AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Agnimitra Paul: টালার পাইপ বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত! মন্ত্রী অগ্নিমিত্রা পালের তরফে এল কড়া নির্দেশ

Agnimitra on Tala Pipeline Disaster: টালা পাইপলাইন বিপর্যয়ের পর কলকাতার বিভিন্ন এলাকায় জল সরবরাহের চাপ কমে যাওয়ার বিষয়টিও বৈঠকে উঠে আসে। শহরের কোথায় কতটা জল সরবরাহ স্বাভাবিক রয়েছে, কোথায় এখনও সমস্যা রয়েছে, তার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন মন্ত্রী। কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Agnimitra Paul: টালার পাইপ বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত! মন্ত্রী অগ্নিমিত্রা পালের তরফে এল কড়া নির্দেশ
অগ্নিমিত্রা পাল।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Nov 26, 2026 | 11:11 PM
Share

কলকাতা:  টালা পাইপলাইন বিপর্যয়ের জেরে একদিকে যেমন ব্যাহত হয়েছিল কলকাতার বিস্তীর্ণ এলাকার জল সরবরাহ, তেমনই বিপর্যস্ত হয়েছিল রেল পরিষেবা। অন্যদিকে, শিয়ালদহ দক্ষিণ শাখার পামার ব্রিজ সংলগ্ন এলাকায় নিকাশি নালার পাশে মাটি বসে যাওয়ার ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। পরপর এই ধরনের পরিকাঠামোগত সমস্যার পুনরাবৃত্তি যাতে না হয়, এবার তা রুখতে যৌথভাবে পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার, কলকাতা পুরসভা ও পূর্ব রেল। বৃহস্পতিবার রেল পরিষেবা ও পরিকাঠামোগত সমস্যা নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজ্য সরকার ও কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন পূর্ব রেলের শীর্ষ কর্তারা। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের নগরোন্নয়ন ও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল, শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা, কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে এবং পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি-সহ রেল ও রাজ্য প্রশাসনের একাধিক আধিকারিক।

বৈঠকে মূলত গুরুত্ব পায় টালার পাইপলাইন বিপর্যয়। ওই ঘটনায় রেললাইনে জল জমে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছিল। পাশাপাশি জলমগ্ন হয়ে পড়েছিল বিস্তীর্ণ এলাকা। এর জেরে একদিকে যেমন সাধারণ মানুষের জল সরবরাহ ও নাগরিক পরিষেবা ব্যাহত হয়, অন্যদিকে সমস্যায় পড়েন রেলযাত্রীরাও। ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় এড়াতে রেললাইন সংলগ্ন এলাকার সমস্ত ভূগর্ভস্থ ও মাটির উপরে থাকা পাইপলাইন যৌথভাবে পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেল, রাজ্য সরকার ও কলকাতা পুরসভা সমন্বয় রেখে এই কাজ করবে। কোথায় কী ধরনের পাইপলাইন রয়েছে, সেগুলির বর্তমান অবস্থা কেমন এবং কোনও জায়গায় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। এ ক্ষেত্রে কোনও ঝুঁকিপূর্ণ পরিকাঠামো নজরে এলে আগাম ব্যবস্থা নেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে। শুধু সাময়িক মেরামতি নয়, স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল। দ্রুত যৌথ পরিদর্শনের কাজ শেষ করার জন্যও সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে, টালা পাইপলাইন বিপর্যয়ের পর কলকাতার বিভিন্ন এলাকায় জল সরবরাহের চাপ কমে যাওয়ার বিষয়টিও বৈঠকে উঠে আসে। শহরের কোথায় কতটা জল সরবরাহ স্বাভাবিক রয়েছে, কোথায় এখনও সমস্যা রয়েছে, তার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন মন্ত্রী। কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের যাতে নতুন করে জলসংকটের মুখে পড়তে না হয়, তা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, বৈঠকে আলোচনায় উঠে আসে শিয়ালদহ দক্ষিণ শাখার পামার ব্রিজ সংলগ্ন এলাকার নিকাশি সমস্যাও। সম্প্রতি ওই এলাকায় নিকাশি পাইপলাইনের পাশে মাটি বসে যাওয়ায় রেল পরিষেবা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। রেলের তরফে আপাতত সমস্যার সাময়িক সমাধান করা হলেও ভবিষ্যতে ফের মাটি বসে যাওয়া বা ধসের ঘটনা ঘটলে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে বৈঠকে জানানো হয়।

এরপরই ওই সমস্যার স্থায়ী সমাধানের জন্য যৌথ উদ্যোগে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী অগ্নিমিত্রা পল এবং শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে আলোচনা করেন। পামার ব্রিজ সংলগ্ন এলাকার নিকাশি ব্যবস্থার উন্নতির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বিশেষ করে বর্ষার সময় যাতে জল জমে রেলযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ না বাড়ে, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

কলকাতা পুরসভা তাদের আধুনিক পরিকাঠামো ব্যবহার করে ওই এলাকার নিকাশি পাইপলাইন ও সংশ্লিষ্ট পরিকাঠামো খতিয়ে দেখবে। পরিদর্শনের পর একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ স্থির করবে রাজ্য সরকার ও রেল কর্তৃপক্ষ।

Follow Us