
নয়া দিল্লি: সুপ্রিম কোর্টে নজিরবিহীন ঘটনা। এজলাসে বসে দেশের প্রধান বিচারপতি (CJI) সূর্য কান্ত। তাঁর উদ্দেশেই আপত্তিকর ও ব্যক্তিগত মন্তব্য করার জেরে আদালত কক্ষ থেকে বের করে দেওয়া হল এক আইনজীবীকে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহানার বেঞ্চে জরুরি ভিত্তিতে একটি মামলার শুনানির আবেদন জানিয়েছিলেন তিনি। সেখান থেকেই ঘটনার সূত্রপাত।
সোমবার মামলা মেনশন করার সময় ওই আইনজীবী নির্দিষ্ট পদ্ধতি না মেনে দুপুর ২টোয় বিষয়টি এজলাসে উল্লেখ করেন। তার জন্য ক্ষমাও প্রার্থনা করেন তিনি। পাশাপাশি তিনি অভিযোগ করেন যে, এর আগে গত ২ নভেম্বর প্রধান বিচারপতির চেম্বারে মামলাটি উল্লেখ করেছিলেন, কিন্তু ১৫ দিন পেরিয়ে যাওয়ার পরও কোনও সাড়া পাননি।
ওই আইনজীবী দাবি করেন, কোনও সাড়া না পাওয়াতেই বাধ্য হয়ে তিনি এদিন কোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি ভি. মোহানা আইনজীবীর বিষয়টি উত্থাপনের ধরন নিয়ে আপত্তি জানান। তিনি বলেন, আদালতে এই ধরনের বক্তব্য রাখতে পারেন না। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে প্রধান বিচারপতি সূর্য কান্ত ওই আইনজীবীকে অপেক্ষা করতে বলেন।
ওই আইনজীবী অপেক্ষা করতে রাজি নন বলে জানান। এরপর আচমকাই প্রধান বিচারপতিকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন ওই আইনজীবী। এই পরিস্থিতিতে আদালতের কার্যক্রমের অডিয়ো এবং ভিডিয়ো সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। ‘লাইভ ল’-এর রিপোর্ট অনুযায়ী, আদালতকক্ষে উপস্থিত আইনজীবীরা জানান যে, পরবর্তীতে নিরাপত্তারক্ষীরা ওই আইনজীবীকে আদালতকক্ষ থেকে বের করে নিয়ে যান।
প্রধান বিচারপতি মনে করিয়ে দেন মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আন্দোলনের সময় তাঁর (প্রধান বিচারপতি) বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন ওই আইনজীবী, যার জেরে আদালত অবমাননার মামলা শুরু হয়েছিল তাঁর বিরুদ্ধে।
প্রধান বিচারপতি যখন নিরাপত্তারক্ষীদের ডেকে ওই আইনজীবীকে আদালত কক্ষ থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন, তখন এটিও উল্লেখ করা হয় যে ওই আইনজীবী সুপ্রিম কোর্টের বারের সদস্য নন। বারের সদস্যরা কেন তাঁকে সমর্থন করছেন না, তা নিয়েও প্রশ্ন তোলেন ওই আইনজীবী। আদালতকক্ষে উপস্থিত কয়েকজন আইনজীবী প্রধান বিচারপতিকে অনুরোধ করেন যাতে ওই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।