Crime News: ঘাড়ে, মাথায় একের পর এক লাথি, ঘুষি! প্রেমিকাকে পিটিয়ে ‘খুন’, সারারাত দেহ আগলে বসে রইল প্রেমিক
Pune Crime News: মৃত তরুণীর নাম কোমল ডাহালে। বাড়ি ওয়ার্ধায়। অন্যদিকে, অভিযুক্ত শুভম জ্ঞানেশ্বর কালবান্দেও পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনিও মহারাষ্ট্রের বাসিন্দা। জানা গিয়েছে, গত তিন বছরেরও বেশি সময় ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। একসঙ্গে ঘর বাঁধার স্বপ্নও দেখেছিলেন তাঁরা। দুই পরিবারের সম্মতিতে বিয়ের কথাবার্তাও এগিয়েছিল।

পুনে: প্রেমিকের সঙ্গে বচসা, তার জেরেই ভয়াবহ পরিণতি! পুনের হিঞ্জেওয়াড়িতে এক তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে পিটিয়ে খুনের (Pune Death) অভিযোগ উঠল তাঁরই প্রেমিকের বিরুদ্ধে। প্রেমিকের অন্য মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে, এই সন্দেহে দু’জনের মধ্যে প্রায়ই অশান্তি হত। সেই অশান্তিই শেষ পর্যন্ত প্রাণ কাড়ল ২৭ বছরের তরুণীর। তবে, এখানেই শেষ নয়। খুনের পর সারা রাত প্রেমিকার দেহের পাশেই বসেছিলেন অভিযুক্ত। পরদিন নিজেই পুলিশকে ফোন করে ঘটনার কথা জানান তিনি।
সন্দেহ থেকেই সম্পর্কে চিড়?
মৃত তরুণীর নাম কোমল ডাহালে। বাড়ি ওয়ার্ধায়। অন্যদিকে, অভিযুক্ত শুভম জ্ঞানেশ্বর কালবান্দেও পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনিও মহারাষ্ট্রের বাসিন্দা। জানা গিয়েছে, গত তিন বছরেরও বেশি সময় ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। একসঙ্গে ঘর বাঁধার স্বপ্নও দেখেছিলেন তাঁরা। দুই পরিবারের সম্মতিতে বিয়ের কথাবার্তাও এগিয়েছিল।
কিন্তু, সেই সম্পর্কেই ক্রমশ চিড় ধরতে শুরু করে। শুভম অন্য কোনও মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে সন্দেহ করতেন কোমল। এই সন্দেহ থেকেই দু’জনের মধ্যে প্রায়ই ঝামেলা হত বলে অভিযোগ। রবিবার রাতেও তার ব্যতিক্রম হয়নি।
ঠিক কী ঘটেছিল?
জানা গিয়েছে, সোমবার ভোররাত প্রায় ৩টে নাগাদ কোমলের হিঞ্জেওয়াড়ির পেইং গেস্ট (PG) আবাসনে দু’জনের মধ্যে ফের বচসা শুরু হয়। কথা কাটাকাটি থেকে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় রাগের মাথায় কোমলের উপর চড়াও হন শুভম। মাথা ও ঘাড় লক্ষ্য করে পরপর লাথি ও ঘুষি মারতে থাকেন তিনি। আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় কোমলের।
তবে এখানেই শেষ নয়। অভিযোগ, প্রেমিকার মৃত্যুর পর পালিয়ে যাননি শুভম। বরং সারারাত তাঁর নিথর দেহের পাশেই বসেছিলেন তিনি। এরপর নিজেই পুলিশকে ফোন করে গোটা ঘটনার কথা জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
