POK-এর দখল কবে হবে? পাকিস্তানবাসীর পাশে দাঁড়িয়ে রাজনাথ জানালেন…
পাক অধিকৃত কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হওয়ার প্রসঙ্গে অতীতে একাধিকবার শোনা গিয়েছে প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীদের কথায়। কবে তা হবে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল রাজনাথ সিংকে। যদিও এই প্রশ্নের সরাসরি জবাব রাজনাথ দেননি। ঘুরপথে এ নিয়ে ভারতের অবস্থায় জানিয়েছেন তিনি। কিন্তু এই প্রশ্নের উত্তরে তাঁর হাসি যে বলে দিয়েছে অনেক না-বলা কথা।

নয়াদিল্লি: টিভি৯ নেটওয়ার্ক আয়োজিত সত্তা সম্মেলনে হাজির ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে টিভি৯-এর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় উঠে এসেছে একাধিক প্রসঙ্গ। ভারতে পাক অধিকৃত কাশ্মীরের অন্তর্ভুক্তি থেকে চিন ইস্যু। ভারতের সেনার পরাক্রম থেকে কাশ্মীর প্রসঙ্গ। এ সব বিষয়েই ভারতের অবস্থান স্পষ্ট করেছেন প্রতিরক্ষামন্ত্রী। পাক অধিকৃত কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হওয়ার প্রসঙ্গে অতীতে একাধিকবার শোনা গিয়েছে প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীদের কথায়। কবে তা হবে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল রাজনাথ সিংকে। যদিও এই প্রশ্নের সরাসরি জবাব রাজনাথ দেননি। ঘুরপথে এ নিয়ে ভারতের অবস্থায় জানিয়েছেন তিনি। কিন্তু এই প্রশ্নের উত্তরে তাঁর হাসি যে বলে দিয়েছে অনেক না-বলা কথা।
পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে রাজনাথ বলেছেন, “পাক অধিকৃত কাশ্মীর নিয়ে চিন্তা করবেন না। ওখানকার লোক নিজেরাই ভারতে আসতে চাইছে। আমি দেড় বছর আগে কাশ্মীরে সেনার এক অনুষ্ঠানে বলেছিলাম, দেখবেন পিওকে-র বাসিন্দারা ভারতের অন্তর্ভুক্ত হতে চাইবে। এখন সে রকমই হচ্ছে। আগে কী ঘটবে তার জন্য অপেক্ষা করুন।” প্রসঙ্গত, পাকিস্তানের বিভিন্ন প্রান্তে গত কয়েক বছর ধরেই আন্দোলন চলছে। এমনকি বালুচিস্তানেও এ ধরনের একাধিক প্রতিবাদ হয়েছে। পাকিস্তান নয় ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবিও উঠেছে পিওকে থেকে।
শুধু পাক অধিকৃত কাশ্মীর নয়, পাকিস্তানের প্রসঙ্গও উত্থাপিত হয়েছিল সত্তা সম্মেলনের মঞ্চে। সে প্রসঙ্গে রাজনাথ পাকিস্তানবাসীর পাশে দাঁড়ালেও পাকরাজনীতিকদের তুলোধনা করেছেন সন্ত্রাসবাদে মদতের প্রসঙ্গে। পাকিস্তান প্রসঙ্গে রাজনাথ বলেছেন, “পাকিস্তান ভারতের প্রতিবেশী। ভারত চায়, তার সমস্ত প্রতিবেশী দেশের বাসিন্দারা শান্তিতে থাকুক। তাদের সমৃদ্ধি হোক। কিন্তু পাকিস্তানের পরিস্থিতি তেমন নয়। এর জন্য আমি পাকিস্তানের জনতাকে দোষ দিই না। পাকিস্তানবাসীদের নিয়ে আমি কখনও কোনও মন্তব্য করি না। কিন্তু সেখানকার এক দল রাজনীতিক ক্ষমতায় আসার জন্য মানুষকে ভুল বোঝায়। সন্ত্রাসবাদকে প্রশয় দেয়। জঙ্গিদের পাকিস্তানের মাটি ব্যবহার করতে দেওয়ার বোঝাপড়া করে। এই চললে কোনও আলোচনা হবে না। পাকিস্তান আগে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করুক। জঙ্গিবিরোধী পদক্ষেপ করে দেখাক। তার পর পাকিস্তানের সঙ্গে আলোচনার বিষয়টি ভাবা হবে।” তিনি আরও বলেন, “অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, আমরা বন্ধু বদলাতে পারি। কিন্তু প্রতিবেশী বদলাতে পারব না। তাই প্রতিবেশীদের সঙ্গে ভাল সম্পর্ক রাখতে। ভারত সমস্ত প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়।”
৩৭০ ধারা অবলুপ্তির পর কাশ্মীরে পরিস্থিতির যে উন্নতি হয়েছে, সে কথাও স্মরণ করিয়েছেন রাজনাথ সিং। কিন্তু তার জন্য আতঙ্কবাদকে কোনও ভাবেই রেয়াত না করার কথা শোনা গিয়েছে প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে। ভারতের ক্ষতি করার কেউ চেষ্টা করলে পাল্টা জোরাল জবাব দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
