Rahul Gandhi: ‘কাঁধ ধরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন’, রাহুলের বিরুদ্ধে বড় অভিযোগ মহিলা সাংবাদিকের, এবার প্রকাশ্যে আনলেন ঘটনার ভিডিয়ো
Rahul Gandhi Allegedly Pushes Pregnant Woman: গতকাল থেকেই বিজেপির পোস্ট করা একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, হাসপাতালের বেডে শুয়ে ঘটনার বিবরণ দিচ্ছেন মহিলা সাংবাদিক। রাহুল গান্ধীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। এবার সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন খোদ ওই সাংবাদিক।

নয়া দিল্লি: কংগ্রেস রাহুল গান্ধীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বিক্ষোভ কর্মসূচি চলাকালীন এক অন্তঃসত্ত্বা সাংবাদিককে ধাক্কা দেওয়া এবং তাঁর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে। সোমবার থেকে এমনই অভিযোগ তুলে সরব হতে দেখা গিয়েছে বিজেপিকে। গতকাল থেকেই বিজেপির পোস্ট করা একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, হাসপাতালের বেডে শুয়ে ঘটনার বিবরণ দিচ্ছেন মহিলা সাংবাদিক। রাহুল গান্ধীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। এবার সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন খোদ ওই সাংবাদিক রিচা পরাশর।
বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি এক্স হ্যান্ডেলে হাসপাতাল থেকে একটি ভিডিয়ো পোস্ট করেন সোমবার। সেখানে সাংবাদিক রিচা পরাশরকে ঘটনার বিবরণ দিতে দেখা যায়। ক্যাপশনে বিজেপি নেতা দাবি করেন, সোমবার দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ কর্মসূচির খবর সংগ্রহ করতে গিয়েছিলেন সাংবাদিক রিচা পরাশর। সেই সময় রাহুল গান্ধী তাঁকে ধাক্কা দেন বলে অভিযোগ। এর জেরে মাটিতে পড়ে গিয়ে আহত হন ওই সাংবাদিক। তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়।
View this post on Instagram
হাসপাতালের বেডে শুয়ে ঘটনার বিবরণ দেন ওই সাংবাদিক। তিনি জানান, গতকাল বিরোধীদের সুপ্রিম কোর্ট অভিযানের খবর করতে বেরিয়েছিলেন। অভিযোগ, রাহুল গান্ধীর দিকে মাইক এগিয়ে দিতেই তিনি সরিয়ে নিতে বলেন। মহিলা সাংবাদিকের দাবি, সঙ্গে সঙ্গে তিনি তাঁর মাইক সরিয়ে নেন। তারপরই হঠাৎ রাহুল গান্ধী তাঁর কাঁধ ধরে ধাক্কা দেন বলে অভিযোগ। এরপরই তিনি মাটিতে পড়ে যান ও তাঁর উপর ক্যামেরামান-সহ আরও দুই-তিনজন পড়ে যান। এতে তিনি গুরুতর চোট পান। তাঁকে বলতে শোনা যায়, তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা। তবে, চিকিৎসকের অনুমতি নিয়েই কাজ করছিলেন। মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে রাহুল গান্ধীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।
বিজেপি মুখপাত্রের ওই ভিডিয়ো ভাইরাল হয়। এবার ঘটনার মুহূর্তের ভিডিয়ো নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ্যে আনেন ওই সাংবাদিক। ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাহুল গান্ধীর সামনেই রয়েছেন ওই মহিলা। এরপরই দেখা যায়, হাত দিয়ে ভিড় সরানোর চেষ্টা করছেন রাহুল গান্ধী। তারপরই ওই সাংবাদিককে বলতে শোনা যায়, কেন ধাক্কা মারছেন? রাহুল গান্ধীর নামও নিতে শোনা গিয়েছে। কিন্তু, ওই অংশটি ভিডিয়োতে দেখা যায়নি। সেখানেই ঘটনার প্রতিবাদ করেন রিচা। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
