AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah on UCC: বাংলায় কবে চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি, দিনক্ষণ বলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Uniform Civil Code: কেন্দ্রে বিজেপি সরকারের সাফল্যের খতিয়ানও তুলে ধরেন। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের উদাহরণ দেন তিনি। তিন তালাক প্রত্যাহার করায় মুসলিম মহিলারা সুবিচার পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

Amit Shah on UCC: বাংলায় কবে চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি, দিনক্ষণ বলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর।Image Credit: PTI
| Updated on: Sep 14, 2026 | 8:42 AM
Share

মুম্বই: অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বড় ঘোষণা। ইতিমধ্যেই উত্তরাখণ্ড, গুজরাটের মতো রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। পশ্চিমবঙ্গ ও অসমও ইউসিসি চালু করার পরিকল্পনা করছে। এর মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বড় ঘোষণা। অমিত শাহ জানালেন, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই ২১টি রাজ্য অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে।

মুম্বইতে সেবা সংকল্প অভিযানে সামিল হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ঘোষণা করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ওই দিন থেকে টানা ৩০ দিন সেবা সংকল্প অভিযান পালন করা হবে।

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে তিনি বলেন, “একাধিক রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করেছি আমরা। আমার বিশ্বাস যে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি শাসিত ২১টি রাজ্যেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে।”

বর্তমানে ১৯টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ক্ষমতায় রয়েছে। এগুলি হল পশ্চিমবঙ্গ, দিল্লি, অসম, উত্তরাখণ্ড, রাজস্থান, মহারাষ্ট্র, বিহার, মধ্য প্রদেশ ও উত্তর প্রদেশ। দেশে প্রথম উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হয়। এরপরে গুজরাটেও অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। অসমেও পাশ হয়ে গিয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। মধ্য প্রদেশে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে রাজ্যগুলিতে আলাদা আলাদা নিয়ম থাকবে না। সকল ধর্ম, সম্প্রদায়ের জন্য একই আইন হবে। বিয়ে, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকারে সকলের জন্য এক নিয়ম হবে। শুধু আদিবাসীদের এই নিয়ম থেকে সংরক্ষিত করা হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে এবং প্রশাসনিক পদে ২৫ বছর পূর্তি উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর, এক মাস ধরে সেবা সংকল্প অভিযান পালন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। তিনি বলেন, “দেশের খুব কম নেতা একটানা ২৫ বছর ধরে জনসেবা করার সুযোগ পেয়েছেন। মুখ্যমন্ত্রী হিসাবে এবং তারপর দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করার সাফল্য খুব কম জনেরই রয়েছে। দেশজুড়ে এই প্রচার অভিযান করা হবে।”

এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই তিনি কেন্দ্রে বিজেপি সরকারের সাফল্যের খতিয়ানও তুলে ধরেন। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের উদাহরণ দেন তিনি। তিন তালাক প্রত্যাহার করায় মুসলিম মহিলারা সুবিচার পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে নকশালবাদ মুক্ত হয়েছে দেশ, তাও উল্লেখ করেন। সকল অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানোর কথাও বলেন তিনি।

Follow Us