WB Election 2026 Exit Poll: বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বাংলায় এক্সিট পোল প্রকাশ করল না Axis My India
West Bengal Assembly Election 2026: অ্যাক্সিস মাই ইন্ডিয়া জানিয়েছে, এই সিদ্ধান্তের পিছনে রয়েছে পশ্চিমবঙ্গের জনগণের প্রতিক্রিয়া। কারণ হিসেবে সংস্থার প্রতিষ্ঠাতা প্রদীপ গুপ্ত (Pradeep Gupta) জানিয়েছেন, রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোটারদের মতামত নিয়ে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহে বড় বাধার সম্মুখীন হতে হয়েছে।

নয়া দিল্লি: হাড্ডাহাড্ডি লড়াই। বাংলায় ঘাসফুল ফুটবে নাকি পদ্ম? এই চর্চাই এখন তুঙ্গে। তবে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের এক্সিট পোল প্রকাশের দিনই বড় সিদ্ধান্ত নিল অ্যাক্সিস মাই ইন্ডিয়া (Axis My India)। সংস্থার তরফে জানানো হল, বাকি রাজ্যের এক্সিট পোল প্রকাশিত হলেও, পশ্চিমবঙ্গের জন্য কোনও এক্সিট পোল প্রকাশ করা হবে না। কেন এমন সিদ্ধান্ত?
অ্যাক্সিস মাই ইন্ডিয়া জানিয়েছে, এই সিদ্ধান্তের পিছনে রয়েছে পশ্চিমবঙ্গের জনগণের প্রতিক্রিয়া। কারণ হিসেবে সংস্থার প্রতিষ্ঠাতা প্রদীপ গুপ্ত (Pradeep Gupta) জানিয়েছেন, রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোটারদের মতামত নিয়ে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহে বড় বাধার সম্মুখীন হতে হয়েছে।
ভোটারদের ‘নীরবতা’ই সমস্যা-
প্রদীপ গুপ্ত-র কথায়, বাংলার বহু ভোটারই সমীক্ষায় নিজেদের মতামত প্রকাশ করতে চাননি। ফলে সঠিক তথ্যের ভিত্তিতে ভোটের ফলের পূর্বাভাস তৈরি করা কঠিন হয়ে গিয়েছে। এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “সংস্থার পদ্ধতি অনুযায়ী সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলা হয়। কিন্তু প্রথম দফার ভোটের পর দেখা যায়, প্রায় ৬০-৭০ শতাংশ মানুষ কোনও প্রতিক্রিয়া দিতেই রাজি নন। অনেকেই ‘হ্যাঁ’ বা ‘না’ বলতেও এড়িয়ে গিয়েছেন।”
যেখানে অন্যান্য সমীক্ষা সংস্থাগুলি ভোটগ্রহণ শেষ হতেই তাদের এক্সিট পোল প্রকাশ করেছে, সেখানে অ্যাক্সিস মাই ইন্ডিয়া (Axis My India) সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছে।
প্রসঙ্গত, লোকসভা থেকে বিধানসভা- যে কোনও নির্বাচনের নির্ভুল ফলাফলের আভাস দেওয়ার জন্য এই সংস্থার বিশ্বাসযোগ্যতা অনেক বেশি। তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাদের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ না করা রাজনৈতিক মহলে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।
ভোটারদের প্রতিক্রিয়া না মেলার কারণে এক্সিট পোল প্রকাশ না করার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একদিকে যেমন সমীক্ষার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, তেমনই ভোটারদের মনোভাব নিয়েও আলোচনা শুরু হয়েছে।
