
নয়া দিল্লি : দত্তক নেওয়া সন্তানের মায়েরাও পাবেন মাতৃত্বকালীন ছুটি। আগে, সন্তানের বয়সের উপর নির্ভর করত মাতৃত্বকালীন ছুটি। তবে, এবার সেই নিয়ম বদলে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, দত্তক সন্তানের বয়স তিন মাসের বেশি হলেও মাতৃত্বকালীন ছুটি নিতে পারবেন মায়েরা। পুরনো ধারাটিকে রদ করে এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে, কত দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন মায়েরা, তাও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সামাজিক সুরক্ষা আইন, ২০২০-এ ৬০(৪) ধারাটি অসাংবিধানিক। এই ধারা অনুযায়ী, দত্তক নেওয়া মায়েরা শুধুমাত্র তখনই মাতৃত্বকালীন সুবিধা পেতেন, যখন দত্তক নেওয়া সন্তানের বয়স তিন মাসের কম হত। এই ধারাটিকেই রদ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, দত্তক নেওয়া সন্তানের বয়স তিন মাসের বেশি হলেও সেই মহিলা মাতৃত্বকালীন ছুটি পাওয়ার যোগ্য। সর্বাধিক ১২ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি পেতে পারেন। সন্তানের বয়স কখনওই মাতৃত্বকালীন ছুটির উপর নির্ভর করবে না। শীর্ষ আদালতের ব্যাখ্যা, ,যখন একজন মহিলা আইনত একটি শিশু দত্তক নিচ্ছেন,সেই সময় থেকে ১২ সপ্তাহের জন্য মাতৃত্বকালীন ছুটি নিতে পারবেন।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, দত্তক নেওয়া সন্তানেরও মায়ের যত্নের প্রয়োজন। সেই সন্তানেরও মাতৃস্নেহের প্রয়োজন। তবে, তা সন্তানের বয়স দিয়ে বিচার করা যায় না। তিন মাসের কম বয়স হোক বা বেশি, মায়েদের দায়িত্ব একই থাকে। সন্তানের বয়স দিয়ে মায়েদের দায়িত্ব কখনও বিচার করা যায় না। পিতৃত্বকালীন ছুটিকে সামাজিক সুরক্ষার অধীনে যাতে আইন আনা যায়, সেই বিষয়ে কেন্দ্রকে আবেদন করেছে সুপ্রিম কোর্ট।
মামলা শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে সংবিধানের ১৪ নম্বর ও ২১ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করেছেন। ১৪ নম্বর অনুচ্ছেদে বলা বয়েছে, দেশের প্রত্যেক নাগরিকের জন্য সমান আইন থাকবে। আবার সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, আইনি পদ্ধতি ছাড়া কাউকে ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। আদালতের পর্যবেক্ষণ, সামাজিক সুরক্ষা আইনের ৬০(৪) ধারাটি সম্পূর্ণ অসাংবিধানিক। সংবিধানের দুই অনুচ্ছেদকে লঙ্ঘন করেছে।