AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

High Court: স্বামীর বাড়ি ছেড়ে স্ত্রী আলাদা থাকলেই কি তা বিবাহবিচ্ছেদের কারণ হতে পারে? বড় পর্যবেক্ষণ আদালতের

Madhya Pradesh High Court divorce ruling: ঘটনাটি ২০০৯ সালের ৭ ডিসেম্বরের। ওই দিন বিয়ে হয়েছিল দম্পতির। তাঁদের দুই সন্তানও ছিল। কিন্তু ২০২১ সালের ৩১ মে অসুস্থতার কারণে তাঁদের ছেলের মৃত্যু হয়। স্বামীর দাবি, ছেলের মৃত্যুর কয়েক দিন পর, ২০২১ সালের ৬ জুন মেয়েকে সঙ্গে নিয়ে নিজের বাপের বাড়ি কোহকা গ্রামে চলে যান স্ত্রী। এরপর বারবার বলা সত্ত্বেও তিনি আর স্বামীর বাড়িতে ফিরে আসতে চাননি।

High Court: স্বামীর বাড়ি ছেড়ে স্ত্রী আলাদা থাকলেই কি তা বিবাহবিচ্ছেদের কারণ হতে পারে? বড় পর্যবেক্ষণ আদালতের
প্রতীকী চিত্র।Image Credit: Pexels
| Updated on: Nov 27, 2026 | 2:34 AM
Share

ভোপাল: স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে গিয়েছিলেন স্ত্রী। এরপর আর স্বামীর কাছে ফিরে আসেননি বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করেই বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন স্বামী। তাঁর অভিযোগ ছিল, স্ত্রী তাঁকে পরিত্যাগ করেছেন এবং মানসিক নির্যাতন করেছেন। কিন্তু শুধুমাত্র স্বামীর বাড়ি ছেড়ে আলাদা থাকলেই কি বিবাহবিচ্ছেদের আইনি ভিত্তি তৈরি হয়? এই প্রশ্নেই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল মধ্যপ্রদেশ হাইকোর্ট। আদালতের স্পষ্ট বক্তব্য, স্ত্রী আলাদা থাকছেন, এই তথ্যই বিবাহবিচ্ছেদের জন্য যথেষ্ট নয়। তার পিছনে উপযুক্ত কারণ এবং আইনি শর্তগুলি খতিয়ে দেখা জরুরি।

ঘটনাটি ২০০৯ সালের ৭ ডিসেম্বরের। ওই দিন বিয়ে হয়েছিল দম্পতির। তাঁদের দুই সন্তানও ছিল। কিন্তু ২০২১ সালের ৩১ মে অসুস্থতার কারণে তাঁদের ছেলের মৃত্যু হয়। স্বামীর দাবি, ছেলের মৃত্যুর কয়েক দিন পর, ২০২১ সালের ৬ জুন মেয়েকে সঙ্গে নিয়ে নিজের বাপের বাড়ি কোহকা গ্রামে চলে যান স্ত্রী। এরপর বারবার বলা সত্ত্বেও তিনি আর স্বামীর বাড়িতে ফিরে আসতে চাননি।

স্বামীর আরও দাবি, ২০২২ সালের ৭ জানুয়ারি স্ত্রীকে চিঠি লিখেছিলেন তিনি। এরপর ২ ফেব্রুয়ারি পারিবারিক পরামর্শ কেন্দ্রে যোগাযোগ করেন এবং ৭ এপ্রিল পুলিশ সুপারের কাছেও অভিযোগ জানান। তাঁর অভিযোগ, ২০২২ সালের ৫ এপ্রিল স্ত্রী বাড়িতে এসে নিজের জিনিসপত্র ও গয়না নিয়ে চলে যান। যদিও এই সংক্রান্ত নথিপত্র পারিবারিক আদালতে জমা দিতে পারেননি স্বামী।

এর আগে ২০২৩ সালের ১ জুলাই হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় স্বামীর আবেদনের ভিত্তিতে একতরফা নির্দেশ দিয়েছিল পারিবারিক আদালত। সেখানে স্ত্রীকে স্বামীর সঙ্গে দাম্পত্য জীবন পুনরায় শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন স্বামী। নিষ্ঠুর আচরণ, পরিত্যাগ এবং বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন তিনি। কিন্তু ২০২৪ সালের ২৬ জুলাই তাঁর আবেদন খারিজ করে দেয় পারিবারিক আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হন স্বামী।

মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি আনন্দ পাঠক এবং বিচারপতি রামকুমার চৌবের ডিভিশন বেঞ্চ ২০২৬ সালের ২৯ অক্টোবর এই মামলার রায় দেয়। আদালত জানায়, স্বামীর অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ নেই। শুধু স্ত্রী আলাদা থাকছেন, এই যুক্তিতে তাঁকে দাম্পত্য সম্পর্ক পরিত্যাগের জন্য দায়ী করা যায় না।

স্বামীর অভিযোগে কী বলল আদালত?

আদালতের পর্যবেক্ষণ, স্বামীর নিজের বক্তব্য অনুযায়ী, ছেলের মৃত্যুর পর গভীর শোকের মধ্যে স্ত্রী বাপের বাড়িতে চলে গিয়েছিলেন। কিন্তু স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য তিনি কী কী উদ্যোগ নিয়েছিলেন, তার সপক্ষে প্রয়োজনীয় নথি আদালতে পেশ করতে পারেননি। শুধু আলাদা থাকার ঘটনা দিয়ে প্রমাণ হয় না যে স্ত্রী কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়াই স্বামীকে ছেড়ে চলে গিয়েছেন এবং স্থায়ীভাবে দাম্পত্য সম্পর্ক শেষ করতে চেয়েছেন।

বিবাহবিচ্ছেদের আবেদনে নিষ্ঠুর আচরণের অভিযোগও করেছিলেন স্বামী। কিন্তু সেই অভিযোগের সমর্থনে নির্দিষ্ট কোনও ঘটনা বা প্রমাণ তুলে ধরতে পারেননি তিনি। আদালত জানায়, দাম্পত্য জীবনে ছোটখাটো মনোমালিন্য, মতবিরোধ কিংবা দৈনন্দিন ঝগড়া-বিবাদকে নিষ্ঠুর আচরণ বলে গণ্য করা যায় না। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের গুরবক্স সিং বনাম হরমিন্দর কৌর মামলার পর্যবেক্ষণের কথাও উল্লেখ করে হাইকোর্ট। আদালতের মতে, বিবাহবিচ্ছেদের মতো সিদ্ধান্তের জন্য নিষ্ঠুর আচরণের অভিযোগ যথেষ্ট নির্দিষ্ট ও প্রমাণিত হওয়া প্রয়োজন।

একসঙ্গে দু’টি নৌকায় পা দিয়ে চলার চেষ্টা!

মামলায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে হাইকোর্ট। ২০২৩ সালের ১ জুলাই স্ত্রীকে স্বামীর সঙ্গে দাম্পত্য জীবন পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছিল পারিবারিক আদালত। কিন্তু সেই নির্দেশের পর মাত্র দু’মাসের মধ্যেই বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন স্বামী। আদালতের পর্যবেক্ষণ, একদিকে স্ত্রীকে ফিরে আসার নির্দেশ চাওয়া, অন্যদিকে সেই নির্দেশের পরপরই বিবাহবিচ্ছেদ চাওয়া—এই দু’টি অবস্থান পরস্পরবিরোধী। আদালতের ভাষায়, স্বামী যেন একই সঙ্গে দু’টি নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছিলেন।

হিন্দু বিবাহ আইনের ১৩(১এ)(ii) ধারা অনুযায়ী, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের নির্দেশ দেওয়ার পর এক বছর বা তার বেশি সময় ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ফের সহবাস শুরু না হলে বিবাহবিচ্ছেদের আবেদন করা যেতে পারে। কিন্তু এই মামলায় সেই নির্দিষ্ট সময়সীমা পূর্ণ হওয়ার আগেই বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন স্বামী। ফলে ওই যুক্তিতেও তাঁর আবেদন গ্রহণযোগ্য হয়নি।

স্ত্রীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও তুলেছিলেন স্বামী। কিন্তু আদালত জানায়, এই অভিযোগের পক্ষে কোনও নির্দিষ্ট বক্তব্য বা প্রমাণ নেই। এমনকী, বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগের সমর্থনে সামান্যতম প্রমাণও পেশ করা হয়নি।

স্ত্রী আদালতে হাজির না হলেও স্বামীর অভিযোগ প্রমাণিত নয়

মামলায় স্ত্রী পারিবারিক আদালত কিংবা হাইকোর্ট—কোথাও উপস্থিত হননি। তাই স্বামীর দাবি ছিল, তাঁর অভিযোগগুলি স্ত্রী অস্বীকার না করায় সেগুলিকে সত্য বলে ধরে নেওয়া উচিত। তবে এই যুক্তিও খারিজ করে দেয় হাইকোর্ট। আদালতের বক্তব্য, অন্য পক্ষ মামলা লড়তে হাজির না হলেও অভিযোগকারীকে নিজের দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ দিতে হবে। কোনও পক্ষের অনুপস্থিতি মানেই অপর পক্ষের সমস্ত অভিযোগ প্রমাণিত হয়ে যাওয়া নয়।

সব দিক খতিয়ে দেখে স্বামীর আবেদন খারিজ করে দেয় মধ্যপ্রদেশ হাইকোর্ট। পারিবারিক আদালতের বিবাহবিচ্ছেদের আবেদন খারিজের নির্দেশও বহাল রাখা হয়। তবে স্ত্রীকে দাম্পত্য জীবন পুনরায় শুরু করার নির্দেশ না মানার কারণে ভবিষ্যতে বিবাহবিচ্ছেদ চাওয়ার আইনি পথ পুরোপুরি বন্ধ করেনি আদালত। হাইকোর্ট জানায়, আইনের নির্ধারিত শর্ত পূরণ হলে হিন্দু বিবাহ আইনের ১৩(১এ)(ii) ধারা অনুযায়ী স্বামী নতুন করে আইনি প্রতিকার চাইতে পারেন।

Follow Us