Supreme Court on DG: ‘ডিজিপি-কে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে’, রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট

SIR Case: পশ্চিমবঙ্গে এসআইআর-কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় গন্ডগোলের ছবি সামনে এসেছে। এসআইআর-র কাজে যুক্ত কর্মীদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। সেই অভিযোগে আগেই রাজ্য পুলিশের ডিজি-কে শোকজ করে সুপ্রিম কোর্ট। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডেকে ব্যক্তিগতভাবে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই সেই হলফনামা জমা দিয়েছেন তিনি। ফের একবার সতর্ক করা হল তাঁকে।

Supreme Court on DG: ডিজিপি-কে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে, রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 20, 2026 | 3:37 PM

নয়া দিল্লি: এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পথে। আর কিছুদিনের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই আবহেই পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। ফের একবার রাজ্যের ডিজি পীযূষ পাণ্ডেকে কার্যত সতর্ক করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত।

আজ, শুক্রবার সুপ্রিম কোর্টে ছিল এসআইআর মামলার শুনানি। একদিকে রাজ্যের অফিসার নিয়োগের বিষয়টি নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করে আদালত। সেই সঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও যথেষ্ট উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গে এসআইআর-কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় গন্ডগোলের ছবি সামনে এসেছে। এসআইআর-র কাজে যুক্ত কর্মীদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। সেই অভিযোগে আগেই রাজ্য পুলিশের ডিজি-কে শোকজ করে সুপ্রিম কোর্ট। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডেকে ব্যক্তিগতভাবে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই সেই হলফনামা জমা দিয়েছেন তিনি।

এবার ডিজিপি-র উদ্দেশে সুপ্রিম কোর্ট বলল, “আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রিত না হলে ডিজিপি-কে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে।”

কোন কোন নেতা প্ররোচনামূলক বক্তব্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সমস্যা তৈরি করছে, তার তালিকা আদালতে তুলে ধরতে চাইছিলেন কমিশনের আইনজীবী। রাজ্যের তরফে অভিষেক মনু সিংভি জানান, ডিজিপি বিস্তারিত হলফনামা জমা দিয়ে তাঁর বক্তব্য জানিয়েছেন। প্রধান বিচারপতি এই প্রসঙ্গে বলেন, “দুর্ভাগ্যবশত নির্বাচন এলেই সারাদেশে এই ধরনের বক্তব্য শোনা যাচ্ছে।”