Human Leadership in AI Era: কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কেন আরও মানবিক নেতৃত্ব প্রয়োজন?
AI and the Future of Leadership: এই মতামতধর্মী নিবন্ধে নীতি আয়োগের বিশিষ্ট ফেলো দেবযানী ঘোষ স্মরণ করেছেন, ২০১২ সালে নরেন্দ্র মোদীর করা একটি সাধারণ প্রশ্ন কীভাবে প্রযুক্তি সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল। তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র এই যুগে এমন নেতৃত্ব প্রয়োজন, যেখানে সবার আগে গুরুত্ব পাবে মানুষের উপর প্রযুক্তির প্রভাব। পাশাপাশি, নিজেদের সিদ্ধান্তের দায়ভার নেওয়া এবং প্রতিনিয়ত নতুন কিছু শেখার মানসিকতাও নেতাদের মধ্যে থাকা জরুরি।

নীতি আয়োগের বিশিষ্ট ফেলো দেবযানী ঘোষ
২০১২ সালে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমার প্রথম সাক্ষাতের কথা কখনও ভুলতে পারব না। সেই সময় আমি একটি আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থার হয়ে দক্ষিণ এশিয়ার দায়িত্ব নিয়ে ফিরেছিলাম। গুজরাটের বিভিন্ন স্কুলে কম্পিউটারের মাধ্যমে কীভাবে শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানো সম্ভব, তা তুলে ধরতে আমার দল কাজ করছিল।
স্কুলগুলিতে আমরা যে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসছি, তার নানা সুবিধা তুলে ধরে একটি চমৎকার প্রেজেন্টেশন তৈরি করেছিলাম। মিস্টার মোদী মন দিয়ে সব শুনলেন। তারপর একটি সহজ প্রশ্ন করলেন, এই সবকিছুর ফলে পড়ুয়াদের কী লাভ হবে? আমি যতবার প্রযুক্তির গুণাগুণ বোঝানোর চেষ্টা করছিলাম, তিনি ততবার একই প্রশ্ন করছিলেন। শেষ পর্যন্ত যখন থেমে তাঁর কথাটি মন দিয়ে শুনলাম, তখন বুঝতে পারলাম, প্রশ্নটি কতটা মৌলিক। প্রযুক্তির প্রকৃত সাফল্য প্রসেসরের ট্রানজিস্টরের সংখ্যা কিংবা তার গতির উপর নির্ভর করে না। বরং ব্যবহারকারীরা সেই প্রযুক্তির সাহায্যে বাস্তবে কী করতে পারছেন, তাঁদের অভিজ্ঞতা কীভাবে বদলাচ্ছে এবং শেষ পর্যন্ত তাঁদের জীবনে কতটা পরিবর্তন আনতে পারছে, সেটাই আসল।
আসলে তিনি আমাকে বোঝাতে চাইছিলেন, প্রযুক্তির শ্রেষ্ঠত্ব বিচার করতে হবে তার সক্ষমতা দিয়ে নয়, মানুষের জীবনে তার প্রভাব দিয়ে! সেই প্রশ্নই প্রযুক্তি সম্পর্কে আমার চিন্তাভাবনাকে আমূল বদলে দিয়েছিল। এই শিক্ষার জন্য মিস্টার মোদীর কাছে আমি আজও গভীরভাবে কৃতজ্ঞ।
বহু বছর পর, প্রযুক্তির এমন এক পরিবর্তনের যুগে আমরা প্রবেশ করছি, যা আমার বিশ্বাস, মানবসভ্যতার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। আর আজ সেই শিক্ষাই আগের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে। বর্তমানে প্রযুক্তি শিল্পের মূল লক্ষ্য হয়ে উঠেছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (AGI) তৈরি করা। অর্থাৎ এমন যন্ত্র, যা মানুষের বুদ্ধিমত্তার সমান বা তার চেয়েও বেশি সক্ষমতা অর্জন করতে পারবে। কিন্তু এর ফলে মানবজাতির ভবিষ্যতে কী প্রভাব পড়বে, সেই প্রশ্ন কি আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবছি?
আমার বিশ্বাস, AI শিল্পের কাছে মানুষের উপর প্রযুক্তির প্রভাবই হয়ে উঠতে হবে সাফল্যের প্রধান মাপকাঠি। আরও শক্তিশালী যন্ত্র তৈরির প্রতিযোগিতা নয়, বরং সেই শক্তিকে কাজে লাগিয়ে মানবসভ্যতার অগ্রগতি নিশ্চিত করাই হওয়া উচিত মূল লক্ষ্য। আর এই লক্ষ্য পূরণ করতে হলে নেতৃত্বের প্রচলিত ধারণাকেও নতুন করে ভাবতে হবে।
কেমন ধরনের নেতৃত্ব প্রয়োজন, তা বোঝাতে আমি ড. আর বালাসুব্রহ্মণ্যমের লেখা ‘Power Within’ বইটির কথা বলতে চাই। সেখানে এমন এক নেতৃত্বের ধারণা তুলে ধরা হয়েছে, যার ভিত্তি হল নির্দিষ্ট লক্ষ্য, মানুষের সেবা এবং অন্যদের সক্ষমতা বৃদ্ধির দায়িত্ব নেওয়া। সংক্ষেপে, নেতৃত্বকে একটি লক্ষ্য বা মিশন হিসেবে দেখা।
আমার বিশ্বাস, শেষ পর্যন্ত এই দৃষ্টিভঙ্গিই নির্ধারণ করবে AI-র ব্যবহার আমরা কতটা সঠিক পথে পরিচালিত করতে পারব। তবে সেখানে পৌঁছতে হলে একজন ভালো নেতার বৈশিষ্ট্য সম্পর্কে দীর্ঘদিনের প্রচলিত চারটি ধারণাকে নতুন করে পর্যালোচনা করতে হবে।
প্রথমত, প্রযুক্তি নয়, মানুষের উপর তার প্রভাবকেই অগ্রাধিকার দিতে হবে নেতাদের-
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানবসভ্যতার উন্নতি আপনা-আপনি ঘটবে, এমনটা ধরে নেওয়া যায় না। বরং মানবসভ্যতার অগ্রগতিই হতে হবে প্রযুক্তির মূল লক্ষ্য। নেতৃত্বের সাফল্যও বিচার করতে হবে এই মাপকাঠিতেই।
আমার জীবনের সবচেয়ে গর্বের কাজগুলির কথা উঠলে প্রায়ই একটি কম্পিউটার সাক্ষরতা প্রকল্পের কথা মনে পড়ে। কমন সার্ভিস সেন্টারগুলির মাধ্যমে আমরা এই কর্মসূচি চালিয়েছিলাম। তেলঙ্গানার এমনই একটি কেন্দ্র পরিদর্শনের সময় ফতিমার সঙ্গে আমার পরিচয় হয়। তিনি একজন প্রবীণ মহিলা। এই কর্মসূচির অন্যতম উৎসাহী প্রচারকও ছিলেন।
আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, এই প্রকল্পের প্রতি তাঁর এত আগ্রহ কেন? উত্তরে তিনি জানিয়েছিলেন, কখনও নিজের নাম লিখতে শেখেননি। এতদিন পর্যন্ত তাঁকে সব জায়গায় আঙুলের ছাপ দিতে হত। কিন্তু আমাদের কর্মসূচির মাধ্যমে তিনি কম্পিউটারে নিজের নাম টাইপ করতে শিখেছেন।
তাঁর কথায়, “দিদি, কম্পিউটার আমাকে আমার পরিচয় দিয়েছে।”
এই কথাগুলি আমি কখনও ভুলতে পারব না। আমার কাছে প্রযুক্তির সঠিক ব্যবহার বলতে এটাই বোঝায়।
দ্বিতীয়ত, সিদ্ধান্তের দায়ভার কোনওভাবেই অন্যের উপর চাপিয়ে দেওয়া চলবে না-
আমাদের ভবিষ্যৎ ক্রমশ এমন এক প্রযুক্তিনির্ভর বিশ্বের দিকে এগোচ্ছে, যেখানে যন্ত্র নিজেরাই অনেক সিদ্ধান্ত নিতে পারবে। কল্পনা করুন, AI ব্যবস্থা হাজার হাজার সিদ্ধান্ত নিচ্ছে, যার প্রভাব পড়ছে মানুষের চাকরি, জীবিকা, ঋণ পাওয়ার সুযোগ কিংবা স্বাস্থ্য পরিষেবার উপর। কিন্তু সেই সিদ্ধান্ত ভুল হলে তার দায় কে নেবে?
যন্ত্রের স্বয়ংক্রিয়ভাবে কাজ করার ক্ষমতা বাড়ছে বলে মানুষের দায়বদ্ধতা কমে যেতে পারে না। বরং যন্ত্রকে যত বেশি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হবে, তত বেশি দায়িত্ব নিয়ে তার সীমা নির্ধারণ করতে হবে। ঝুঁকিগুলি বুঝতে হবে। পাশাপাশি, মানুষের জীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা বা তার বিরুদ্ধে আপত্তি জানানোর সুযোগও নিশ্চিত করতে হবে।
যন্ত্র হয়তো ক্রমশ বেশি বেশি সিদ্ধান্ত নেবে। কিন্তু সেই সিদ্ধান্তের দায়ভার মানুষের উপরই থাকতে হবে।
তৃতীয়ত, লক্ষ্য সম্পর্কে অনড় থাকতে হবে, কিন্তু কৌশল বদলানোর ক্ষেত্রে নমনীয় হতে হবে-
প্রযুক্তির পরিবর্তনের গতি এতটাই দ্রুত যে প্রচলিত পরিকল্পনাগুলি ক্রমশ কার্যকারিতা হারাচ্ছে। AI আগামী দু’বছরে কতটা উন্নত হবে, সেটাই যখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তখন পাঁচ বছরের পরিকল্পনা কীভাবে তৈরি করা সম্ভব? এর অর্থ এই নয় যে পরিকল্পনা করা বন্ধ করে দিতে হবে। বরং পরিকল্পনা তৈরির পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে।
AI-নির্ভর অর্থনীতির উপযোগী দক্ষতা তৈরির কথাই ধরা যাক। আমাদের লক্ষ্য হল, মানুষকে AI-নির্ভর অর্থনীতির জন্য প্রস্তুত করা। কিন্তু আজকের প্রযুক্তি ও কর্মসংস্থানের চাহিদার কথা মাথায় রেখে তৈরি প্রশিক্ষণ কর্মসূচি পড়ুয়ারা শেষ করার আগেই অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। আমাদের মূল লক্ষ্য একই থাকবে। কিন্তু কী শেখানো হবে, কীভাবে শেখানো হবে এবং সাফল্য কীভাবে পরিমাপ করা হবে, তা প্রতিনিয়ত বদলাতে হবে।
পরিকল্পনার পরিবর্তনকে আর বাস্তবায়নের ব্যর্থতা হিসেবে দেখা চলবে না। অনেক সময় লক্ষ্য পূরণের জন্য সঠিক সময়ে দিক পরিবর্তন করাটাই সবচেয়ে জরুরি হয়ে ওঠে।
চতুর্থত, নেতাদের নিজেদেরও শিক্ষার্থী হয়ে উঠতে হবে-
দীর্ঘদিন ধরে নেতৃত্বের সঙ্গে অভিজ্ঞতা, বিশেষজ্ঞের জ্ঞান এবং সব প্রশ্নের উত্তর জানা থাকার বিষয়গুলি জড়িয়ে রয়েছে। পদ যত উঁচু হয়েছে, তত বেশি জ্ঞান থাকার প্রত্যাশাও তৈরি হয়েছে। কিন্তু AI সেই ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। প্রযুক্তির পরিবর্তন এত দ্রুত ঘটছে যে বিশেষজ্ঞদের পক্ষেও তার সঙ্গে তাল মিলিয়ে চলা কঠিন হয়ে পড়ছে। অতীতে সাফল্য পেয়েছেন বলেই ভবিষ্যতেও প্রাসঙ্গিক থাকবেন, এমন কোনও নিশ্চয়তা নেই।
আমার বিশ্বাস, বৌদ্ধিক বিনয় বা নিজের জ্ঞানের সীমাবদ্ধতা স্বীকার করার মানসিকতা আগামী দিনে নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হয়ে উঠবে। কী জানি না, তা স্বীকার করা, নিজেদের ধারণা নিয়ে প্রশ্ন তোলা এবং বয়স, অভিজ্ঞতা কিংবা পদমর্যাদা নির্বিশেষে যে কারও কাছ থেকে শেখার মানসিকতা রাখতে হবে।
বিষয়টি শুনতে যতটা সহজ, বাস্তবে ততটা নয়। বিশেষ করে যাঁরা দীর্ঘ কয়েক দশক ধরে নিজেদের দক্ষতা ও বিশ্বাসযোগ্যতা তৈরি করেছেন, তাঁদের কাছে এই মানসিকতা গড়ে তোলা আরও কঠিন। কিন্তু এমন এক পৃথিবীতে, যেখানে কারও কাছেই সব প্রশ্নের উত্তর নেই, সেখানে একজন নেতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়তো হল, কখনও শেখা বন্ধ না করা।
সবশেষে বলতে চাই, বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্যে এগিয়ে চলেছে দেশ। ভারতের ভবিষ্যৎ গঠনে AI নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কিন্তু শুধু প্রযুক্তি আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে না। নেতারা কী সিদ্ধান্ত নিচ্ছেন, তার উপরও নির্ভর করবে ভবিষ্যতের গতিপথ।
আমাদের এমন নেতৃত্ব প্রয়োজন, যারা প্রযুক্তির অগ্রগতি নিয়ে উচ্চাকাঙ্ক্ষী হবেন, কিন্তু সেই অগ্রগতির মাধ্যমে মানুষের জীবনে কী পরিবর্তন আনা সম্ভব, সেটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। যাঁরা নিজেদের সিদ্ধান্তের দায়ভার গ্রহণ করবেন, প্রয়োজন অনুযায়ী কৌশল পরিবর্তন করবেন এবং কখনও শেখা বন্ধ করবেন না।
প্রায় দু’দশক আগে একটি সাধারণ প্রশ্ন প্রযুক্তি সম্পর্কে আমার চিন্তাভাবনা বদলে দিয়েছিল—মানুষের জীবনে এর ফলে ঠিক কী পরিবর্তন আসছে?
AI-এর যুগে প্রবেশের সঙ্গে সঙ্গে এই প্রশ্নই হয়ে উঠতে হবে নেতৃত্বের সাফল্য যাচাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাপকাঠি।
