Telangana: কাটাছেঁড়া না করেই ৬ মাসের শিশুর পেট থেকে বের হল লকেট, কীভাবে জানেন?
Telangana: শিশুরা কয়েন বা লকেটের মতো কিছু গিলে ফেললে, ডাক্তাররা সাধারণত সেই বস্তুটি অপসারণের জন্য অস্ত্রোপচার করে থাকেন। কিন্তু, এই ক্ষেত্রে মেয়েটির বয়স ছিল মাত্র ৬ মাস। তাই, অপারেশন করতে পারেননি চিকিৎসকরা। তাহলে কীভাবে বের হল সেই লকেট?

হায়দরাবাদ: অনেক সময়ই কয়েন বা অন্য কিছু গিলে ফেলার কারণে জীবন বিপন্ন হয় শিশুদের। বেশিরভাগ সময়ই, এই ধরনের ক্ষেত্রে, ডাক্তাররা গিলে ফেলা বস্তুটি অপসারণের জন্য অস্ত্রোপচার করে থাকেন। কিন্তু তেলঙ্গানার নালগোন্ডা জেলায়, কোনও অস্ত্রোপচার ছাড়াই এক ৬ মাস বয়সী মেয়ের শরীর থেকে একটি লকেট বের করে আনলেন সেখানকার ডাক্তাররা। একটি বড়-সড় লকেট নিয়ে খেলছিল ৬ মাসের মেয়েটি। আশেপাশে আর কেউ ছিল না। আচমকাই সে লকেটটি গিলে ফেলেছিল। আর তারপরই কাঁদতে শুরু করেছিল মেয়েটি।
মেয়েটির কান্না শুনে ছুটে এসেছিলেন বাবা-মা। প্রথমে সে কেন কাঁদছে, তা তাঁরা বুঝতে পারেননি। পরে, তাঁরা লক্ষ্য করেন, যে লকেটটি নিয়ে সে খেলছিল, সেটি দেখা যাচ্ছে না। তাঁরা আশঙ্কা করেছিলেন, শিশুটি লকেটটি গিলে ফেলেছে। এদিকে, তার অবস্থা ক্রমে খারাপ হতে থাকে। এই অবস্থায় মেয়েটির বাবা-মা শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে ইউএসজি করে চিকিৎসকরা দেখেন, লকেটটি শিশুর পেটে আটকে রয়েছে। সিটি স্ক্যান করে, লকেটটির সঠিক অবস্থান নির্ণয় করেন তাঁরা।
লকেটটির অবস্থান জানতে পারলেও, ডাক্তারদের সামনে একটা কঠিন প্রশ্ন ছিল। কীভাবে লকেটটি বের করা যাবে।সাধারণত চিকিৎসকরা এই ধরনের ক্ষেত্রে অস্ত্রোপচার করেন। কিন্তু, এই ক্ষেত্রে মেয়েটির বয়স ছিল খুবই কম। তাই, অস্ত্রোপচার করা তার জন্য বিপজ্জনক হতে পারত। গ্যাস্ট্রোলজিস্ট ডা. কীর্তি রেড্ডি জানিয়েছেন,. বয়স কম হওয়ার কারণে, তার প্রাণের ঝুঁকিও ছিল। এই পরিস্থিতিতে, লকেটটি বের করতে ডাক্তাররা এন্ডোস্কোপির সাহায্য নেন।
ডা. রেড্ডি জানিয়েছেন, অস্ত্রোপচার ছাড়া এন্ডোস্কোপি পদ্ধতির মাধ্যমে ছয় মাস বয়সী ওই শিশুটির পেট থেকে লকেট বের করা এক বিরল ঘটনা। তিনি আরও জানিয়েছেন, শিশুটি এখন সম্পূর্ণ সুস্থ। চিকিত্সকরা বলছেন, শিশুরা অনেক সময়ই নিজেদের অজান্তেই খেলতে খেলতে লকেট, কয়েনের মতো জিনিস গিলে ফেলে। অভিভাবকদের উচিত, বাচ্চাদের আশেপাশে এমন জিনিসগুলি না রাখা।
