Maha Kumbh: আবার একটা পুণ্যস্নান, ভিড় সামাল দিতে পারবে তো? মহাকুম্ভে হাজির খোদ যোগী, খুঁজলেন খামতি আছে কি না
Kumbh Mela: বসন্ত পঞ্চমীতে রয়েছে অমৃত স্নানের তিথি। আজ থেকেই শুরু হয়েছে পুণ্যস্নান। আগামিকাল ভোর ৫টা ২৩ মিনিট থেকে ৬ টা পর্যন্ত চলবে পুণ্যস্নান।

প্রয়াগরাজ: মৌনি অমাবস্যার দুর্ঘটনা থেকে শিক্ষা। বসন্ত পঞ্চমীর অমৃত স্নানেও যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তার জন্য মহা কুম্ভের ব্যবস্থাপনার তদারকিতে নামলেন স্বয়ং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
বসন্ত পঞ্চমীতে রয়েছে অমৃত স্নানের তিথি। আজ থেকেই শুরু হয়েছে পুণ্যস্নান। আগামিকাল ভোর ৫টা ২৩ মিনিট থেকে ৬ টা পর্যন্ত চলবে পুণ্যস্নান। মৌনি অমাবস্যায় স্নানের জন্য হুড়োহুড়িতে যেভাবে পদপিষ্টের ঘটনা ঘটেছিল এবং কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়, তার পুনরাবৃত্তি চাইছে না উত্তর প্রদেশ সরকার।
শনিবার উত্তর প্রদেশ সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রয়াগরাজের মহাকুম্ভে দিনভর দফায় দফায় বৈঠক করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সরোজমিনে খতিয়ে দেখেছেন মেলার নিরাপত্তা ব্যবস্থার পরিকাঠামগত প্রস্তুতি। ঘুরে দেখেছেন সঙ্গমে পদপিষ্ট হওয়ার স্থানও।
মুখ্যমন্ত্রীর নির্দেশ, ১০০ শতাংশ ত্রুটিবিহীন করতে হবে বসন্ত পঞ্চমীর স্নানের ব্যবস্থাপনা। আগের পুণ্যস্নানে যে বিপত্তি ঘটেছে, তা যেন কোনওভাবে আর না ঘটে। ভিড় সামাল দিতেও বিশেষ ব্যবস্থার নির্দেশ দিয়েছেন তিনি।
কী কী নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী?
1. স্নান করতে যাওয়া পুণ্যার্থী এবং পূন্যার্থীদের স্নান সেরে ফেরার রুট সম্পূর্ণ আলাদা করতে হবে। জনস্রোত যেন কোথাও মুখোমুখি না হয়, তা নিশ্চিত করতে হবে।
2. ঘাটমুখী রাস্তা এবং স্নান সেরে ফেরা রাস্তার মধ্যে ব্যারিকেড থাকবে।
3. ভিড় নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর মোতায়েন থাকবে পুলিশ-সহ নিরাপত্তা বাহিনী।
4. পুণ্যার্থীদের সুবিধার জন্য নতুন করে একাধিক ভাষায় দিক নির্দেশিকার বোর্ড বসানো হয়েছে।
5. জোনাল সিস্টেম মেনেই পুণ্যার্থীদের স্নান করতে হবে। অর্থাৎ যে ব্যারিকেটেড রুট দিয়ে পুণ্যার্থীরা মেলা গ্রাউন্ডে প্রবেশ করবেন, তার নিকটবর্তী ঘাটেই স্নান করতে হবে পুণ্যার্থীদের।
6. ভিড় যাতে ইচ্ছেমতো ছড়িয়ে পড়তে না পারে তার জন্য প্রয়োজন মতো কয়েকটি পন্টুন ব্রিজ বন্ধ রাখা হচ্ছে।
7. আখাড়াগুলির অমৃতস্নানের শোভাযাত্রার রুট ব্যারিকেড করে সম্পূর্ণ আলাদা করা হয়েছে।
8. মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রয়াগরাজ শহরের বিভিন্ন প্রান্তে ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় থাকবেন এসপি পদমর্যাদার অফিসাররা।
9. মৌনি স্নানের দিনের ঘটনার পর বাড়ানো হচ্ছে পার্কিং স্পেস। এত দিন শহরের বিভিন্ন প্রান্তে মোট ১০৩টি পার্কিং এরিয়া ছিল। মুখ্যমন্ত্রী নির্দেশের পর রাতারাতি সংখ্যাবৃদ্ধি করা হয়েছে।
10. কৌশাম্বি, প্রতাপগড়, মীর্জাপুর, চিত্রকূট এবং ভাদোই-এর মত প্রয়াগরাজ সংলগ্ন প্রত্যেকটি জেলার মধ্য দিয়ে আগত রুটের নির্দিষ্ট পার্কিং লট (Designated Parking lot) তৈরি করা হয়েছে।
11. প্রয়াগরাজ শহরে ভিড় বেড়ে গেলে লখনউ এবং কানপুর থেকে আগত হাইওয়ে প্রয়োজন মতো সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

