AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vardhman Jain: তিরুপতি মন্দিরে ২০৬ কোটির গয়না দান করে চর্চায় শিল্পপতি, কে এই বর্ধমান জৈন? কত সম্পত্তির মালিক?

Who Is Vardhman Jain: চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে স্ট্যাটিসটিক্সে স্নাতক হন জৈন। পরবর্তীতে আমেরিকার ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তরে পড়াশোনা করেন। ব্যবসার পাশাপাশি সমাজসেবামূলক কাজেও সক্রিয় বর্ধমান জৈন। শ্রী সরিতা জৈন ফাউন্ডেশন ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি তিনি। এই সংস্থার মাধ্যমে শিক্ষা, ক্ষুধার্তদের খাদ্য সরবরাহ এবং জরুরি স্বাস্থ্য পরিষেবার মতো বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করা হয়।

Vardhman Jain: তিরুপতি মন্দিরে ২০৬ কোটির গয়না দান করে চর্চায় শিল্পপতি, কে এই বর্ধমান জৈন? কত সম্পত্তির মালিক?
বর্ধমান জৈনImage Credit: Tv9 Bangla
| Updated on: Nov 27, 2026 | 10:11 AM
Share

অমরাবতী: তিরুপতি মন্দিরে (Tirumala Tirupati Temple) বিপুল সোনার গয়না দান করে খবরের শিরোনামে উঠে এসেছেন বর্ধমান জৈন (Vardhman Jain)। শ্রী ভেঙ্কটেশ্বরকে ১২১ কেজি সোনার গয়না নিবেদন করেছেন তিনি ও তাঁর স্ত্রী রাধিকা জৈন। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০৬ কোটি টাকা। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে মন্দির কর্তৃপক্ষের হাতে এই গয়না তুলে দেন জৈন দম্পতি। মোট ৪৬টি অলঙ্কার রয়েছে। তার মধ্যে রয়েছে সোনার মুকুট, হার, বাজুবন্ধ, কোমরবন্ধ-সহ একাধিক ঐতিহ্যবাহী গয়না। কিছু অলঙ্কারে আবার বসানো রয়েছে হিরেও।

কিন্তু কে এই বর্ধমান জৈন। শিল্পপতির পাশাপাশি তিনি সমাজসেবক হিসেবে পরিচিত। স্বাস্থ্যপ্রযুক্তি ও আউটসোর্সিং ক্ষেত্রেও তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক নানা কাজের সঙ্গেও যুক্ত তিনি।

কে এই বর্ধমান জৈন?

বর্ধমান জৈন আন্তর্জাতিক স্বাস্থ্যপ্রযুক্তি ও রেভিনিউ সাইকেল ম্যানেজমেন্ট সংস্থা অ্যাকসেস হেলথকেয়ারের (Access Healthcare) প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান। পাশাপাশি এশিয়া (চেন্নাই) ইঞ্জিনিয়ারিংয়ের ডিরেক্টর হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন তিনি।

চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে স্ট্যাটিসটিক্সে স্নাতক হন জৈন। পরবর্তীতে আমেরিকার ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তরে পড়াশোনা করেন।

১৯৯৭ সালে অনুরাগ জৈনের সঙ্গে যৌথভাবে ভিশন হেলথসোর্স (Vision HealthSource) প্রতিষ্ঠার মাধ্যমে তাঁর ব্যবসায়িক যাত্রা শুরু। সংস্থাটি মূলত মেডিক্যাল বিলিং এবং স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিমার দাবি ব্যবস্থাপনার কাজ করত। ২০০৩ সালে সংস্থাটি অধিগ্রহণ করে পেরোট সিস্টেমস।

এরপর ২০০৯ সালে ডেল (Dell) পেরোট সিস্টেমস অধিগ্রহণ করলে ডেল সার্ভিসেসের গ্লোবাল বিজনেস প্রসেস আউটসোর্সিং বিভাগের ম্যানেজিং ডিরেক্টর হন বর্ধমান জৈন। সেই সময় ১০০টিরও বেশি সংস্থার পরিষেবার দায়িত্ব সামলানোর পাশাপাশি প্রায় ৯ হাজার কর্মীর কাজ পরিচালনা করতেন তিনি।

পরবর্তীতে নিজের উদ্যোগে প্রতিষ্ঠা করেন অ্যাকসেস হেলথকেয়ার। ধীরে ধীরে আন্তর্জাতিক স্তরে স্বাস্থ্যপ্রযুক্তি ও আউটসোর্সিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা হয়ে ওঠে এটি। স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন কাজ আরও সহজ ও দ্রুত করতে অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং মেশিন লার্নিং প্রযুক্তির ব্যবহারেও জোর দেয় সংস্থাটি।

২০২৫ সালের জানুয়ারিতে আমেরিকার বেসরকারি বিনিয়োগকারী সংস্থা নিউ মাউন্টেন ক্যাপিটাল (New Mountain Capital) অ্যাকসেস হেলথকেয়ারে কৌশলগত বিনিয়োগের কথা ঘোষণা করে। সেই চুক্তিতে সংস্থার সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব নেওয়ার কথা জানানো হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গোটা লেনদেনের মূল্য ছিল প্রায় ১.৫ থেকে ২ বিলিয়ন মার্কিন ডলার।

ব্যবসার পাশাপাশি সমাজসেবামূলক কাজেও সক্রিয় বর্ধমান জৈন। শ্রী সরিতা জৈন ফাউন্ডেশন ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি তিনি। এই সংস্থার মাধ্যমে শিক্ষা, ক্ষুধার্তদের খাদ্য সরবরাহ এবং জরুরি স্বাস্থ্য পরিষেবার মতো বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করা হয়।

এছাড়াও আর্থিকভাবে পিছিয়ে পড়া যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ করে দিতে ‘আভিষ্কার’ (Aavishkaar) নামে একটি উদ্যোগ শুরু করেন তিনি। চেন্নাইয়ের কাঞ্চি কামাকোটি চাইল্ডস ট্রাস্ট হাসপাতালের সঙ্গেও যুক্ত রয়েছেন জৈন। শিশুদের চিকিৎসা পরিষেবার উন্নতিতেও তাঁর অবদান রয়েছে।

তিরুপতি মন্দিরের সঙ্গেও তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। এবারের ২০৬ কোটি টাকার সোনার গয়না দানের আগেও মন্দিরের বিভিন্ন কাজে আর্থিক সাহায্য করেছেন তিনি। শ্রী ভেঙ্কটেশ্বর ভক্তি চ্যানেলের জন্য ৭ কোটি টাকা, তিরুমালা তিরুপতি দেবস্থানমসের গোশালায় পশুখাদ্য মেশানোর প্ল্যান্ট তৈরির জন্য ৫ কোটি টাকা এবং কয়েন বাছাইয়ের যন্ত্র কেনার জন্য ১ কোটি টাকা দান করেছিলেন বলে জানা গিয়েছে। এছাড়াও মন্দির চত্বরে যাতায়াতের সুবিধার জন্য বৈদ্যুতিক বাসও দান করেছেন তিনি।

Follow Us