PM Modi Address the Nation: ‘মহিলা সংরক্ষণের পথে আসা প্রতিটি বাধা দূর করব’, বিরোধীদের নিশানা করে বার্তা প্রধানমন্ত্রীর
PM Narendra Modi Address the Nation: শুক্রবার সংবিধানের ১৩১ সংশোধনী বিল নিয়ে লোকসভায় ভোটাভুটি হয়। সেখানে দুই তৃতীয়াংশ সমর্থন পায়নি কেন্দ্র। ফলে লোকসভা পাশ করানো যায়নি মহিলা সংরক্ষণ নিয়ে সংবিধানের ১৩১তম সংশোধনী বিল। এই বিলের কথা উল্লেখ করে এদিন জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রথমেই প্রধানমন্ত্রী মোদী বলেন, নারীশক্তির বিকাশকে বাধা দেওয়া হয়েছে।

জাতির উদ্দেশে ভাষণে কী কী বললেন প্রধানমন্ত্রী?
গতকাল ১৩১ সংবিধান সংশোধনী বিল নিয়ে লোকসভায় ভোটাভুটি হয়। সেখানে দুই তৃতীয়াংশ সমর্থন পায়নি কেন্দ্র। ফলে লোকসভা পাশ করানো যায়নি মহিলা সংরক্ষণ নিয়ে ১৩১তম সংবিধান সংশোধনী বিল। এই বিলের কথা উল্লেখ করে এদিন জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রথমেই প্রধানমন্ত্রী মোদী বলেন, নারীশক্তির বিকাশকে বাধা দেওয়া হয়েছে। সংবিধান সংশোধনী বিল পাশ করাতে না পারার জন্য দেশের মা-বোনদের কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী।
‘বিরোধীরা মহিলাদের আত্মসম্মানের উপর আঘাত হেনেছে’
বিরোধীদের নিশানা করে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, “বিরোধীরা মহিলাদের আত্মসম্মানে আঘাত হেনেছে। তারা তাদের অধিকার কেড়ে নিয়েছে। বিরোধীরা নারীদের অধিকার হরণ করে তারপর উল্লাস করেছে। যে দলগুলো মহিলা সংরক্ষণের বিরোধিতা করেছে, তারা নারী শক্তিকে সহজলভ্য বলে ধরে নিচ্ছে। তারা ভুলে যাচ্ছে যে একবিংশ শতাব্দীর মহিলারা প্রতিটি ঘটনার উপর নজর রাখছে।”
কী কী বললেন প্রধানমন্ত্রী?
বিরোধীরা মহিলাদের স্বপ্নকে চুরমার করেছে: প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী মোদী বলেন, “আজ আমি আমার বোন ও কন্যাদের সঙ্গে কথা বলতে এসেছি। আজ দেশের প্রত্যেক নাগরিক দেখেছেন, কীভাবে ভারতের নারী ক্ষমতায়নকে রুখে দেওয়া হল। তাঁদের স্বপ্ন চুরমার করা হল। আমাদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও আমরা সফল হতে পারিনি। মহিলা সংরক্ষণ বিলটি সংসদে পাশ হতে ব্যর্থ হয়েছে। এর জন্য আমি সকল মা ও বোনদের কাছে ক্ষমা চাইছি।”
তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রীর-
১৩১তম সংবিধান সংশোধনী বিলের বিরোধিতার জন্য তৃণমূলকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, “মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ ছিল তৃণমূলের কাছে। কিন্তু, সেই সুযোগ তারা নষ্ট করল।” মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পাশ না হওয়ার ঘটনাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা করলেন প্রধানমন্ত্রী। বললেন, “সৎ চেষ্টার ভ্রূণহত্যা করল কংগ্রেস, ডিএমকে, তৃণমূলের মতো দলগুলি।”
কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর-
এদিন জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “আমি আশা করেছিলাম যে কংগ্রেস তার অতীতের ভুল শুধরে নেবে এবং পাপের প্রায়শ্চিত্ত করবে। কিন্তু তারা এই সুযোগটি হাতছাড়া করেছে। পরজীবীর মতো কংগ্রেস আঞ্চলিক দলগুলোর কাঁধে চড়ে টিকে থাকার চেষ্টা করছে।” পরিবারতন্ত্র নিয়ে বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, “বিরোধীরা কখনওই চাইবে না যে তাদের নিজেদের পরিবারের বাইরের নারীরা উন্নতি করুক। আসন পুনর্বিন্যাসের পর নারীদের জন্য আরও বেশি আসন থাকবে এবং তাদের মর্যাদা বাড়বে। তাই বিরোধীরা বিলটির বিরোধিতা করেছে। নারীরা কংগ্রেস এবং তার মিত্রদের ক্ষমা করবে না।”
‘দেশের নারীশক্তির আশীর্বাদ আমাদের সঙ্গেই রয়েছে’
জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “যদিও আজ আমরা বিলটি পাশ করার জন্য প্রয়োজনীয় ৬৬ শতাংশ ভোট পাইনি। কিন্তু আমি জানি যে দেশের শতভাগ নারীশক্তির আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে। মহিলা সংরক্ষণের পথে থাকা প্রতিটি বাধা আমরা দূর করব। আমাদের সংকল্প অটল, আমাদের মনোবল দৃঢ়।”
