
নয়া দিল্লি: রাজধানীতে প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রী। দিল্লির রাজনীতিতে আজ নজরে শুধুই শুভেন্দু-মমতা। একদিকে যেমন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাচ্ছেন দিল্লিতে, তেমনই ইন্ডিয়া জোটকে সামাল দিতে দিল্লিতে হাজির হবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিল্লি যাত্রার কারণ হল এনসিপিআই। তৃণমূল কংগ্রেস ভেঙে বেরিয়ে আসা এনসিপিআই-এর এনডিএ-র পক্ষে সমর্থন ১০০ শতাংশ নিশ্চিত করতে আজ রাতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
অন্যদিকে, বিরোধী শিবিরের ঐক্য সামাল দিতে রাজধানীর রণাঙ্গনে তৃণমূল নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। ডিএমকে, আম আদমি পার্টির মতো কংগ্রেস বিরোধী এবং একদা শরিক দলগুলির সঙ্গে যোগাযোগের দায়িত্ব নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা নির্বাচনের পরই ভেঙে খণ্ড খণ্ড হয়েছে তৃণমূল কংগ্রেস। ২০ জন সাংসদ বিদ্রোহ ঘোষণা করে এনসিপিআই-তে যোগ দিয়েছেন। এই ২০ এনসিপিআই সাংসদ বাদে লোকসভার বাকি ৮ এবং রাজ্যসভার ৯ জন তৃণমূল সাংসদের টিমে ভাঙ্গনের অপারেশনের ব্লুপ্রিন্ট নেই তো? মনের কোণে আশঙ্কা রয়েছে। তাই সতর্ক মমতা শিবির। রাজধানীতে ঘাঁটি গেড়ে কি ঘর সামলাতে উদ্যোগী মমতা? প্রশ্ন ওয়াকিবহাল মহলেরও।