
নয়া দিল্লি: ঘোষণা এখনও হয়নি, তবে কার্যত সিলমোহর পড়ে গেল। সংসদে বিশেষ অধিবেশন বা স্পেশাল সেশন (Parliament Special Session) হচ্ছেই। তৈরি থাকতে বলা হল বিজেপি তথা এনডিএ (NDA)-র সকল সাংসদদের।
সূত্রের খবর, আগামী ২০ থেকে ৩০ নভেম্বরের মধ্যে যেকোনও দিন ডাকা হবে সংসদের বিশেষ অধিবেশন। এই অধিবেশনে ফের একবার মহিলা সংরক্ষণ বিল ও আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল পেশ করা হবে। ফের একবার এই দুই সংবিধান সংশোধনী বিল পাস করানোর চেষ্টা করবে কেন্দ্রীয় সরকার।
জানা গিয়েছে, বিজেপি তথা এনডিএ-র সব সাংসদকে যে কোনও সময় দিল্লি ডাকা হবে বলে নেতৃত্বের তরফে বার্তা পাঠানো হয়েছে। তাদের এই অধিবেশনে বাধ্যতামূলকভাবে অংশ নিতে হবে। তার জন্যই প্রস্তুত থাকতে বলা হয়েছে।
সূত্রের খবর, পশ্চিমবঙ্গে বিজেপি এবং এনসিপিআই সাংসদদের দিল্লি অথবা কলকাতা বাদে অন্য কোনও রাজ্যে বা দেশে যেতে নিষেধ করা হয়েছে। যেকোনও সময় দিল্লি পৌঁছানোর নির্দেশ আসতে পারে বলে জানানো হয়েছে। সেই কারণেই এই নির্দেশ, যাতে তলব করা হলেই দিল্লিতে হাজির হতে পারেন সাংসদরা।
প্রসঙ্গত, এবারের অধিবেশনে বিশেষ ভূমিকা পালন করতে পারে এনসিপিআই। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই তৃণমূল কংগ্রেস ভেঙে আলাদা হয়ে গিয়েছেন লোকসভার ২০ জন সাংসদ। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, দেব, রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সায়নী ঘোষ, জুন মালিয়া, ইউসূফ পাঠান, আবু তাহের- ২০ জন সাংসদই এনসিপিআই নামক একটি ছোট দলে যোগ দিয়েছেন। সংসদেও তারা আলাদা দল হিসাবে স্বীকৃতি চেয়েছেন। যদিও তাদের ভাগ্য এখনও ঝুলে রয়েছে।
এই এনসিপিআই এবার সংসদে ভোটাভুটিতে বিজেপির পক্ষেই ভোট দেবে। ফলে শাসক জোটের প্রাপ্ত ভোটের সংখ্য়া গতবারের তুলনায় আরও কিছুটা বাড়বে।