SIR Final List: বাংলার আগে গুজরাটে প্রকাশিত SIR-র চূড়ান্ত ভোটার তালিকা, কতজনের নাম বাদ পড়ল?

SIR in Gujarat: এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেতেই রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। একদিকে যেখানে বিজেপি দাবি করেছে যে এসআইআর প্রক্রিয়া স্বচ্ছ হয়েছে। সেখানেই কংগ্রেস এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলেছে।

SIR Final List: বাংলার আগে গুজরাটে প্রকাশিত SIR-র চূড়ান্ত ভোটার তালিকা, কতজনের নাম বাদ পড়ল?
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Feb 18, 2026 | 6:23 PM

আহমেদাবাদ: পশ্চিমবঙ্গে এখনও চলছে এসআইআর। আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, আরও ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেও ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন চলছে। মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি গুজরাটে প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা। কত জনের নাম বাদ গেল চূড়ান্ত ভোটার তালিকা থেকে?

বিগত সাড়ে তিন মাস ধরে গুজরাটে চলেছে এসআইআর প্রক্রিয়া। চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে ৪ কোটি ৪০ লক্ষ ৩০ হাজার ৭২৫ জন নাগরিকের নাম। গত ১৯ ডিসেম্বর যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ পেয়েছিল, তার থেকে চূড়ান্ত ভোটার তালিকায় আরও ৫ লক্ষ ৬০ হাজার নাগরিকের নাম সংযোজন হয়েছে বলেই জানিয়েছেন গুজরাটের মুখ্য নির্বাচনী আধিকারিক।

তিনি আরও জানিয়েছেন, চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে ৭৭.৬ লক্ষ ভোটারের। ডিসেম্বরে যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছিল, তখন ৭৩.৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। পরে আরও ৩.৯ লক্ষ ভোটারের নাম বাদ যায়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ৪০ লক্ষ পাকাপাকিভাবে স্থানান্তরিত হয়েছে। ১৮ লক্ষ ভোটারের মৃত্যু হয়েছে। ৯.৮ লক্ষ ভোটারকে তাদের রেজিস্টার্ড ঠিকানায় পাওয়া যায়নি। ৩.৮ লক্ষ ভোটারের দুই জায়গায় নাম ছিল।

এদিকে, এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেতেই রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। একদিকে যেখানে বিজেপি দাবি করেছে যে এসআইআর প্রক্রিয়া স্বচ্ছ হয়েছে। সেখানেই কংগ্রেস এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলেছে।

গুজরাট বিজেপির মুখপাত্র অনিল পটেল বলেছেন, “ডুপ্লিকেট এন্ট্রি বা মৃত ভোটারদের নাম বাদ যাওয়ার মতো ভুল হয়েই থাকে। গুজরাটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে। যারা ১ জানুয়ারির মধ্য়ে ১৮ বছর বয়সী হয়েছেন, তারা এখনও ফর্ম-৬ জমা দিতে পারবেন। যদি কোনও ভুল থাকে, তাহলে ফর্ম ৬, ৭ ও ৮ দিয়ে তা সংশোধন করা যাবে।”

কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, “রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস নেতারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে মিথ্যা প্রচার করেছে, গণতান্ত্রিক প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করছে। মিডিয়া চ্যানেলগুলিও বিতর্ক তৈরি করার চেষ্টা করেছে। তবে নির্বাচন কমিশনের তথ্যই সত্য বলছে।”

পাল্টা আক্রমণ করে গুজরাটের প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অমিত ছাবড়া বলেন, “গত বছরের ২৭ অক্টোবর থেকে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন শুরু হয়েছে। বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য আপডেট করেছেন। প্রচণ্ড মানসিক চাপে অনেক বিএলও প্রাণ হারিয়েছেন, কেউ কেউ আত্মহত্যাও করে নিয়েছেন। খসড়া তালিকায় ৭৪ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল। চূড়ান্ত তালিকায় ৪ কোটি ৪০ লক্ষ ৩০ হাজার ৭২৫ ভোটারের নাম রয়েছে। ৯ লক্ষ ৫৬ হাজার নতুন ভোটারের নাম যোগ হয়েছে, ৩ লক্ষ ৯৫ হাজার ৫৫৫ জনের নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশনের উচিত বুথ ভিত্তিক তথ্য প্রকাশ করা। যারা ভুয়ো ফর্ম-৭ জমা দিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। জনগণের জানা উচিত যে কোন আধিকারিকরা জড়িত, সিসিটিভি ফুটেজও প্রকাশ করতে হবে। কোনও বৈধ ভোটারের নাম বাদ যাওয়া উচিত নয়।”