AI-তেও আত্মনির্ভর হচ্ছে দেশ, তাক লাগাচ্ছে ‘সর্বম’-র কামাল, কী বললেন অশ্বিনী বৈষ্ণব?

Sarvaam AI: এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেও স্বনির্ভর হচ্ছে দেশ। বিদেশি কোনও এআই প্রযুক্তি মডেল নয়, সম্পূর্ণভাবে ভারতে তৈরি করা হয়েছে এআই মডেল, যার নাম সর্বম। নামের মতোই এই এআই মডেল, সমস্ত কাজ করতে সক্ষম। এবার এই মডেলের প্রশংসাও আসতে শুরু করল বিশ্বের নানা প্রান্ত থেকে।

AI-তেও আত্মনির্ভর হচ্ছে দেশ, তাক লাগাচ্ছে সর্বম-র কামাল, কী বললেন অশ্বিনী বৈষ্ণব?
সর্বম এআই- নিয়ে কী বললেন অশ্বিনী বৈষ্ণব?Image Credit source: X

|

Feb 08, 2026 | 11:03 AM

নয়া দিল্লি: আত্মনির্ভরতার পথে হাঁটছে ভারত। ইতিমধ্যেই একাধিক ক্ষেত্রে আত্মনির্ভর হয়েছে দেশ। নিজস্ব দেশীয় প্রযুক্তি তৈরি করেছে। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেও স্বনির্ভর হচ্ছে দেশ। বিদেশি কোনও এআই প্রযুক্তি মডেল নয়, সম্পূর্ণভাবে ভারতে তৈরি করা হয়েছে এআই মডেল, যার নাম সর্বম। নামের মতোই এই এআই মডেল, সমস্ত কাজ করতে সক্ষম। এবার এই মডেলের প্রশংসাও আসতে শুরু করল বিশ্বের নানা প্রান্ত থেকে।

কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ডিডি দাস নামক এক সফটওয়ার ইঞ্জিনিয়ার তথা ভেনচার ক্যাপিটালিস্টের পোস্ট। ডিডি এর আগে গুগল, গ্লেনের মতো বড় বড় সংস্থায় কাজ করেছেন। তিনিও সর্বম এআই নিয়ে প্রশংসাসূচক পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “এক বছর আগে ইন্ডিক ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে আমার যে ধারণা ছিল, তা সম্পূর্ণ ভুল ছিল। সর্বম এআই-তে সবথেকে ভাল টেক্সট টু স্পিচ, স্পিচ টু টেক্সট ও ওসিআর মডেল রয়েছে। এর মূল্যও যথেষ্ট যুক্তিযুক্ত। এই ওয়েবসাইট শুধু সুন্দরভাবে ডিজাইন করাই নয়, একইসঙ্গে ব্যবহার করাও অত্যন্ত সহজ।”

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ডিডি দাসের পোস্টটি রিপোস্ট করে লিখেছেন, “আমাদের সার্বভৌম মডেল স্ট্রাটেজি ফলাফল দিচ্ছে। সমালোচকরাও সর্বমের প্রযুক্তিগত অ্যাডভান্সড মডেলের প্রশংসা করছেন।”

তিনি আরও লেখেন, “আমাদের ইঞ্জিনিয়াররা ক্রমাগত মেটেরিয়াল সায়েন্স, স্বাস্থ্যক্ষেত্র ও সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছে, যার মডেলগুলি শীঘ্রই গোটা বিশ্বের নজর কাড়বে।”