Nitish Kumar : মুখ্যমন্ত্রীর পদে নীতীশ কুমারের ইস্তফার জল্পনা, বিহারের নেতৃত্বে এবার বিজেপির মুখ ?
Nitish Kumar : জাতীয় রাজনীতিতে ফিরতে চলেছেন নীতীশ কুমার। তাঁকে রাজ্যসভায় পাঠানো হতে পারে। সূত্রের খবর, জেডিইউ নেতা সঞ্জয় ঝাঁ বুধবার সকালে দিল্লি থেকে পটনায় পৌঁছন ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। তারপরই খবর রটে, বিহারের রাজনীতিতে সমীকরণ বদলে যাচ্ছে।

পটনা : বিহারের রাজনীতিতে বড় রদবদলের ইঙ্গিত। সেরাজ্যের কুর্সির মালিকানা বদলাতে চলেছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী পদে বদলের সম্ভাবনা। মুখ্যমন্ত্রীর পদে নাকি আর দেখা যাবে না নীতীশ কুমারকে। বিহারের নতুন সরকার গঠনের ছয় মাস কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রীর মুখ বদল নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন নীতীশ কুমার। তার পরিবর্তে বিহারের দায়িত্ব কে নেবেন, সেই নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রীর পদে কেন মুখ বদল ?
জানা গিয়েছে, জাতীয় রাজনীতিতে ফিরতে চলেছেন নীতীশ কুমার। তাঁকে রাজ্যসভায় পাঠানো হতে পারে। সূত্রের খবর, জেডিইউ নেতা সঞ্জয় ঝাঁ বুধবার সকালে দিল্লি থেকে পটনায় পৌঁছন ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। তারপরই খবর রটে, বিহারের রাজনীতিতে সমীকরণ বদলে যাচ্ছে।
নীতীশের বদলে বিহারের কুর্সিতে কে ?
বিহারে মুখ্যমন্ত্রীর পদ পেতে পারে বিজেপি। অন্যদিকে, উপ মুখ্যমন্ত্রী করা হতে পারেন নিশান্ত কুমার। সম্প্রতি, জল্পনা চলছিল, সক্রিয় রাজনীতিতে পা দিতে চলেছেন নীতীশ কুমারের ছেলে। জানা গিয়েছে, বহুদিন ধরেই তাঁকে রাজনীতিতে আসার জন্য দাবি জানিয়ে আসছিলেন তাঁরই দলের নেতা-কর্মীরা। সূত্রের খবর, অবশেষে, সেই দাবি মেনে নিয়ে রাজনীতিতে আসার পরিকল্পনা করে ফেলেছেন নীতীশ-পুত্র। আর রাজনীতিতে প্রবেশ করেই বড় দায়িত্ব পেতে চলেছেন। যদিও এই বিষয়ে জেডিইউ বা এনডিএ-র তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, চলতি সপ্তাহের মধ্যেই বিহারের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে দিতে পারে বিজেপি।
এদিকে, রাজনৈতিক মহল বলছে, নীতীশকে সক্রিয় রাজনীতিতে নিয়ে আসা বিজেপির একটা বড় কৌশল। গত বছরের বিহারের বিধানসভা নির্বাচনে ফের সরকার গঠন করেছে এনডিএ। তবে, দেখা গিয়েছে, জোট শরিক জেডিইউ এবার বিজেপির থেকেও কম সিট পেয়েছে। বিজেপির ঝুলিতে গিয়েছে ৮৯টি সিট। আর জেডিইউ পেয়েছে ৮৫টি আসন। সেক্ষেত্রে, জল্পনা চলছিল, বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বিজেপির কাউকে বসানো হতে পারে। তাছাড়া বিহারে নীতীশের জনপ্রিয়তাও নাকি খানিকটা কমেছে। এমনও অভিযোগ উঠে আসছিল। কিন্তু, নির্বাচনের ফল ঘোষণার পর দেখা গেল নীতীশের উপরই ভরসা রাখছে এনডিএ।
বিহারের সরকার গঠনের এখনও ৬ মাসও হয়নি। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর পদ থেকে নীতীশকে সরিয়ে দেওয়া হচ্ছে। রাজ্যসভায় পাঠানো হচ্ছে তাঁকে। তাহলে পাঁচ মাস আগে নীতীশকে মুখ্যমন্ত্রীর পদে বসানোর পিছনে কি এটাই বড় কৌশল ছিল বিজেপির? রাজনৈতিক মহল বলছে, অনেক আগের থেকেই পরিকল্পনা করেছিল বিজেপি। এবার তা কার্যকর করতে চলেছে। আপাতত. আগামী দিনে বিহারের রাজ্য-রাজনীতি কোন দিকে যায়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
