PM Modi’s Birthday: ‘বাংলার তাঁত শিল্পীদের উৎকর্ষতা দেখতে পাবেন’,মোদীর জন্মদিনে ফুলিয়া থেকে গেল তাঁর মুখ আঁকা তাঁতের শাড়ি
West Bengal: তবে এটি কোনও ছবি আঁকা নয়, সম্পূর্ণটাই হাতে বোনা। প্রায় ১০ দিন সময় নিয়ে এই অনন্য শিল্পকর্মটি তৈরি করেছেন বীরেন কুমার বসাকের গুণী তাঁতী বিবেক বিশ্বাস। বীরেনবাবু জানান, এটি বিক্রির জন্য তৈরি করা হয়নি।

নদিয়া: পেয়েছিলেন রাষ্ট্রপতি পুরস্কার। সেই তাঁত শিল্পীর হস্ত চালিত তাঁতের শাড়িতে ফুটে উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের অবয়ব। তাঁরই জন্মদিনে বাংলা থেকে এবার সেই শাড়ি পৌঁছে গেল প্রধানমন্ত্রীর কাছে।
নদিয়া জেলার ফুলিয়ার তাঁত অত্যন্ত জনপ্রিয়। বাংলা তো বটেই গোটা দেশে এই তাঁতের জনপ্রিয়তা ব্যাপক। সেই তাঁতের শাড়িতেই এবার ফুটে উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিকৃতি। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত তাঁতশিল্পী বীরেন কুমার বসাকের তত্ত্বাবধানে সিল্কের জামদানি বুননে তৈরি হয়েছে এই বিশেষ লাইন ‘আর্ট পোর্টেট’।
তবে এটি কোনও ছবি আঁকা নয়, সম্পূর্ণটাই হাতে বোনা। প্রায় ১০ দিন সময় নিয়ে এই অনন্য শিল্পকর্মটি তৈরি করেছেন বীরেন কুমার বসাকের গুণী তাঁতী বিবেক বিশ্বাস। বীরেনবাবু জানান, এটি বিক্রির জন্য তৈরি করা হয়নি। প্রধানমন্ত্রীর জন্মদিনে বাংলার তাঁতশিল্পীদের দক্ষতা ও সৃজনশীলতার একটি নিদর্শন হিসেবেই এটি তৈরি করা হয়েছে।
বীরেনবাবুর পুত্র অভিনব বসাকের ভাবনা থেকেই জামদানিতে ‘ফাইন আর্ট লাইন’ আর্টের কাজ শুরু হয়। ২০১৬ সালে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি দিয়ে এই ধরনের কাজ শুরু হয়েছিল। এরপর একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের প্রতিকৃতি জামদানিতে ফুটিয়ে তোলা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার তৈরি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘লাইন আর্ট পোর্টেট জামদানি ওয়াল আর্ট’। ইতিমধ্যে শিল্পীর তৈরি হস্ত চালিত তাঁতের শাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনে।
অভিনববাবু বলেন, “এই কাজটা বাবার ইচ্ছা। এরপর আমার মনে হয় যে প্রধানমন্ত্রীর জন্মদিনে আমাদের তাঁতশিল্পীদের কিছু একটা করা উচিত। সেই ভাবনা দিয়েই বিবেকদাকে ডাকে। তারপরই প্রধানমন্ত্রীর মুখ ফুটিয়ে তোলা হয়েছে শাড়িতে। বাংলার তাঁত শিল্পীদের উৎকর্ষতা কতখানি দেখতে পাবেন।”
