Supreme Court on CEC: মুখ্য নির্বাচন কমিশনারের জীবনভর রক্ষাকবচকে চ্যালেঞ্জ, কেন্দ্রকে নোটিস দিল সুপ্রিম কোর্ট
Chief Election Commissioner: কেন দায়িত্ব থেকে অবসর নেওয়ার পরও রক্ষাকবচ থাকবে মুখ্য নির্বাচন কমিশনারের? এই প্রশ্ন তুলে মামলা হয়েছে সুপ্রিম কোর্ট। এদিন মামলাটি ওঠে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহানার বেঞ্চে।

নয়া দিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে যখন বিক্ষোভ চলছে, সেই আবহেই মুখ্য নির্বাচন কমিশনারের রক্ষাকবচ নিয়ে মামলা উঠল সুপ্রিম কোর্টে। কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নোটিস পাঠাল শীর্ষ আদালত। ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা (NGO)-র করা মামলায় মঙ্গলবার এই নোটিস দেওয়া হয়েছে।
কেন দায়িত্ব থেকে অবসর নেওয়ার পরও রক্ষাকবচ থাকবে মুখ্য নির্বাচন কমিশনারের? এই প্রশ্ন তুলে মামলা হয়েছে সুপ্রিম কোর্ট। এদিন মামলাটি ওঠে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহানার বেঞ্চে।
চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনারস অ্যাক্ট, ২০২৬-এর সেকশন ১৬-কে অসাংবিধানিক বলে দাবি করে এই মামলা করেছে ওই এনজিও। উল্লেখ্য, ওই আইনে বলা আছে, কোনও বর্তমান বা প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনারের কোনও কাজের জন্য কোনও আদালত তাঁদের বিরুদ্ধে কোনও সিভিল বা ক্রিমিনাল কেস শুনবে না।
এর আগে লোক পাহাড়ি নামে অপর একটি এনজিও একইভাবে ওই আইনকে চ্যালেঞ্জ করেছিল। গত জানুয়ারি মাসে সেই আবেদন শুনতে রাজি হয়েছিল সুপ্রিম কোর্ট।
আবেদনে উল্লেখ করা হয়েছে যে, এই ধারাটি মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের যে কোনও আদালতের এক্তিয়ারের উর্ধ্বে বসিয়েছে। আরও বলা হয়েছে যে, ভারতের সংবিধান বা অন্য কোনও আইনে এমন কোনও বিধান নেই যা আজীবন বহাল থাকে।
