট জমি। তাই এটা শুধু একজন প্রধানমন্ত্রীর ক্ষেত্রে নয়, কাচ্চাতিভু নিয়ে এই ধরনের মন মানসিকতা কংগ্রেসের এক ঐতিহাসিক মনোভাব হয়ে গিয়েছিল।’ উল্লেখ্য, আরটিআই রিপোর্ট ঘিরে ইতিমধ্যেই সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের অখণ্ডতাকে দুর্বলকারী একটি দল হিসেবে কংগ্রেসকে একহাত নিয়েছেন তিনি। নতুন উঠে আসা তথ্য সবার চোখ খুলে দেওয়ার মতো বলেও এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন মোদী।
উল্লেখ্য, যে সময়ে এই হস্তান্তর হয়েছিল, সেই সময়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত ডিএমকে নেতা করুণানিধি। ডিএমকে শিবির থেকে দাবি করা হচ্ছে, এই কাচ্চাতিভু হাতবদলের বিষয়ে তাদের কিছু জানানো হয়নি। তবে সেই দাবিও উড়িয়ে দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
