AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Modi-Balendra Shah: প্রথম ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ, রাষ্ট্রপতি ভবনে দেওয়া হল গার্ড অব অনার, মোদীর সঙ্গে বৈঠকে উঠতে পারে কোন কোন ইস্যু?

Nepal PM Balendra Shah India visit: পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নও বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। সূত্রের খবর, বিহারের রক্সৌল থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু পর্যন্ত প্রস্তাবিত রেলপথ নিয়ে আলোচনা করতে পারে দুই দেশ। এই রেলপথ চালু হলে যাত্রী পরিবহণের পাশাপাশি সীমান্তের দু'পারে পণ্য পরিবহণও সহজ হবে।

Modi-Balendra Shah: প্রথম ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ, রাষ্ট্রপতি ভবনে দেওয়া হল গার্ড অব অনার, মোদীর সঙ্গে বৈঠকে উঠতে পারে কোন কোন ইস্যু?
বলেন্দ্র শাহ-নরেন্দ্র মোদীImage Credit: Tv9 Bangla
| Updated on: Nov 23, 2026 | 10:45 AM
Share

নয়া দিল্লি: ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ (Balendra Shah)। দু’দিনের সফরে রবিবারই নয়াদিল্লিতে পৌঁছেছেন তিনি। চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে বৈঠকে বসবেন তিনি। তার আগে রাষ্ট্রপতি ভবনে নেপালের প্রধানমন্ত্রীকে দেওয়া হল গার্ড অব অনার। সঙ্গে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর দুই দেশের নেতার বৈঠকে বসার কথা রয়েছে।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার পাশাপাশি বিদ্যুৎ, জলবিদ্যুৎ, রেল যোগাযোগ এবং পরিকাঠামো উন্নয়নের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি সীমান্ত বিতর্কও দুই প্রধানমন্ত্রীর আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, মোদী ও বলেন্দ্র শাহের এই বৈঠক আগামী দিনে ভারত-নেপাল সম্পর্কের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। দুই প্রধানমন্ত্রীর আলোচনার পর নেপালের একাধিক প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করবেন বলেন্দ্র শাহ। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতায় জোর

ভারত ও নেপাল, দুই দেশেরই জাতীয় অগ্রাধিকারের ক্ষেত্রে বেশ কিছু মিল রয়েছে। অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি, পরিকাঠামোর সম্প্রসারণ, প্রযুক্তির ব্যবহার এবং প্রাকৃতিক বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলা, এই বিষয়গুলিতে দুই দেশই গুরুত্ব দিচ্ছে। তাই দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

বিদ্যুৎ ও জলবিদ্যুৎ ক্ষেত্রে সহযোগিতা

ভারত-নেপাল সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল বিদ্যুৎ ও জ্বালানি। দীর্ঘমেয়াদি বিদ্যুৎ বাণিজ্য চুক্তির মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও মজবুত হয়েছে। সূত্রের দাবি, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতে বিদ্যুৎ রফতানি করে প্রায় ১,৮০০ কোটি টাকা (নেপালের মুদ্রায়) আয় করেছে নেপাল। ফলে বিদ্যুৎ বাণিজ্য এবং জলবিদ্যুৎ প্রকল্পের সম্প্রসারণ নিয়ে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

রক্সৌল-কাঠমান্ডু রেল যোগাযোগ নিয়েও আলোচনা?

পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নও বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। সূত্রের খবর, বিহারের রক্সৌল থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু পর্যন্ত প্রস্তাবিত রেলপথ নিয়ে আলোচনা করতে পারে দুই দেশ। এই রেলপথ চালু হলে যাত্রী পরিবহণের পাশাপাশি সীমান্তের দু’পারে পণ্য পরিবহণও সহজ হবে।

এছাড়া রামায়ণের সঙ্গে সম্পর্কিত দুই গুরুত্বপূর্ণ শহর অযোধ্যা ও জনকপুর ধামের মধ্যে নতুন যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালুর বিষয়েও আলোচনা হতে পারে। বিমানবন্দরগুলির জন্য ভারতীয় আকাশসীমা ব্যবহার করে নতুন বিমান চলাচলের রুট এবং শিলিগুড়ি-চারআলি পেট্রোলিয়াম পাইপলাইন নিয়েও দুই দেশের মধ্যে কথা হতে পারে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, ভারত নেপালের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। নেপালের বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের প্রায় এক-তৃতীয়াংশ আসে ভারত থেকে। পাশাপাশি নেপালের পণ্য রফতানির প্রায় ৮০ শতাংশই ভারতীয় বাজারের সঙ্গে যুক্ত। ভারতীয় বাজারে নেপালের পণ্য শুল্ক ছাড়াই প্রবেশের সুবিধা পায়। ফলে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়েও মোদী ও বলেন্দ্র শাহের আলোচনা হতে পারে।

বৈঠকে কি উঠবে লিপুলেখ-কালাপানি সীমান্ত বিতর্ক?

দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিনের অমীমাংসিত সীমান্ত সমস্যাও গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি অঞ্চল নিয়ে ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। নেপাল এই তিনটি অঞ্চলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। অন্যদিকে, ভারতের বক্তব্য, এলাকাগুলি উত্তরাখণ্ডের অংশ।

প্রায় ছ’মাস আগে নেপালের সংসদে বক্তব্য রাখতে গিয়ে বলেন্দ্র শাহ জানিয়েছিলেন, দীর্ঘদিনের এই সীমান্ত বিরোধ নিয়ে কাঠমান্ডু বেজিং ও লন্ডনের সঙ্গে যোগাযোগ রাখছে। ঔপনিবেশিক আমল থেকে চলে আসা এই বিরোধের সমাধানে ব্রিটেনেরও ভূমিকা থাকা উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি। পাশাপাশি ভারত ও নেপাল, দুই দেশই একে অপরের ভূখণ্ড দখল করেছে বলে তাঁর বক্তব্য ঘিরে নেপালের বিরোধীদের মধ্যে তীব্র আপত্তি তৈরি হয়েছিল।

এরপর ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, সীমান্ত সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ভারত ও নেপালের মধ্যে নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে। দুই দেশের সীমান্তের প্রায় ৯৮ শতাংশ ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে বলেও জানিয়েছিল বিদেশ মন্ত্রক। তবে পশ্চিম সীমান্তের লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি নিয়ে বিরোধ এখনও অমীমাংসিত। এই পরিস্থিতিতে মোদী-বালেন শাহ বৈঠকে সীমান্ত সমস্যা কতটা গুরুত্ব পায়, সেদিকেও নজর রয়েছে কূটনৈতিক মহলের।

Follow Us