Indian Army: ভারতের নয়া সেনাপ্রধানের নাম ঘোষণা কেন্দ্রের, উপেন্দ্রর উত্তরসুরী কে হচ্ছেন?
New Army Chief of India: বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ২০২৪ সালের জুন মাসে ভারতের ৩০তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাঁর সামরিক জীবনের অভিজ্ঞতা ৪০ বছরেরও বেশি। ৩০ জুন অবসর নিচ্ছেন তিনি। তাঁর উত্তরসুরী কে হচ্ছেন, জেনে নিন বিশদে।

নয়া দিল্লি: ভারতের নয়া সেনাপ্রধানের নাম ঘোষণা করল কেন্দ্র। চলতি মাসেই সেনা প্রধানের পদ থেকে অবসর গ্রহণ করছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (Upendra Dwivedi)। তাঁর উত্তরসুরী কে হবেন, সেই বিষয়ে আলোচনা চলছিল অনেকদিন ধরেই। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, উপেন্দ্রর উত্তরসুরী হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ (Dhiraj Seth)। জানা গিয়েছে, আগামী ৩০ জুন নয়া সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। সেদিনই অবসর নিচ্ছেন উপেন্দ্র দ্বিবেদী। বর্তমানে ধীরজ শেঠ সেনাবাহিনীর ভাইস চিফ অফ আর্মি স্টাফ (Vice Chief of Army Staff) পদে কর্মরত রয়েছেন।
কে এই ধীরজ শেঠ?
লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (NDA)-র প্রাক্তনী। প্রায় চার দশকের দীর্ঘ সামরিক জীবনে তিনি বহু অপারেশনের নেতৃত্ব দিয়েছেন। সেনাবাহিনীর আধুনিকীকরণে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। ধীরজ শেঠ একটি আর্মার্ড রেজিমেন্ট, আর্মার্ড ব্রিগেড এবং জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবিরোধী বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ‘সুদর্শন চক্র কোর’-এরও নেতৃত্ব দিয়েছেন। পরে তিনি দিল্লি এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং (GOC) হিসেবে দায়িত্ব পালন করেন।
আর্মি কমান্ডার হিসেবে তিনি দক্ষিণ-পশ্চিম কমান্ড এবং দক্ষিণ কমান্ড—উভয়েরই নেতৃত্ব দিয়েছেন। একইসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ অপারেশনাল আর্মি কমান্ডের নেতৃত্ব দেওয়ার বিরল নজির গড়েছেন তিনি।
উপেন্দ্র দ্বিবেদী
বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ২০২৪ সালের জুন মাসে ভারতের ৩০তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাঁর সামরিক জীবনের অভিজ্ঞতা ৪০ বছরেরও বেশি। মধ্যপ্রদেশের রেওয়ার সৈনিক স্কুলের প্রাক্তনী উপেন্দ্র দ্বিবেদী ১৯৮৪ সালে জম্মু ও কাশ্মীর রাইফেলসে কমিশনপ্রাপ্ত হন।
উত্তর, পূর্ব এবং পশ্চিম—তিনটি গুরুত্বপূর্ণ সামরিক ক্ষেত্রেই কমান্ড ও স্টাফ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এবার তাঁর জায়গায় ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে আসছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ।
