
নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় সংঘাত পরিস্থিতি ভারতের জন্য গভীর উদ্বেগের। ইতিমধ্যেই সংঘাতের বলি হয়েছেন দু’জন ভারতীয়। সোমবার সংসদে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে বিবৃতি দিতে গিয়ে এমনই জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি মনে করেন, আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। একইসঙ্গে পশ্চিম এশিয়ার দেশগুলিতে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর। এদিকে, সংসদে যখন বক্তৃতা দিচ্ছিলেন জয়শঙ্কর, ঠিক সেই সময় বিরোধীদের হট্টগোলে উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা।
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, “আমরা এখনও বিশ্বাস করি উত্তেজনা প্রশমিত করতে অন্তর্নিহিত সমস্যাগুলির সমাধান করতে হবে। আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব।” পশ্চিম এশিয়ায় আটকে পড়া ভারতীয়দের উদ্দেশে বলেন,”তাঁদের ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা চলছে। দেশবাসীর নিরাপত্তায় বদ্ধপরিকর কেন্দ্র। এরপরই তিনি জানান, পশ্চিম এশিয়ার সংঘাতে দেশের নাগরিকদের হারাতে হয়েছে। শোকপ্রকাশ করে জয়শঙ্কর বলেন,”পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত্যু হয়েছে ২ জন নাবিকের। একজন নিখোঁজ রয়েছে। তাঁর সন্ধানে খোঁজ চালানো হচ্ছে। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।” তিনি আরও জানান, ইরানে প্রচুর ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে প্রায় ১ কোটির বেশি ভারতীয় রয়েছেন।
জয়শঙ্কর আরও বলেন, “তিনটি বিষয় আমি তুলে ধরছি। ভারত শান্তির পক্ষে। আলোচনার মাধ্যমে সমাধানের বার্তা দেওয়া হয়েছে। এই মুহূর্ত শান্তি ফেরাতে কূটনৈতিক পথ অনুসরণ করা উচিত। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে ভারত। সেই লক্ষ্যেই পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের সরকারের সঙ্গে আলোচনা করছে। প্রধানমন্ত্রী নিবিড়ভাবে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।