
রায়পুর: নবরাত্রির মাঝে ভয়ঙ্কর দুর্ঘটনা। পাহাড়ের চূড়ায় মন্দিরে যাওয়ার পথেই ছিঁড়ে পড়ল রোপওয়ের ট্রলি। দুর্ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর মিলেছে। আহত অন্তত ১৭ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।
রবিবার, ২২ মার্চ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের মহাসমুন্দ জেলায়। খাল্লারি মাতার মন্দিরে নবরাত্রি উপলক্ষে বিপুল জনসমাগম হয়েছিল। সেই সময়ই ভক্তদের চাপে আচমকা রোপওয়ের ট্রলি ছিড়ে পড়ে।
জানা গিয়েছে, এ দিন সকাল ১০টা নাগাদ আচমকা রোপওয়ের তার বা কেবল ছিঁড়ে যায়। সেই সময় যে ট্রলিগুলি পুণ্যার্থীদের নিয়ে পাহাড়ের চূড়ায় উঠছিল, সেগুলি ছিঁড়ে পড়ে যায় নীচে। বেশ অনেকটা উচ্চতা থেকে পড়ে যাওয়ায় অনেকেই গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের দাবি, প্রায় ২০০ ফুট উচ্চতা থেকে ট্রলি পড়ে গিয়েছে।
🚨 #BREAKING | #Chhattisgarh (#Mahasamund)
खल्लारी माता मंदिर में रोपवे टूटकर नीचे गिरा।
हादसे में 1 महिला की मौत, 10 से ज्यादा लोग घायल बताए जा रहे हैं।
राहत-बचाव कार्य जारी।#Mahasamund #Accident #BreakingNews #TempleNews pic.twitter.com/boOzwVRHh4
— News & Features Network | World & Local News (@newsnetmzn) March 22, 2026
খাল্লারি মাতা মন্দির ছত্তীসগঢ়ের অন্যতম পরিচিত একটি ধর্মীয় স্থান। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরে রোপওয়ে করেই যেতে হয়। বর্তমানে নবরাত্রি চলায় শয়ে শয়ে পুণ্যার্থীদের ভিড় হয়েছিল এই মন্দিরে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, আচমকাই রোপওয়ের তার ছিঁড়ে যায়। ট্রলিগুলি নিয়ন্ত্রণ হারিয়ে নীচে ঝুলতে থাকে। পরে উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন গিয়ে আটকে থাকা ও আহত পুণ্যার্থীদের উদ্ধার করে। দ্রুত আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কীভাবে রোপওয়ের কেবল ছিঁড়ে গেল, তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, প্রযুক্তিগত সমস্যার কারণেই কেবল ছিঁড়ে গিয়েছে। পরবর্তী নোটিস না আসা পর্যন্ত রোপওয়ে পরিষেবা বন্ধ রাখা হয়েছে।