LeT Terrorist Killed: সহযোগীকে ফেলে পালিয়েছিল, ২৫ দিনের মধ্যে কাশ্মীরে খতম শীর্ষ লস্কর জঙ্গি মুসা
LeT terrorist Killed in Budgam Encounter: গত কয়েক বছরে একাধিক হামলার ঘটনায় শীর্ষ লস্কর জঙ্গি মুসা অভিযুক্ত ছিল বলে জানিয়েছেন আধিকারিকরা। চলতি মাসের শুরুতেই ইউসমার্গ পাহাড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ের সময় সে পালিয়ে গিয়েছিল। গত ৫ সেপ্টেম্বর সেই এনকাউন্টারে মুসার ঘনিষ্ঠ সহযোগী ইয়াসির নিহত হয়।

শ্রীনগর: সন্ত্রাসবাদ দমনে বড় সাফল্য। জম্মু-কাশ্মীরে একাধিক হামলার ঘটনায় অভিযুক্ত লস্কর-ই-তৈবার (LeT) এক শীর্ষ জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার মধ্য কাশ্মীরের বদগাম জেলার দুর্গম পাহাড়ি এলাকায় এই এনকাউন্টার হয় বলে জানিয়েছেন সরকারি আধিকারিকরা। নিহত ওই লস্কর জঙ্গির নাম সুলেমান শাহ ওরফে মুসা। এই মাসের শুরুতে এক এনকাউন্টারে তার এক সহযোগী নিহত হয়। সেইসময় পালিয়েছিল মুসা।
গোয়েন্দা সূত্রের ভিত্তিতে গতকাল মধ্য কাশ্মীরের বদগামের কোরাগ, ইউসমার্গ এলাকায় অভিযান শুরু করে সেনা। সেনার তরফে জানানো হয়েছে, রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে যৌথভাবে অভিযান চালানোর সময় সন্দেহজনক গতিবিধি দেখতে পান। নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলার পরই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। তখন নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের গুলির লড়াই শুরু হয়। সেই সংঘর্ষেই এক জঙ্গিকে খতম করা হয়েছে।
আধিকারিকরা জানিয়েছেন, দুধপথরি জঙ্গলে গুলির লড়াইয়ের সময় মুসা নিহত হয়। তবে এলাকায় এখনও অভিযান চলছে। সেনার বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সতর্ক জওয়ানরা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। চ্যালেঞ্জ করা হলে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। এরপর তীব্র গুলির লড়াই শুরু হয়। সেই সংঘর্ষে এক জঙ্গিকে খতম করা হয়েছে।’’ সংঘর্ষস্থল থেকে কোনও অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে কি না, এখনও জানা যায়নি।
গত কয়েক বছর ধরে পির পাঞ্জাল পর্বতমালার দুই প্রান্তে একাধিক হামলার ঘটনায় শীর্ষ লস্কর জঙ্গি মুসা অভিযুক্ত ছিল বলে জানিয়েছেন আধিকারিকরা। চলতি মাসের শুরুতেই ইউসমার্গ পাহাড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ের সময় সে পালিয়ে গিয়েছিল। গত ৫ সেপ্টেম্বর সেই এনকাউন্টারে মুসার ঘনিষ্ঠ সহযোগী ইয়াসির নিহত হয়। এবার মুসা নিহত হওয়ায় জম্মু-কাশ্মীরে লস্কর-ই-তৈবার জঙ্গি কার্যকলাপের ক্ষেত্রে বড় ধাক্কা বলে মনে করছেন নিরাপত্তা আধিকারিকরা।
