SIR-এ বাধা দিলে নেওয়া হতে পারে চরম সিদ্ধান্ত, সাফ বুঝিয়ে দিল সুপ্রিম কোর্ট

Supreme Court-SIR Case: সোমবার প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে ছিল এসআইআর সংক্রান্ত মামলার শুনানি। কমিশন ও রাজ্যের সওয়াল-জবাবের মাঝেই প্রধান বিচারপতি এদিন সাফ জানান, প্রয়োজনে যে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

SIR-এ বাধা দিলে নেওয়া হতে পারে চরম সিদ্ধান্ত, সাফ বুঝিয়ে দিল সুপ্রিম কোর্ট
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 09, 2026 | 7:55 PM

নয়া দিল্লি: এসআইআর প্রক্রিয়া নিয়ে অনেক চাপান-উতোর চলেছে। শুরু থেকেই পুরো প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। এসআইআর-কে ঘিরে এই কয়েকমাসে বিক্ষোভ, অশান্তির ছবি দেখেছে বাংলা। এবার সেই প্রক্রিয়া শেষ পর্যায়ে। এখনও দেশের শীর্ষ আদালতে চলছে এসআইআর সংক্রান্ত মামলা। এবার সুপ্রিম কোর্ট স্পষ্ট বুঝিয়ে দিল, এসআইআর-এর ক্ষেত্রে কোনও বাধা বরদাস্ত করা হবে না।

সোমবার প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে ছিল এসআইআর সংক্রান্ত মামলার শুনানি। কমিশন ও রাজ্যের সওয়াল-জবাবের মাঝেই প্রধান বিচারপতি এদিন সাফ জানান, প্রয়োজনে যে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রধান বিচারপতি বলেন, “যে কোনও নির্দেশ প্রয়োজন হলে, আমরা জারি করব। কিন্তু কোনও পরিস্থিতিতেই আমরা এসআইআর প্রক্রিয়ায় কোনও প্রতিবন্ধকতা বরদাস্ত করব না। এটা সব রাজ্যকে স্পষ্টভাবে বুঝতে হবে।”

কী কী নির্দেশ দেওয়া হল সুপ্রিম কোর্টের তরফে

রাজ্য সরকারের তরফে যে ৮,৫০৫ জন অফিসার নিয়োগের তালিকা দেওয়া হয়েছে কমিশনকে, সেই গ্রুপ বি অফিসারদের তালিকা মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে ডিইও ও ইআরও-দের কাছে রিপোর্ট জমা করতে হবে। তাঁদের তথ্য খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে, কাকে কাজ দেওয়া হবে।

মাইক্রো অবজারভাররা শুধুই ইআরও-দের সাহায্য করবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইআরও-রা। যে সব নথির কথা বলা হয়েছে, সেগুলি ইআরও-দের গ্রহণ করতে হবে।

নথি খতিয়ে দেখার জন্য অতিরিক্ত সময় দেওয়া হল। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হচ্ছে না। আরও সাতদিন সময় দেওয়া হল স্ক্রুটিনির জন্য।