I-PAC raid ED officers award: মমতার উপস্থিতিতেই I-PAC অফিসে হাইভোল্টেজ রেইড! পুরস্কৃত হলেন দুই ED অফিসার
I-PAC raid Kolkata: গত ৮ জানুয়ারির সকালে প্রথমে লাউডন স্ট্রিটে আইপ্যাক সংস্থার ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িত পৌঁছেছিলেন ইডি আধিকারিকরা। তল্লাশি অভিযানের খবর পেয়ে ছুটে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন।

নয়া দিল্লি: আইপ্যাক অফিসে হাইভোল্টেজ রেইড চলেছিল চলতি বছরের জানুয়ারি মাসে। এবার মিলল তার পুরস্কার। সম্মানিত হলেন অভিযানের নেতৃত্বে থাকা দুই ইডি আধিকারিক। শুক্রবার দিল্লিতে ইডি ডে (ED Day) অনুষ্ঠানে তাঁদের কর্মক্ষেত্রে অসাধারণ দক্ষতা প্রদর্শনের জন্য সম্মানিত করা হয়।
I-PAC অফিসে অভিযানের পুরস্কার?
জানুয়ারি মাসের ৮ তারিখ কলকাতায় রাজনৈতিক কনসালটেন্সি সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি (Indian Political Action Committee)-এর অফিস ও সংস্থার ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে হওয়া হাইভোল্টেজ অভিযানে অংশ নেওয়া দুই ইডি (ED) আধিকারিককে বিশেষ সম্মানে ভূষিত করা হল। এরা হলেন ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিক্রম আহলাওয়াত এবং প্রশান্ত চান্ডিলা। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী তাদের সম্মানিত করেন। ইডির তরফে জানানো হয়েছে, তদন্তে নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও অসামান্য দক্ষতা প্রকাশের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার দেওয়া হয়েছে।
কী হয়েছিল সেদিন?
গত ৮ জানুয়ারির সকালে প্রথমে লাউডন স্ট্রিটে আইপ্যাক সংস্থার ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িত পৌঁছেছিলেন ইডি আধিকারিকরা। তল্লাশি অভিযানের খবর পেয়ে ছুটে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন। হাতে সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসতেও দেখা যায় তাঁকে, যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। এরপর সল্টলেকে আইপ্যাকের অফিসেও তল্লাশি চালায় ইডি।
এই ঘটনার পরই ইডি তদন্তে হস্তক্ষেপ ও ‘ক্ষমতার অপব্যবহার’-র অভিযোগ তুলে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। পাল্টা তৃণমূল কংগ্রেস দাবি করে, ইডি আইপ্যাকের অফিস থেকে দলের নির্বাচনী কৌশল সংক্রান্ত নথি সংগ্রহের চেষ্টা করছিল।
কারা পুরস্কার পেলেন?
ইডি সূত্রে জানা গিয়েছে, ওই দিন আইপ্যাক কর্তা ও তাঁর অফিসে অভিযানের সময় বিক্রম আহলাওয়াত অত্যন্ত ধৈর্য্যের সঙ্গে পরিস্থিতি সামলান এবং নিয়মিত ঘটনার রিপোর্ট তৈরি করেন, যা পরবর্তীতে আদালতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। অন্যদিকে, প্রশান্ত চান্দিলা গোটা ঘটনার সময় পেশাদার সাহসিকতা দেখিয়ে পঞ্চনামা প্রস্তুত করেছেন, যা সুপ্রিম কোর্টে প্রাথমিক প্রমাণ হিসেবে পেশ করা হয়েছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট মামলার নাম সরাসরি উল্লেখ না করা হলেও, ইডি সূত্রে খবর, কলকাতার I-PAC অফিসে অভিযানে তাঁদের ভূমিকার জন্যই এই সম্মানে পুরস্কৃত করা হয়েছে।
