AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CMF-কে ভারতীয় কোম্পানি করতে চান ‘Nothing’ CEO কার্ল পেই, বছরে ১০ কোটি ফোন বিক্রির লক্ষ্য

Carl Pei CMF India Strategy: ২০২৫ সালের ডিসেম্বরেই ভারতে CMF আনুষ্ঠানিকভাবে একটি কোম্পানি হিসেবে নথিভুক্ত হয়। এবার কার্ল পেই মালিকানার কাঠামো সম্পর্কে বিস্তারিত জানালেন। পাশাপাশি CMF-এর ইঞ্জিনিয়ারিং ক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি।

CMF-কে ভারতীয় কোম্পানি করতে চান 'Nothing' CEO কার্ল পেই, বছরে ১০ কোটি ফোন বিক্রির লক্ষ্য
সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন কার্ল পেই?
| Updated on: Sep 21, 2026 | 9:12 PM
Share

নয়াদিল্লি: ভারতকে কেন্দ্র করে একটি আন্তর্জাতিক কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড গড়ে তোলার পরিকল্পনার কথা জানালেন ‘Nothing’-এর CEO কার্ল পেই। তাঁর পরিকল্পনা অনুযায়ী, CMF-কে একটি স্বতন্ত্র এবং সংখ্যাগরিষ্ঠ ভারতীয় মালিকানাধীন কোম্পানিতে পরিণত করা হবে। ‘India Is Inevitable’ শিরোনামে এক্স হ্যান্ডলে একটি পোস্টে পেই জানিয়েছেন, CMF-এর সদর দফতর, ম্যানেজমেন্ট টিম এবং গবেষণা ও উন্নয়ন বিভাগ ভারতে থাকবে। Nothing-ও এই সংস্থায় অংশীদারিত্ব বজায় রাখবে এবং সহযোগী হিসেবে কাজ করবে।

Nothing-এর ২০২৫ সালের সেপ্টেম্বরের সিদ্ধান্তের পর এই পরিকল্পনা আরও স্পষ্ট হল। সেই সময় CMF-কে ভারতভিত্তিক একটি পৃথক সংস্থা হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছিল Nothing। ২০২৫ সালের ডিসেম্বরেই ভারতে CMF আনুষ্ঠানিকভাবে একটি কোম্পানি হিসেবে নথিভুক্ত হয়। এবার কার্ল পেই মালিকানার কাঠামো সম্পর্কে বিস্তারিত জানালেন। পাশাপাশি CMF-এর ইঞ্জিনিয়ারিং ক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি।

ভারতের নিজস্ব গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড চান কার্ল পেই-

কার্ল পেইয়ের মতে, ভারতের স্মার্টফোন উৎপাদন শিল্প এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছে, যেখানে দেশীয় সংস্থাগুলিকে পণ্য তৈরির ক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ করতে হবে। তিনি মনে করিয়ে দেন, একসময় ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ডগুলি দেশের বাজারের প্রায় অর্ধেক নিয়ন্ত্রণ করত। কিন্তু ২০১৫ সালের পর সেই সংস্থাগুলির অনেকগুলিই আন্তর্জাতিক প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিতে পারেনি। পেইয়ের দাবি, তৈরি ডিজাইনের উপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণেই এই সংস্থাগুলি পিছিয়ে পড়েছিল।

পেই লিখেছেন, “দ্য বেটার ইঞ্জিনিয়ার্ড ফোন উইনস।” অর্থাৎ যে ফোনের ইঞ্জিনিয়ারিং যত উন্নত, শেষ পর্যন্ত সেই ফোনই জয়ী হয়। পেই জানিয়েছেন, CMF ভারতে থেকেই বিভিন্ন পণ্যের উন্নয়নে জোর দেবে। এর মধ্যে থাকবে হার্ডওয়্যার ডিজাইন, ক্যামেরা প্রসেসিং, অপারেটিং সিস্টেম এবং কম্পোনেন্ট সরবরাহকারী সংস্থাগুলির সঙ্গে ইঞ্জিনিয়ারিং অংশীদারিত্ব।

বছরে ১০ কোটি স্মার্টফোন বিক্রির লক্ষ্য CMF-র

CMF-এর জন্য বছরে ১০ কোটি বা ১০০ মিলিয়ন স্মার্টফোন বিক্রির লক্ষ্য স্থির করেছেন কার্ল পেই। তাঁর মতে, এই মাত্রায় পৌঁছতে পারলে CMF কম্পোনেন্ট তৈরির ক্ষেত্রে আরও বেশি প্রভাব বিস্তার করতে পারবে। পাশাপাশি বিপুল সংখ্যক ফোনের মধ্যে ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত খরচও ভাগ করে নেওয়া সম্ভব হবে।

তবে এই লক্ষ্য এখনও শুধুই পরিকল্পনা স্তরে রয়েছে। কবে নাগাদ CMF বছরে ১০ কোটি স্মার্টফোন বিক্রি করতে পারবে, তার কোনও নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেননি পেই।

Nothing এবং CMF-এর ভবিষ্যৎ কী?

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, CMF একটি ভারতীয় কোম্পানি হিসেবে কাজ করবে এবং এর মালিকানার বেশিরভাগ অংশ থাকবে ভারতীয়দের হাতে। তবে Nothing-এর প্রযুক্তি এবং সরবরাহকারী সংস্থাগুলির সঙ্গে তৈরি সম্পর্কের সুবিধা CMF পেতে থাকবে। এর আগে Nothing ভারতের Optiemus Infracom-এর সঙ্গে একটি উৎপাদন অংশীদারিত্বের কথা জানিয়েছিল। সেই অংশীদারিত্বে ১০০ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

কার্ল পেইয়ের মতে, ভারতের স্মার্টফোন শিল্পের পরবর্তী পর্যায়ের বৃদ্ধির জন্য স্থানীয় ইঞ্জিনিয়ারিং এবং মেধাস্বত্ব বা Intellectual Property (IP)-এর উপর জোর দেওয়া প্রয়োজন। পেই লিখেছেন, “ভারত থেকেই আন্তর্জাতিক মানের কনজিউমার ইলেকট্রনিক্স কোম্পানি তৈরি হবে। প্রশ্ন শুধু কবে তা হবে, আর সেটা নির্ভর করছে কারা সেই সংস্থাগুলি গড়ে তুলবে তার উপর।”

Follow Us