AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lok sabha Election 2024: বাংলা থেকে কয়টি আসনের দাবি জানানো হবে, রূপরেখা তৈরি করেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব

Congress: দেশের ৫৪৩টি আসনে দলের ভিত মজবুত করতে প্রতিটি কেন্দ্রে পৃথক কো-অর্ডিনেটর সাংগঠনিক কমিটি গঠন করেছে কংগ্রেস। আগামী ১২ জানুয়ারি বাংলার ৪২টি আসনে নবনিযুক্ত কো-অর্ডিনেটারদের দিল্লিতে বৈঠকে ডেকেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। মূলত, বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের কোথায় কংগ্রেসের কতটা প্রভাব এবং কীভাবে নির্বাচনী প্রচার শুরু করা যায়, তার রণকৌশল এই বৈঠকে স্থির হবে বলে সূত্রের খবর।

Lok sabha Election 2024: বাংলা থেকে কয়টি আসনের দাবি জানানো হবে, রূপরেখা তৈরি করেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব
ফাইল ছবি।
| Edited By: | Updated on: Jan 08, 2024 | 9:29 PM
Share

নয়া দিল্লি: সম্প্রতি ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে হতাশাজনক ফল হয়েছে কংগ্রেসের। এরপরই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইন্ডিয়া জোটের ভিত দৃঢ় করতে তৎপর হয়েছে কংগ্রেস হাইকম্যান্ড। যদিও দিল্লি, বাংলা, বিহার, পঞ্জাবের মতো বেশি কিছু রাজ্যে আসন-রফা নিয়ে জোট-ঘোঁট রয়েছে। তবে চলতি মাসেই সমস্ত জট কাটিয়ে আসন রফা সম্পূর্ণ করতে চায় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। বাংলার শাসকদল তথা ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত মাত্র ২টি আসন কংগ্রেসকে ছাড়ার ইঙ্গিত দিয়েছে। তবে প্রদেশ নেতৃত্ব বাংলা থেকে অন্তত ১০টি আসনের দাবি জানাচ্ছে এবং দলের ন্যাশনাল অ্যালায়েন্স কমিটির বৈঠকেও এই দাবি জানাবে বলে সূত্রের খবর।

গত বছরের শেষে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে আসন-রফা নিয়েই আপ থেকে এসপি-র সঙ্গে জট বেঁধেছিল কংগ্রেসের। যার ফল কেবল কংগ্রেস বা আঞ্চলিক দল নয়, সামগ্রিকভাবে ইন্ডিয়া জোটের পক্ষে খুব খারাপ হয়েছে। এবার লোকসভা নির্বাচনে যাতে তার পুনরাবৃত্তি না হয়, তার জন্য কংগ্রেসের ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি পৃথকভাবে প্রতিটি জোট শরিকের সঙ্গে বৈঠকে বসছে। সোমবারই আপ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছে। শীঘ্রই বাংলায় তৃণমূল এবং বামেদের সঙ্গে আলাদা বৈঠক করবে। তবে তার আগে বাংলার প্রদেশ নেতৃত্বের মত জানতে চায় কংগ্রেস হাইকম্যান্ড। তাই বাংলা থেকে কংগ্রেসের কতগুলি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তা নিয়ে আলোচনা করতে শীঘ্রই প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবে কংগ্রেসের ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি।

কংগ্রেস সূত্রে খবর, প্রদেশ নেতৃত্ব বাংলা থেকে অন্তত ১০টি আসনের দাবি নিয়ে ন্যাশনাল অ্যালায়েন্স কমিটির সঙ্গে আলোচনা শুরু করবে। শেষ পর্যন্ত ১০টি আসন না হলেও অন্তত ৮টি আসনে প্রার্থী দিতে উন্মুখ প্রদেশ কংগ্রেস। কেন এতগুলি আসনের দাবি তোলা হবে তার কারণও ব্যাখ্যা করবেন প্রদেশ নেতৃত্ব। তাঁদের দাবি, তৃণমূলের পাওয়া আসন দাবি করা হবে না। গত লোকসভা নির্বাচনে যে আসনগুলি বিজেপি পেয়েছে এবং কখনও সেগুলি কংগ্রেসের অধীনে ছিল বা এখনও কংগ্রেস সমর্থকের আধিক্য রয়েছে, সেই আসনগুলি দাবি জানানো হবে। যদিও ঠিক কোন আসনগুলির কথা প্রদেশ নেতৃত্ব বলছে তা এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, সম্প্রতি নাগপুরে কংগ্রেসের একটি গোপন বৈঠক হয়েছে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে। সেই বৈঠকে রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা ছাড়াও অধীর চৌধুরী, গোলাম মহম্মদ নূর-সহ প্রদেশ নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেখানে বাংলায় ১০টি আসনের দাবি নিয়ে একপ্রস্থ আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

অন্যদিকে, দেশের ৫৪৩টি আসনে দলের ভিত মজবুত করতে প্রতিটি কেন্দ্রে পৃথক কো-অর্ডিনেটর সাংগঠনিক কমিটি গঠন করেছে কংগ্রেস। আগামী ১২ জানুয়ারি বাংলার ৪২টি আসনে নবনিযুক্ত কো-অর্ডিনেটারদের দিল্লিতে বৈঠকে ডেকেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। মূলত, বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের কোথায় কংগ্রেসের কতটা প্রভাব এবং কীভাবে নির্বাচনী প্রচার শুরু করা যায়, তার রণকৌশল এই বৈঠকে স্থির হবে বলে সূত্রের খবর।

Follow Us