CCTV: অনুমতি ছাড়াই কেউ আপনার বাড়ির সামনে সিসিটিভি বসাতে পারে? কী করবেন আপনি?
CCTV: সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণের জন্য সরাসরি কোনও আইন বা নিয়ম নেই দেশে। তবে জেনে রাখা জরুরি, কারও অনুমতি ছাড়াই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা যায় কি না।

নয়া দিল্লি: সময়ের সঙ্গে সঙ্গে সিসিটিভি-র ব্যবহার বেড়েছে। দোকানে, গ্যারাজে এমনকী রাস্তার ধারেও বসানো হচ্ছে সিসিটিভি। এর ফলে কোনও অপরাধের ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে ধরে ফেলা সম্ভব হয়। তবে সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণের জন্য সরাসরি কোনও আইন বা নিয়ম নেই দেশে।
তবে জেনে রাখা জরুরি, কারও অনুমতি ছাড়াই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা যায় কি না। কারও শোবার ঘর বা বাথরুমে ইনস্টল করতে গেলে অনুমতি নেওয়া প্রয়োজন। প্রশ্ন হল, যদি আপনার প্রতিবেশী আপনার বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা লাগায়, তাহলে আপনি কি অভিযোগ করতে পারবেন?
যদি কেউ না জানিয়ে বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা লাগায়, তাহলে আপনার সম্পত্তি তার ক্যামেরায় বন্দি হয়ে যাবে। এছাড়া আপনার গোপনীয়তাও লঙ্ঘন করা হবে। তাহলে আপনি এই বিষয়ে অভিযোগ দায়ের করতে পারেন। কারণ এটি তথ্য সুরক্ষা আইনের সরাসরি লঙ্ঘন।
যদি ক্যামেরাটি সরাসরি আপনার জানালা, দরজা বা আপনার সম্পত্তির দিকে মুখ করে থাকে, তাহলে এটি গোপনীয়তার লঙ্ঘন বলে বিবেচিত হয়। সে ক্ষেত্রে অভিযোগ দায়ের করা হতে পারে। যদি কোনও রাস্তায় বা ভারী যানবাহন চলাচলের জায়গায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয় তাতে কোনও অভিযোগ করা যায় না।
প্রতিবেশী যদি ক্যামেরার অবস্থান না পরিবর্তন করতে চায়, তাহলে এলাকার স্থানীয় পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করুন এবং প্রয়োজনীয় আইনি বিকল্পগুলি খুঁজে বের করুন।
