Tamil Nadu CM Vijay: বিজয়ের শপথ, আজ থেকে তামিলনাড়ুতে শুরু ‘থালাপতি’ যুগ
Vijay takes oath as CM of Tamil Nadu: চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সকাল থেকেই স্টেডিয়ামের বাইরে দলের কর্মী-সমর্থকদের ভিড়। সুপারস্টার বিজয়ের ভক্তরাও জমায়েত হয়েছিল। সকাল ১০টা নাগাদ ভেন্যুতে পৌঁছন বিজয়। পরনে সাদা শার্ট,কালো ট্রাউজ়ার ও কালো ব্লেজ়ার।

চেন্নাই : ৫ দিনের নাটকে অবশেষে যবনিকা পতন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (Tamil Nadu CM) পদে শপথ নিলেন থালাপতি বিজয় (Thalapathy Vijay)। সেইসঙ্গে তামিলনাড়ুতে শুরু হল থালাপতি যুগ। যদিও একদিন আগেও তাঁর মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে, শেষে দুই দলের সমর্থনে টিভিকে (TVK) সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতেই সরকার গঠনের সব জটিলতা কেটে যায়। গতকালই রাজ্যপাল বিজয়কে সরকার গঠনের অনুমতি দেন। তারপর তড়িঘড়ি আজই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় তামিলনাড়ুতে।
বিজয়ের শপথ
চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে (Jawarlal Nehru Indoor Stadium) শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সকাল থেকেই স্টেডিয়ামের বাইরে দলের কর্মী-সমর্থকদের ভিড়। সুপারস্টার বিজয়ের ভক্তরাও জমায়েত হয়েছিল। সকাল ১০টা নাগাদ ভেন্যুতে পৌঁছন বিজয়। পরনে সাদা শার্ট,কালো ট্রাউজ়ার ও কালো ব্লেজ়ার। মঞ্চে তখন টিভিকে-র নেতা-মন্ত্রীর রয়েছে। দেখা গেল রাহুল গান্ধীকেও (Rahul Gandhi)। একেবারে বিজয়ের পাশেই বসেছিলেন তিনি। দু’জনকে বেশ খোশ মেজাজেি গল্প করতে দেখা যায়। বিজয়ের শপথ অনুষ্ঠানে ছিল তাঁর চর্চিত বান্ধবী তৃষাও। অনুষ্ঠানের শুরুতে প্রথমে বন্দে মাতরম ও পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপরই মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজয়।
বিজয়ের সঙ্গে এদিন আরও ৯ জন মন্ত্রী শপথ নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন আধব অর্জুন, সেঙ্গোত্তাইয়ান, আনন্দ, ভেঙ্কটরামনন, নির্মলকুমার, কীর্তনা।
বিজয় বাণী
শপথগ্রহণের পরই স্টেডিয়াম থেকে রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দেন তিনি। বিজয় বলেন,”আমি আপনাদের ছেলের মতো এবং ভাইয়ের মতো। আমরা আপনাদের যত্ন নেব।” বিজয় আরও বলেন, “তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে প্রতারিত করবেন না এবং প্রকৃত, ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়বিচারের জন্য কাজ করব। আমি ছাড়া ক্ষমতার অন্য কোনও কেন্দ্র থাকবে না। আমিই হব ক্ষমতার একমাত্র কেন্দ্র।”
