AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: ২৭ অক্টোবর থেকে বদল আসছে রেলের টিকিটে, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

কেন্দ্র আগেই জানিয়েছিল যে অফলাইন টিকিটের ক্ষেত্রেও বিমার সুবিধা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। কীভাবে তা কাজ করবে, সেই নির্ধারণের কাজই চলছে। কিন্তু কী কাজ চলছে, কী ভাবা হচ্ছে, তা নিয়ে কেন বিশদ কোনও তথ্য নেই, সেই প্রশ্ন তোলে আদালত।

Supreme Court: ২৭ অক্টোবর থেকে বদল আসছে রেলের টিকিটে, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
| Updated on: Oct 15, 2026 | 7:34 PM
Share

নয়া দিল্লি: রেলের টিকিট নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রত্যেকটি টিকিটেই থাকতে হবে বিমা। এতদিন শুধুমাত্র অনলাইনে বুক করা টিকিটের ক্ষেত্রেই বিমার কভারেজ থাকত। এবার অফলাইনে বা টিকিট কাউন্টার থেকে কাটা টিকিটেও বিমা কার্যকর করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আগামী ২৭ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর করা হচ্ছে। এই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে বলেছে শীর্ষ আদালত। নির্দেশ না মানলে রেল দায়ী থাকবে বলেও উল্লেখ করা হয়েছে অর্ডারে।

বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লাহ ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে ছিল মামলার শুনানি। রেলের সুরক্ষা সংক্রান্ত মামলায় টিকিট নিয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে কেবলমাত্র অনলাইনে টিকিট কাটলেই বিমার কভারেজ পাওয়া যায়। টিকিটের সঙ্গে ন্যুনতম কিছু টাকা নেওয়া হয় যাত্রীদের কাছ থেকে।

২০২৩ সালের জুন মাসে ঘটা ওড়িশার ট্রেন দুর্ঘটনা নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার শুনানি চলাকালীন যাত্রী সুরক্ষা, ফুট ওভার ব্রিজ, ফেন্সিং সংক্রান্ত একাধিক বিষয় উঠে আসে। স্টেশনের কাউন্টার থেকে কেনা টিকিটে কেন বিমানর সুবিধা দেওয়া হবে না, তা নিয়েও প্রশ্ন ওঠে। সরকারের অবস্থানও জানতে চাওয়া হয় এই বিষয়ে।

কেন্দ্র আগেই জানিয়েছিল যে অফলাইন টিকিটের ক্ষেত্রেও বিমার সুবিধা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। কীভাবে তা কাজ করবে, সেই নির্ধারণের কাজই চলছে। কিন্তু কী কাজ চলছে, কী ভাবা হচ্ছে, তা নিয়ে কেন বিশদ কোনও তথ্য নেই, সেই প্রশ্ন তোলে আদালত। বিষয়টিকে গুরুত্ব দিতে বলা হয়। পরে ৬ অক্টোবরের শুনানিতে আদালত তীব্র অসন্তোষ প্রকাশ করে রেল মন্ত্রকের আধিকারিকদের ভূমিকায়। বিচারপতিরা জানান, কাজ হচ্ছে বলে দাবি করা হলেও বিষয়টি শুধু মুখের কথা হয়ে রয়ে যাচ্ছে।

বুধবার শীর্ষ কোর্ট নির্দেশ দিয়েছে, সাধারণ, নিম্নবিত্ত মানুষের নিরাপত্তার বিষয়টি এগোয়নি বেশি দূর। তাই দুই সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। ২৭ অক্টোবর থেকে কাউন্টারে ট্রেনের টিকিট কিনলেই বিমা থাকতে হবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ মানতে ব্যর্থ হলে রেলের বোর্ডের উপরই দায় বর্তাবে।

Follow Us