AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘যতই সমস্যা থাক, কাউকে গুলি করে মারব না’, অনুষ্ঠান পিছিয়ে দিলেন দুর্নিবার

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে শহরে একটি গানের অনুষ্ঠান করবেন গায়ক দুর্নিবার সাহা এবং বহু গুণী শিল্পীরা মিলে। সেই অনুষ্ঠান প্রথমে হওয়ার কথা ছিল ৯মে। তবে সেটি পিছিয়ে ১৬মে করার পরিকল্পনা করেন দুর্নিবার। এবার TV9 বাংলাকে গায়ক জানালেন, জুন মাসের শেষে ইন্ডিয়ান মিউজিয়ামে এবার এই অনুষ্ঠান করার পরিকল্পনা করছেন তাঁরা।

'যতই সমস্যা থাক, কাউকে গুলি করে মারব না', অনুষ্ঠান পিছিয়ে দিলেন দুর্নিবার
| Updated on: May 10, 2026 | 10:11 AM
Share

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে শহরে একটি গানের অনুষ্ঠান করবেন গায়ক দুর্নিবার সাহা এবং বহু গুণী শিল্পীরা মিলে। সেই অনুষ্ঠান প্রথমে হওয়ার কথা ছিল ৯মে। তবে সেটি পিছিয়ে ১৬মে করার পরিকল্পনা করেন দুর্নিবার। এবার TV9 বাংলাকে গায়ক জানালেন, জুন মাসের শেষে ইন্ডিয়ান মিউজিয়ামে এবার এই অনুষ্ঠান করার পরিকল্পনা করছেন তাঁরা।

অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কারণটি গুরুত্বপূর্ণ। দুর্নিবারের কথায়, ”রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে আমাদের এই অনুষ্ঠান। প্রথমে ভাবি সেদিনই অনুষ্ঠান করব। তারপর যখন দেখি, ৯ তারিখ সরকার গঠন হবে, তখন আমরা ঠিক করি ১৬মে অনুষ্ঠান করব। আমরা একটা ভয় পাচ্ছিলাম, যে সরকারই গঠন হোক, পশ্চিমবঙ্গের ইতিহাস যা, তাতে কিছু উত্তেজনা বা প্রতিহিংসার ব্যাপার থাকে। নির্বাচনের ফলের পর বুঝি, এই হিংসার স্থায়ীত্ব কিছুটা বেশি হতে পারে। যে অনুষ্ঠানই করি না কেন, সেটা তো মানুষকে আনন্দ দেওয়ার জন্য। আমাদের বাড়ির চারপাশ যদি এত উত্তপ্ত থাকে, তা হলে কোনও মানুষকে থট প্রোভোকিং কিছু দেখতে ডেকে আনাটা উদ্ধত মনে হয়। এমনিতেই সমাজ মাধ্যমে বহু বিক্ষেপ। আমাদের সচেতনতা রয়েছে। সেক্ষেত্রে এই যে অনুষ্ঠান, ‘ঠাকুরদালান’ কী এবং কেন, সেটা মানুষ যাতে বুঝতে পারেন, কিছুটা সময় পান, এবং আসতে পারেন, সেই কারণেই এই সিদ্ধান্ত।”

সম্প্রতি দুর্নিবার সমাজ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। যেখানে লেখা, ‘আমি ২৮,৩৭,০৬৮ জনের মধ্যে একটা নম্বর।” সঙ্গে তিনি হ্যাশট্য়াগ দিয়েছেন জাগোজাগো। দুর্নিবার এই বিষয়ে আলাদা করে কিছু বলতে চাইলেন না। এটা বললেন, এই হ্যাশট্যাগ তাঁর ছেলের দেওয়া। সমাজ মাধ্যমে তাঁর অনুরাগীদের আন্দাজ, তিনি বাম শিবিরকে সমর্থনের কথা বলেছেন।

ভোট পরবর্তী হিংসা দেখে কি অসহায় লাগে? দুর্নিবারের উত্তর, ”এটা কেন হয়, যখন ভাবি, মনে হয়, মানুষের বহু বছরের জমে থাকা ক্ষোভ তাঁরা বের করেন। কিন্তু সব কিছু উপরে একটাই জিনিস সমাজে পরিবর্তন আনতে পারে, সেটা সচেতনতা। সচেতনতা বাড়লে, এসব অসভ্যতা বন্ধ হবে। এটা শিক্ষার অভাব। এর সঙ্গে ডিগ্রির কোনও সম্পর্ক নেই। আমার কারও উপর যতই সমস্যা থাকুক, আমি তার সঙ্গে ঝগড়া করব, কিন্তু কাউকে গুলি করে মারব না। যেহেতু এখন বয়স হয়েছে, এমন অনেক কিছু দেখেছি, এখন এটা বোকামি বলে মনে হয়।”

Follow Us