SC On CAA: CAA আবেদন গ্রাহ্য না হলে কীভাবে SIR-এ নাম থাকবে? এবার সুপ্রিম কোর্টে মামলা
SC On CAA: ডিভিশন বেঞ্চের বক্তব্য, এই মামলায় সকলকে এক সঙ্গে কোন নির্দেশ দেওয়া যায় না। আলাদা আলাদা মামলায় বিবেচনা করা যায়। তাই সবাইকে এক নির্দেশ দেওয়ার পক্ষে আদালত নয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, "এই মামলায় সকলকে একসঙ্গে কোনও নির্দেশ দেওয়া যায় না। আলাদা আলাদা মামলায় বিবেচনা করা যায়। তাই সবাইকে এক নির্দেশ দেওয়ার পক্ষে আদালত নয়।"

নয়া দিল্লি: CAA আবেদন গ্রাহ্য না হলে কীভাবে SIR এ নাম থাকবে, প্রশ্ন তুলে এবার সুপ্রিম কোর্টে মামলা। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল। মামলা দায়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থার। সিএএ আবেদনকারী যারা হাইকোর্টে মামলা করেছেন, তাদের বিষয়টি দশ দিনের মধ্যে সমাধান করা হবে, কেন্দ্রের এই আশ্বাসের পরেও হাইকোর্ট মামলা খারিজ করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে মামলা দায়ের। আগামী ১ ডিসেম্বর শুনানির সম্ভাবনা।
সিএএ অনুসারে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, কিন্তু উত্তর আসেনি, এসআইআর-এর মাঝেই তাঁদের মাথাব্যথা বাড়ছে। সিএএ-তে আবেদনের রসিদকে যাতে এসআইআরের ক্ষেত্রে অনুমোদন করা হয়, হাইকোর্টে সেই আবেদনে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের বেঞ্চে ছিল মামলার শুনানি। কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই মামলা খারিজ করে দেয়।
ডিভিশন বেঞ্চের বক্তব্য, এই মামলায় সকলকে এক সঙ্গে কোন নির্দেশ দেওয়া যায় না। আলাদা আলাদা মামলায় বিবেচনা করা যায়। তাই সবাইকে এক নির্দেশ দেওয়ার পক্ষে আদালত নয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, “এই মামলায় সকলকে একসঙ্গে কোনও নির্দেশ দেওয়া যায় না। আলাদা আলাদা মামলায় বিবেচনা করা যায়। তাই সবাইকে এক নির্দেশ দেওয়ার পক্ষে আদালত নয়।”
শুনানিতে স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব আশ্বাস দেন, মামলার সঙ্গে যুক্ত আবেদনকারীদের আবেদন ১০ দিনের মধ্যে বিবেচনা করতে হবে। দেশের বাকি আবেদনকারীদের ক্ষেত্রে যে এই সিদ্ধান্ত প্রযোজ্য নয়, সেটাও জানিয়ে দেওয়া হয়। আদালতের বক্তব্য, প্রত্যেকের নাগরিকত্বের বিষয়টি পৃথকভাবে বিবেচনা করতে হবে, তাই এ ক্ষেত্রে সবার জন্য এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। এবার সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ওই স্বেচ্ছাসেবী সংস্থা।
